বিবিসি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৬:৪৭ পিএম
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে কথিত ‘অবৈধ অনুপ্রবেশকারী’ সন্দেহে বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। ছবি: এএনআই/বিবিসি
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে রোহিঙ্গা শরণার্থীদের পর এবার কথিত ‘অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের’ চিহ্নিত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। প্রথম ধাপে প্রায় ৩০০ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিবিসি নিউজ উর্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি জম্মু ও কাশ্মীর প্রশাসনকে জানিয়েছিল যে, প্রায় ৬০০ বাংলাদেশি নাগরিক বেশ কয়েক বছর ধরে উপত্যকাটি এবং জম্মু অঞ্চলে অবৈধভাবে বসবাস করছেন। সেই তথ্যের ভিত্তিতেই সাম্প্রতিক সময়ে এই ধরপাকড় ও শনাক্তকরণ অভিযান জোরদার করা হয়।
প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, গত সোম ও মঙ্গলবার দুই দফায় প্রায় ৩০০ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকেই তাদের আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
ভারতীয় কর্মকর্তাদের দাবি, গত কয়েক দশক ধরে বহু বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিম কোনো ধরনের বৈধ কাগজপত্র বা ভিসা ছাড়াই সীমান্ত অতিক্রম করে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় বসবাস করছেন। সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটিতে কথিত ‘অবৈধ অভিবাসীদের’ বিরুদ্ধে নজরদারি ও অভিযান কঠোর করেছে ভারত সরকার।
এর আগে ২০১৭ সাল থেকে একই ধরনের নীতিমালার আওতায় সেখানে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদেরও আটক ও ফেরত পাঠানো শুরু হয়। ভারত সরকার রোহিঙ্গাদের আইনি শরণার্থীর মর্যাদা দেয় না, কারণ দেশটি জাতিসংঘের ১৯৫১ সালের শরণার্থী সনদে স্বাক্ষর করেনি। বাংলাদেশিদের ক্ষেত্রেও একই ধরনের কঠোর অবস্থান নেওয়া হচ্ছে।
ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং তাদের সমর্থকদের যুক্তি, এই অভিবাসীদের কারণে স্থানীয় সম্পদ ও অর্থনীতিতে চাপ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে জম্মু অঞ্চলে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ ব্যাহত হচ্ছে বলে তাদের দাবি। এ ছাড়া প্রশাসনের একাংশের আশঙ্কা, বৈধ পরিচয়পত্রহীন এসব ব্যক্তিকে চরমপন্থি বা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতে পারে, যা সার্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি।
তবে প্রশাসনের এমন পদক্ষেপের সঙ্গে একমত নন মানবাধিকারকর্মীরা। সাংবাদিক ও বিশ্লেষক হারুন রেশির মতে, আন্তর্জাতিক আইনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো ‘নন-রিফাউলমেন্ট’ নীতি। এই নীতি অনুযায়ী, কোনো ব্যক্তিকে এমন কোনো দেশে জোরপূর্বক ফেরত পাঠানো যায় না, যেখানে তার জীবন, নিরাপত্তা বা স্বাধীনতা হুমকির মুখে পড়ার ঝুঁকি থাকে।
তিনি আরও উল্লেখ করেন, কাশ্মীরে বসবাসরত বাংলাদেশি ও রোহিঙ্গারা চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন। তারা স্বাস্থ্য, শিক্ষা ও সুপেয় পানির মতো মৌলিক সুবিধাগুলো থেকেও বঞ্চিত। ভারত আন্তর্জাতিক শরণার্থী সনদে স্বাক্ষরকারী দেশ না হলেও, দেশটির সুপ্রিম কোর্ট একাধিক রায়ে স্পষ্ট করেছেন যে, ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভূখণ্ডে অবস্থানরত যেকোনো ব্যক্তির (বিদেশি নাগরিকসহ) জীবন ও ব্যক্তিস্বাধীনতার মৌলিক মানবাধিকার সুরক্ষিত থাকতে হবে।