প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৭:৪২ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬ ১৭:৪৩ পিএম
২০২৬ সালের সাহিত্যে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন। ছবি: সংগৃহীত
২০২৬ সালের সাহিত্যে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার পেয়েছেন কানাডিয়ান কবি ও প্রাবন্ধিক অ্যান কারসন।
বৃহস্পতিবার সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি সাহিত্য শাখায় এ বছরের বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।
একাডেমি জানায়, ‘চিরায়ত সাহিত্য ঐতিহ্যের সঙ্গে এক স্বতঃস্ফূর্ত ও সৃজনশীল সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যে নতুন আঙ্গিক সৃষ্টির স্বীকৃতি হিসেবে তর সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের জন্য’ তাকে এ পুরস্কারে ভূষিত করা হলো।
পুরস্কারের অর্থমূল্য হিসেবে তিনি পাবেন ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার) এবং একটি নোবেল পদক।
কবি ও প্রাবন্ধিক অ্যান কারসনের সাহিত্যকর্ম মূলত প্রচলিত রীতির সীমানা ভেঙে কবিতা, গদ্য, নাট্যসংলাপ ও অনুবাদের এক অপূর্ব মেলবন্ধন তৈরি করে। গ্রিক চিরায়ত সাহিত্যের বিশিষ্ট এই অনুবাদকের নিজের মৌলিক রচনাগুলোতেও প্রাচীন গ্রিক সাহিত্যের গভীর প্রভাব সুস্পষ্ট।
অপেরা লিব্রেটো (গীতিনাট্যের পাণ্ডুলিপি) ও সাহিত্য সমালোচনার পাশাপাশি তার ১৯৯৮ সালে প্রকাশিত সাড়াজাগানো কাব্যোপন্যাস ‘অটোবায়োগ্রাফি অব রেড’-এর জন্য তিনি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিত। তার সাহিত্যশৈলীর আরেকটি অনন্য নিদর্শন মেলে ২০১৯ সালের পারফরম্যান্সধর্মী কাজ ‘নরমা জিন বেকার অব ট্রয়’-এ। এতে তিনি প্রাচীন গ্রিক নাট্যকার ইউরিপিদিসের ‘হেলেন’ নাটকের চরিত্র হেলেন অব ট্রয় এবং হলিউড তারকা মেরিলিন মনরোর জীবনকাহিনিকে এক সূত্রে বেঁধেছিলেন।
নোবেলজয়ী হিসেবে অ্যান কারসন এখন জায়গা করে নিলেন আর্নেস্ট হেমিংওয়ে, আলেক্সান্দর সোলঝেনিৎসিন কিংবা তার স্বদেশি অ্যালিস মুনরোর মতো বিশ্বখ্যাত সাহিত্যিকদের সারিতে।
সাহিত্যে নোবেল প্রদান নিয়ে বিশ্বজুড়ে সাহিত্যপ্রেমীদের মধ্যে প্রায়ই মতভেদ দেখা যায়। গত ১২০ বছরে লিও তলস্তয়, ভার্জিনিয়া উলফ কিংবা হোর্হে লুইস বোর্হেসের মতো সাহিত্য মহারথীদের এড়িয়ে যাওয়ার অভিযোগ রয়েছে সুইডিশ একাডেমির বিরুদ্ধে। এ ছাড়া মার্কিন লেখকদের দীর্ঘ সময় উপেক্ষা করা—যদিও ২০১৬ সালে সংগীতশিল্পী বব ডিলানকে পুরস্কার দেওয়া হয়েছিল—কিংবা আপাত-অপরিচিত লেখকদের বেছে নেওয়ার জন্যও একাডেমিকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।
তবে একাডেমির সমর্থকদের যুক্তি, ১৯৮২ সালে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কিংবা ২০০৭ সালে ডরিস লেসিংয়ের মতো জনপ্রিয় সাহিত্যিকদেরও স্বীকৃতি দেওয়া হয়েছে। একাডেমি মনে করে, তাদের কাজ কেবল জনপ্রিয় সাহিত্যিক খোঁজা নয়, বরং বিশ্বসাহিত্যের অপরিচিত অথচ সমৃদ্ধ ধারাগুলোকে তুলে ধরা এবং পাঠকদের সাহিত্যিক দিগন্তকে প্রসারিত করা।
সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র (উইল) অনুযায়ী ১৯০১ সাল থেকে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই, যাকে বিখ্যাত আমেরিকান সমালোচক সুসান সনট্যাগ ‘মহাপ্রলয়ের রূপকার’ আখ্যা দিয়েছিলেন।