× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌরজগতের বাইরের গ্রহ থেকে প্রথমবারের মতো বেতার সংকেত শনাক্ত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৮:২৫ পিএম

শিল্পীর কল্পনায় ‘বিটা পিকটোরিস বি’ নামের বহির্গ্রহটি (ডানে) তার মাতৃ-নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। সম্প্রতি এই গ্রহ থেকেই প্রথমবারের মতো সরাসরি বেতার সংকেত শনাক্ত করা হয়েছে। ছবি: নাসা/ইএসএ/সিএসএ/সিএনএন

শিল্পীর কল্পনায় ‘বিটা পিকটোরিস বি’ নামের বহির্গ্রহটি (ডানে) তার মাতৃ-নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। সম্প্রতি এই গ্রহ থেকেই প্রথমবারের মতো সরাসরি বেতার সংকেত শনাক্ত করা হয়েছে। ছবি: নাসা/ইএসএ/সিএসএ/সিএনএন

আমাদের সৌরজগতের বাইরে থাকা একটি দূরবর্তী গ্রহ (এক্সোপ্ল্যানেট) থেকে প্রথমবারের মতো সরাসরি বেতার সংকেত (রেডিও সিগন্যাল) শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে গবেষকেরা নিশ্চিত করেছেন, এই সংকেত কোনো বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের ইঙ্গিত নয়; বরং গ্রহটিতে একটি সুবিশাল ও শক্তিশালী চৌম্বকক্ষেত্রের উপস্থিতির প্রমাণ।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক এডো বার্গার বলেন, “মহাকাশ থেকে আসা বেতার সংকেতের কথা শুনলেই মানুষ সাধারণত ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীর সন্ধানের কথা ভাবে। কিন্তু এখানে ঘটনাটি সম্পূর্ণ আলাদা।”

গবেষণাপত্রে বলা হয়, পৃথিবী থেকে ৬৩ আলোকবর্ষ দূরে অবস্থিত ‘বিটা পিকটোরিস বি’ নামের একটি বহির্গ্রহ থেকে পুনরাবৃত্তিমূলক এই বেতার তরঙ্গ নির্গত হচ্ছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাবে দূরত্বটি বেশ কাছাকাছি। গ্যাসীয় দানবীয় এই গ্রহটি আমাদের সৌরজগতের বৃহস্পতি গ্রহের চেয়ে প্রায় ১২ গুণ ভারী। এটি একটি তরুণ নক্ষত্রকে প্রদক্ষিণ করছে, যার ভর সূর্যের চেয়ে প্রায় ১ দশমিক ৭৫ গুণ বেশি।

হার্ভার্ড অ্যান্ড স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকসের গবেষক বার্গার জানান, গ্রহটির নিজস্ব চৌম্বকক্ষেত্রের অভ্যন্তরীণ প্রক্রিয়ার ফলেই এই বেতার তরঙ্গের সৃষ্টি হচ্ছে। মূলত পৃথিবীর মেরুজ্যোতি (অরোরা) বা উত্তরের আলোর মতো মহাজাগতিক ঘটনার কারণেই এমনটি ঘটছে। সৌরঝড়ের চার্জযুক্ত কণা চৌম্বকক্ষেত্রের সঙ্গে সংঘর্ষে জড়ালে যেমন আলোর ছটা দেখা যায়, এখানেও তেমনটি ঘটছে। বার্গার বলেন, “আমরা যে কম্পাঙ্কের বেতার তরঙ্গ পর্যবেক্ষণ করেছি, তা তৈরি হতে অবিশ্বাস্য শক্তিশালী চৌম্বকক্ষেত্রের প্রয়োজন।”

অধ্যাপক বার্গার জানান, বিটা পিকটোরিস বি গ্রহের চৌম্বকক্ষেত্র বৃহস্পতি গ্রহের চেয়ে অন্তত ২০০ গুণ বেশি শক্তিশালী। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যমতে, বৃহস্পতির চৌম্বকক্ষেত্র সৌরজগতের বৃহত্তম চৌম্বকমণ্ডলী তৈরি করেছে, যা সূর্যের দিকে প্রায় ৩০ লাখ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

বৃহস্পতির মতো এই বহির্গ্রহেও তীব্র মেরুজ্যোতি তৈরি হচ্ছে। যখন তীব্র শক্তিসম্পন্ন চার্জযুক্ত কণা চৌম্বকক্ষেত্রের ভেতরে সর্পিল গতিতে ঘুরতে থাকে, তখন আলোর পাশাপাশি বেতার তরঙ্গও নির্গত হয়। জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় ‘অরোরাল রেডিও এমিশন’।

এর আগেও বহির্গ্রহ থেকে বেতার তরঙ্গের আভাস মিলেছিল, কিন্তু সেগুলোর কোনোটিই নিশ্চিত করা যায়নি। কারণ সে সময় নিশ্চিত হওয়া যায়নি তরঙ্গটি গ্রহ থেকে আসছে, নাকি তার মূল নক্ষত্র থেকে। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জোসেফ কলিংহাম বলেন, “এই গবেষণার অনন্য দিক হলো, গবেষকেরা নক্ষত্র থেকে আলাদা করে সরাসরি গ্রহটি থেকেই তরঙ্গ নির্গত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পেরেছেন।”

মহাজাগতিক হিসাবে ‘বিটা পিকটোরিস’ সৌরজগৎটি বেশ নতুন; এর বয়স মাত্র ২ কোটি ৩০ লাখ বছর। দক্ষিণ আফ্রিকায় স্থাপিত ৬৪টি রেডিও টেলিস্কোপ ডিশের সমন্বয়ে গঠিত ‘মীরক্যাট’ ব্যবহার করে এই সংকেত শনাক্ত করা হয়। হার্ভার্ডের ডক্টরাল গবেষক ও গবেষণাপত্রের প্রধান লেখক কেভিন অর্টিজ সেবালোস প্রথম এই ডেটা শনাক্ত করেন।

গবেষক বার্গার নিশ্চিত করেছেন, একাধিক কম্পাঙ্কে বারবার পরীক্ষা করে তারা নিশ্চিত হয়েছেন যে সংকেতটি কোনো যান্ত্রিক ত্রুটি নয় এবং এটি সরাসরি বিটা পিকটোরিস বি গ্রহ থেকেই আসছে। স্বাধীন বিশেষজ্ঞরা মনে করছেন, গবেষণাটি পিয়ার-রিভিউ প্রক্রিয়ায় চূড়ান্ত স্বীকৃতি পেলে তা সৌরজগতের বাইরের অচেনা জগৎ সম্পর্কে মানবজাতির বোঝাপড়াকে আরও এক ধাপ এগিয়ে দেবে।

(সিএনএন অবলম্বনে প্রতিবেদনটি তৈরি করেছেন ভূঁইয়া শফি)

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা