ক্রীড়া প্রতিবেদন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১৪:০২ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩ ১৪:৫৫ পিএম
সামরিক মহড়ায় অংশ নিচ্ছে চীনের যুদ্ধবিমান (ফাইল ফটো)।
বিগত কয়েক বছরে তাইওয়ানের ওপর চীনা নজরদারি বেড়েছে। এরই মাঝে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতি হয়েছে স্বশাসিত দ্বীপটির। যা নিয়ে মাথা ব্যথা বেইজিংয়ের।
তাইওয়ান দখলের প্রচেষ্টা রুখে দেওয়ার বার্তা দিয়ে সরাসরি বেইজিংকে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন ডিসি। তবে চীনও নিজেদের 'রাষ্ট্র সম্প্রসারণ নীতি'তে অনড়।
রয়টার্স জানিয়েছে, এই অবস্থার মধ্যে গতকাল রবিবার (৮ জানুয়ারি) সামরিক মহড়া সম্পন্ন করল চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। পিএলএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাইওয়ানের চারপাশে রবিবার যুদ্ধ মহড়া চালিয়েছে তারা।
এতে স্থলভাগে হামলা এবং সমুদ্রপথে আক্রমণের ওপর দৃষ্টি দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। এক মাসের মধ্যে এই নিয়ে তাইওয়ানের পাশে এটি দ্বিতীয় মহড়া চীনের।
পিএলএর থিয়েটার কমান্ড গতকাল রবিবার গভীর রাতে এক বিবৃতিতে বলেছে, তাদের বাহিনী তাইওয়ানের আশপাশে সমুদ্র এবং আকাশসীমায় 'যৌথ যুদ্ধ প্রস্তুতি' সম্পন্ন করেছে। ওই মহড়ায় চীনের ২৮টি যুদ্ধবিমান অংশ নেয় বলে জানা গেছে।
সংক্ষিপ্ত ওই বিবৃতিতে পিএলএ আরও জানিয়েছে, যৌথ যুদ্ধের ক্ষমতা পরীক্ষা করা এবং 'বহিরাগত শক্তি ও তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তির উস্কানিমূলক কর্মকাণ্ডকে মোকাবিলা করার লক্ষ্যে প্রস্তুত থাকাই এই মহড়ার উদ্দেশ্য।
প্রসঙ্গত, তাইওয়ানকে চীনা সরকার নিজেদের এলাকা বলেই দাবি করে এবং বিশ্বও এক চীন নীতির আলোকে এমনটাই স্মীকৃতি দেয়। যদিও বিগত কয়েক দশক ধরে তাইওয়ান নিজেদের মতো সরকার পরিচালনা করে এসেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীনের গৃহযুদ্ধ শেষে কমিউনিস্টবিরোধী চীনা রাজনীতিবিদরা পালিয়ে এসেছিলেন তাইওয়ানে। এদিকে, কমিউনিস্ট চীনের সংবিধান বলে, যেভাবেই হোক তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে।
এর আগে গত মাসেই চীনের পক্ষ থেকে একটি যুদ্ধ মহড়া সম্পন্ন করা হয়েছিল তাইওয়ান প্রণালীতে। সেই সময় ৪৩টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছিল।
প্রসঙ্গত, বিগত দুই বছরে নিয়ম করেই তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে প্রবেশ করেছে চীনের যুদ্ধবিমান। যা নিয়ে বরাবর আপত্তি জানিয়েছে তাইওয়ান সরকার।
গত বছর আগস্টে যুক্তরাষ্ট্রের তৎকালীন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে এসেছিলেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিল বেইজিং।