প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৭:২০ পিএম
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান ও ড্রোন। ছবি: এনডিটিভি
চলতি বছরের শুরুর দিকে ইরানে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৮১টি সামরিক উড়োজাহাজ ও ড্রোন হারিয়েছে অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। আর্থিক হিসাবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৩০ কোটি মার্কিন ডলার (৩ দশমিক ৩ বিলিয়ন)।
মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষয়ক্ষতির এমন আনুষ্ঠানিক পরিসংখ্যান সচরাচর প্রকাশ করা হয় না। তবে সিআরএসের এই বিরল প্রতিবেদনে দেখা যায়, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া উড়োজাহাজের তালিকায় এফ-৩৫এ লাইটনিং টু স্টিলথ ফাইটার, এফ-১৫ যুদ্ধবিমান এবং এমকিউ-৯ রিপার ড্রোনের মতো যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক সব আকাশযান রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, একেকটি এফ-১৫ যুদ্ধবিমানের দাম ৩ কোটি ডলারেরও বেশি। আর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোনের প্রতিটির আনুমানিক মূল্য ৩ কোটি থেকে ৫ কোটি ডলার। অন্যদিকে পঞ্চম প্রজন্মের সর্বাধুনিক এফ-৩৫এ স্টিলথ যুদ্ধবিমানের প্রতিটির মূল্য ৯ কোটি ২০ লাখ ডলারের বেশি।
‘অপারেশন এপিক ফিউরি: কনসিডারেশনস ফর কংগ্রেস’-এ মার্কিন উড়োজাহাজের ক্ষয়ক্ষতি শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যে অভিযান চলাকালে মার্কিন বাহিনী ১২টি এফ-১৫ই বিমান, ১টি এফ-৩৫এ লাইটনিং টু ফাইটার, ২টি এ-১০ থান্ডারবোল্ট টু গ্রাউন্ড-অ্যাটাক বিমান এবং ৭টি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার (আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান) হারিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২ মার্চ কুয়েতের আকাশে ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের বাহিনীর অসাবধানতাবশত ছোড়া গুলিতেই যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ বিমান ভূপাতিত হয়। পরের মাসে ইরানের আকাশে ভূপাতিত হয় আরেকটি। এছাড়া গত ৯ ও ১০ সেপ্টেম্বর জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের বিমান হামলায় যুক্তরাষ্ট্রের আরও অন্তত আটটি এফ-১৫ই যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়।
সিআরএসের প্রতিবেদনে আরও দেখা যায়, মার্কিন সামরিক বাহিনী হারিয়েছে একটি ই-৩ সেন্ট্রি নজরদারি বিমান (যার প্রতিটির মূল্য ২৭ কোটি ডলার), দুটি এমসি-১৩০জে কমান্ডো টু স্পেশাল অপারেশন উড়োজাহাজ, একটি এইচএইচ-৬০ডব্লিউ উদ্ধারকারী হেলিকপ্টার, একটি এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন, তিনটি এমকিউ-১ ড্রোন এবং ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোন। এ ছাড়া যুদ্ধক্ষেত্রে একটি এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, চারটি এএইচ-৬ লিটল বার্ড হালকা আক্রমণকারী হেলিকপ্টার এবং একটি এমএইচ-৬০ সি হক নৌ-হেলিকপ্টার ধ্বংস হয়েছে।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, ক্ষয়ক্ষতির এই সংখ্যা চূড়ান্ত নয়, এটি আরও বাড়তে পারে। কারণ অভিযান এখনো চলমান এবং বেশ কিছু সামরিক তথ্য এখনো গোপনীয় রাখা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত কিছু উড়োজাহাজ মেরামতের পর আবারও ব্যবহার উপযোগী হতে পারে।
এদিকে ইরানে সামরিক অভিযানে মার্কিন বাহিনীর ব্যবহৃত অস্ত্রের ব্যয় মাত্র এক মাসের ব্যবধানে ৬০০ কোটি ডলারেরও বেশি বেড়েছে। কংগ্রেসনাল বাজেট অফিসের দেওয়া আগের ২১ দশমিক ৭ বিলিয়ন ডলারের হিসাব ছাড়িয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সর্বশেষ হিসাবে এই ব্যয় দাঁড়িয়েছে ২৮ দশমিক ১ বিলিয়ন (২ হাজার ৮১০ কোটি) ডলারে।
তবে এই প্রতিবেদনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস কিংবা মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।