বিবিসি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৮:৫৯ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬ ০৮:৪২ এএম
ছবি: সংগৃহীত
অনলাইনে বয়স যাচাইসংক্রান্ত কঠোর আইনের মুখে বন্ধ হয়ে যাওয়ার আট মাস পর অস্ট্রেলিয়ায় আবারও কার্যক্রম শুরু করেছে প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট পর্নহাব। তবে ওয়েবসাইটটিতে প্রবেশের জন্য জুড়ে দেওয়া হয়েছে একটি শর্ত।
আপাতত শুধু অ্যাপল ডিভাইসের মাধ্যমে বয়স নিশ্চিত করা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাই সাইটটিতে ঢুকতে পারবেন।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পর্নহাবের মূল প্রতিষ্ঠান ‘আয়লো’ বুধবার থেকে এ সুবিধা চালু করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অস্ট্রেলিয়ার যেসব প্রাপ্তবয়স্ক ব্যবহারকারী অ্যাপলের স্থানীয় বয়স যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে ১৮ বা তার বেশি বয়স প্রমাণ করেছেন, তাদের জন্যই সেবাটি পুনরায় চালু করা হলো।
এর আগে গত মার্চে অস্ট্রেলিয়া সরকার একটি কঠোর আইন জারি করে। এতে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি যেকোনো সাইট, আর-রেটেড ভিডিও গেম এবং যৌন উদ্দীপক কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবটে প্রবেশের ক্ষেত্রে ১৮ বছরের বেশি বয়স প্রমাণের বাধ্যবাধকতা রাখা হয়। শিশুদের ক্ষতিকর কনটেন্ট থেকে দূরে রাখতেই এই আইন করা হয়েছিল। আইন অমান্যকারী প্ল্যাটফর্মের জন্য রাখা হয়েছিল বড় অঙ্কের জরিমানার বিধানও।
তবে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার (প্রাইভেসি) যুক্তি তুলে ধরে সে সময় অস্ট্রেলিয়ায় নিজেদের কার্যক্রম বন্ধ করে দেয় পর্নহাব। তাদের বক্তব্য ছিল, ওয়েবসাইটে সরাসরি পরিচয়পত্র জমা নেওয়ার এই নিয়ম শিশুদের সুরক্ষার চেয়ে তথ্য ফাঁসের ঝুঁকি বাড়িয়ে দেবে।
সম্প্রতি যুক্তরাজ্যে সফল প্রয়োগের পর অস্ট্রেলিয়াতেও ডিভাইসভিত্তিক নিজস্ব বয়স যাচাইকরণ প্রযুক্তি চালু করে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। এর আওতায় ব্যবহারকারীরা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে নিজ ডিভাইসেই প্রাপ্তবয়স্ক হিসেবে বয়স প্রমাণ করতে পারছেন।
পর্নহাবের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান আয়লো জানায়, অ্যাপলের এই নতুন প্রযুক্তি একটি নির্ভরযোগ্য ‘মানদণ্ড’ তৈরি করেছে। এর ফলে প্রতিটি আইফোন বা আইপ্যাড শুরু থেকেই শিশুদের ব্যবহারের জন্য নিরাপদ থাকে, যতক্ষণ না ডিভাইসের মূল মালিক প্রমাণ করছেন যে তিনি প্রাপ্তবয়স্ক।
আয়লোর ব্র্যান্ড অ্যান্ড কমিউনিটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যালেক্স কেকেসি বলেন, “অনলাইনে শিশুদের অনাকাঙ্ক্ষিত কনটেন্টে প্রবেশ ঠেকাতে ডিভাইসভিত্তিক বয়স যাচাইকরণই যে সবচেয়ে কার্যকর ও গোপনীয়তা রক্ষার উপায়—আমরা দীর্ঘদিন ধরে তা বলে আসছি।”
তিনি আরও জানান, ডিভাইসভিত্তিক বয়স যাচাইয়ের সুবিধা থাকায় ব্যবহারকারীদের আলাদাভাবে বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে নিজেদের ব্যক্তিগত ও স্পর্শকাতর তথ্য জমা দিতে হবে না। একই সঙ্গে এই পদ্ধতির ফলে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করে বয়স লুকিয়ে সাইটে প্রবেশের সুযোগও অনেকাংশে কমে আসবে।