প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৬:৫৭ পিএম
রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই। ছবি: সংগৃহীত
অপ্রতিসম রসায়নে (অ্যাসিমেট্রিক কেমিস্ট্রি) যুগান্তকারী অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন দুই বিজ্ঞানী অঁরি বি কাগান ও কেনসো সোয়াই। অণুর ‘দর্পণ প্রতিবিম্ব’ বা মিরর ইমেজের রহস্য উন্মোচনে অনন্য গবেষণার জন্য তাদের এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
বুধবার সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস রসায়নে নোবেলজয়ী হিসেবে এই দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করে।
নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, অণুর এমন কিছু রূপ থাকে, যা একে অপরের অবিকল দর্পণ প্রতিবিম্ব হলেও পুরোপুরি এক বা অভিন্ন নয়। অঁরি কাগান ও কেনসো সোয়াইয়ের গবেষণা জীবনরক্ষাকারী ওষুধ তৈরি, সুগন্ধি ও খাদ্যদ্রব্যের স্বাদ উৎপাদন এবং নতুন উপাদান তৈরির রাসায়নিক বিক্রিয়ায় রসায়নবিদদের জন্য এক বৈপ্লবিক দিগন্ত উন্মোচন করেছে।
আন্তর্জাতিক তথ্য বিশ্লেষক সংস্থা ক্ল্যারিভেটের ‘ইনস্টিটিউট ফর সায়েন্টিফিক ইনফরমেশন’-এর গবেষণা বিশ্লেষণ বিভাগের প্রধান ডেভিড পেন্ডলবারি বলেন, অণুর এই জটিল রূপ কীভাবে তৈরি হয়, তা অনুসন্ধানে বিজ্ঞানীদের সামনে নতুন পথ দেখিয়েছে তাদের গবেষণা।
পেন্ডলবারি আরও উল্লেখ করেন, “রসায়নে এ বছরের নোবেল এমন এক আবিষ্কারকে স্বীকৃতি দিল, যার প্রভাব কয়েক দশক ধরে অনুভূত হয়ে আসছে। এই অর্জন প্রমাণ করে, বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কারগুলো মূলত নিরবচ্ছিন্ন কৌতূহলোদ্দীপক গবেষণার ফসল। আর মৌলিক বৈজ্ঞানিক আবিষ্কারের আসল তাৎপর্য পুরোপুরি অনুধাবন করতে বহু বছর, এমনকি কয়েক দশকও লেগে যেতে পারে।