× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বিক্ষোভ, যোগ দেবেন মমতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১০:৩৭ এএম

ভারতের প্রধান নির্বাচন কমিশনার গনেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে বিক্ষোভ চলাকালে পুলিশের হাতে আটক হওয়ার সময় বাধা দিচ্ছেন বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স

ভারতের প্রধান নির্বাচন কমিশনার গনেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে বিক্ষোভ চলাকালে পুলিশের হাতে আটক হওয়ার সময় বাধা দিচ্ছেন বিক্ষোভকারীরা। ছবি: রয়টার্স

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লিতে বড় ধরনের বিক্ষোভে নামছে বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স)। কর্মসূচিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার একই দাবিতে বিক্ষোভ করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী দলের বেশ কয়েকজন নেতা ও সংসদ সদস্যকে আটক করে দিল্লি পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এক দিনের ব্যবধানে আজ আরও বড় পরিসরে বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধীরা।

বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দেওয়া মধ্যাহ্নভোজের বৈঠকের পর বিরোধী দলগুলো যৌথভাবে বিক্ষোভে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সংসদ সদস্যদের নিয়ে যাওয়ার জন্য তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসেরও ব্যবস্থা করা হয়।

তবে যন্তর মন্তরের দিকে যাওয়ার পথে দিল্লির অশোক রোডে শাংরি-লা হোটেলের কাছে বাসগুলো আটকে দেয় পুলিশ। স্থানটি যন্তর মন্তর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। সেখানে আটকে পড়ে বিরোধী নেতারা অবস্থান কর্মসূচি শুরু করেন এবং সিইসির পদত্যাগের দাবিতে স্লোগান দেন। পরে কয়েকজন নেতাকে আটক করা হয়।

বুধবারের ওই কর্মসূচিতে বাধা দেওয়ার পরই বৃহস্পতিবার আরও বড় আন্দোলনের ঘোষণা দেয় ইন্ডিয়া জোট। বিরোধী নেতারা জানিয়েছেন, আজকের কর্মসূচিতে আগের দিনের তুলনায় আরও বেশি সংখ্যক সংসদ সদস্য অংশ নেবেন।

ভোটার তালিকা সংশোধন নিয়ে ক্ষোভ

বিরোধীদের আন্দোলনের অন্যতম প্রধান কারণ নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন কার্যক্রম বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর)। বিরোধী দলগুলোর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে এমন একটি প্রক্রিয়া চালানো হচ্ছে, যাতে যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

বিশেষ করে বিহারের ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে বিরোধীরা। তাদের অভিযোগ, নির্বাচন কমিশন তাদের উদ্বেগ যথাযথভাবে আমলে নিচ্ছে না এবং পুরো প্রক্রিয়ায় প্রয়োজনীয় স্বচ্ছতা নেই।

বিরোধীদের আরও অভিযোগ, ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক মানুষের নাম বাদ দেওয়া হয়েছে এবং এই প্রক্রিয়ায় বিরোধী দলসমর্থক ভোটাররা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তারা এসআইআর কার্যক্রম বন্ধ, বাদ পড়া যোগ্য ভোটারদের নাম পুনর্বহাল এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন।

তবে নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিরোধীদের এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ভোটার তালিকা থেকে দ্বৈত, মৃত ও অযোগ্য ভোটারের নাম বাদ দেওয়া এবং যোগ্য ভোটারদের তালিকায় রাখা নিশ্চিত করতেই এই সংশোধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলেও দাবি কমিশনের।

বেঙ্গালুরুতেও বিক্ষোভ

এদিকে একই ইস্যুতে আজ বেঙ্গালুরুর ফ্রিডম পার্কেও বিক্ষোভ কর্মসূচি রয়েছে। সেখানে অংশ নেওয়ার কথা রয়েছে ইউটিউবার ও রাজনৈতিক ভাষ্যকার ধ্রুব রাঠির। অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজসহ বিভিন্ন যুব ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরাও কর্মসূচিতে থাকবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল সাড়ে ১০টায় শুরু হবে এই বিক্ষোভ। কর্মসূচির অংশ হিসেবে ‘পিপলস ট্রাইব্যুনাল’ আয়োজন করা হবে, যেখানে ভোটার তালিকা সংশোধনের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন।

বেঙ্গালুরুর কর্মসূচিতে এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও তোলা হবে।

দিল্লি ও বেঙ্গালুরুতে একই দিনে বিরোধী দল ও নাগরিক সংগঠনগুলোর এসব কর্মসূচিকে কেন্দ্র করে ভারতের ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা