পদার্থবিজ্ঞানে নোবেল
জাহাঙ্গীর সুর
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ০৯:১৩ এএম
দূর ছায়াপথ থেকে ভেসে আসা ভুতুড়ে কণা নিউট্রিনোকে দক্ষিণ মেরুতে আইসকিউব মানমন্দিরে জমাট বরফের ফাঁদে বন্দি করার অসামান্য কীর্তির জন্য এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন। ছবি: সংগৃহীত
প্রতি মুহূর্তে আমার-আপনার অজান্তেই হাতের নখের ভেতর দিয়ে পার হয়ে যাচ্ছে প্রায় সাড়ে ছয় হাজার কোটি বা মহাজাগতিক কণা। অথচ আপনি টেরই পাচ্ছেন না। এদের কোনো বৈদ্যুতিক চার্জ নেই, ভর বলতে গেলে প্রায় শূন্য। এরা যেন মহাবিশ্বের সবচেয়ে লাজুক ও নিভৃতচারী কণা। আমাদের দেহ, ইট-পাথরের দেওয়াল, এমনকি গোটা পৃথিবী ফুঁড়ে এরা অবলীলায় চলে যেতে পারে, কারও সাথে কোনোরকম মিথস্ক্রিয়া ছাড়াই। যেন মহাবিশ্বের বুক চিরে ছুটে চলা একদল নিঃশব্দ প্রেতাত্মা! বিজ্ঞানের ভাষায় এই ভুতুড়ে কণার নাম ‘নিউট্রিনো’।
অধরা এই নিউট্রিনো কণাকে দক্ষিণ মেরুর জমাট বরফের ফাঁদে বন্দি করে মহাবিশ্বের এক নতুন দুয়ার খুলে দেওয়ার অসামান্য কীর্তির জন্য এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন। তিনি যুক্ত আছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসনে। ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’ তৈরিতে দূরদর্শী নেতৃত্ব এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাকে এই সম্মানে ভূষিত করেছে।
নিউট্রিনো ধরার জন্য বিজ্ঞানীদের এত প্রবল আগ্রহ কেন
মহাবিশ্বের গভীরে এমন কিছু প্রাকৃতিক কণা ত্বরক যন্ত্র রয়েছেÑ যেমন মৃতপ্রায় নক্ষত্রের বিস্ফোরণ বা বহুদূরের কোনো সক্রিয় ছায়াপথ, যা থেকে প্রচণ্ড শক্তির মহাজাগতিক রশ্মি চারদিকে ছড়িয়ে পড়ে। সাধারণত এই রশ্মিগুলো হলো প্রোটন কণা। কিন্তু এদের একটি বড় সমস্যা হলো, মহাজাগতিক চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাবে এরা নিজেদের গতিপথ হারিয়ে ফেলে। ফলে এরা ঠিক কোথা থেকে আসছে, তা পৃথিবী থেকে বোঝা যায় না। কিন্তু সেই একই উৎস থেকে জন্ম নেওয়া নিউট্রিনোর কোনো চার্জ না থাকায়, এরা কোটি কোটি আলোকবর্ষ পথ পাড়ি দেয় একদম সরলরেখায়। কোনো কিছুই এদের পথ আটকাতে পারে না, এরা নিজেদের শক্তিও হারায় না। তাই উচ্চশক্তির নিউট্রিনোগুলো হলো মহাবিশ্বের চরমতম এবং সবচেয়ে দূরবর্তী রহস্যগুলোর নিখাদ বার্তাবাহক।
এই বার্তাবাহককে ধরার জন্য আশির দশকে ফ্রান্সিস হ্যালজেনের মাথায় এক যুগান্তকারী, অথচ আপাতদৃষ্টিতে পাগলাটে এক আইডিয়া আসে। তিনি ভাবলেন, নিউট্রিনো ধরার জন্য অ্যান্টার্কটিকার জমাট বরফ হতে পারে সবচেয়ে আদর্শ জায়গা। যখন কোটি কোটি নিউট্রিনোর মধ্য থেকে দৈবক্রমে কোনো একটি নিউট্রিনো বরফের ভেতরের কোনো পরমাণুর নিউক্লিয়াসের সাথে ধাক্কা খায়, তখন সেখানে এক ধরনের চার্জযুক্ত কণা তৈরি হয়, যা থেকে এক নিলাভ আলোর ঝলকানি ছিটকে বের হয়। বরফের গভীরে যদি আলোক সংবেদক যন্ত্র বসানো যায়, তবে সেই অতি সূক্ষ্ম নীল আলোর ঝলকানি থেকে নিউট্রিনোর অস্তিত্ব প্রমাণ করা সম্ভব।
১৯৮৮ সালে পোল্যান্ডের এক কনফারেন্সে হ্যালজেন ও তার সহকর্মী জন জি. লার্নড মিলে প্রথম দক্ষিণ মেরুতে বরফের নিচে এই মানমন্দির স্থাপনের রূপরেখা তুলে ধরেন। দক্ষিণ মেরুকে বেছে নেওয়ার কারণও ছিল স্পষ্ট। সেখানকার বরফের তলদেশ ঘুটঘুটে অন্ধকার, জীবজন্তুর কোলাহল নেই, তেজস্ক্রিয়তার মাত্রাও শূন্যের কাছাকাছি। সবচেয়ে বড় কথা, জায়গাটি ভূতাত্ত্বিকভাবে স্থিতিশীল, ভূমিকম্পের কোনো ভয় নেই।
অবশ্য পথটা এত সহজ ছিল না। প্রথম দিকে গ্রিনল্যান্ডে ও পরে দক্ষিণ মেরুতে ‘আমান্ডা’ নামক প্রজেক্টের মাধ্যমে সেন্সর বসানোর কাজ শুরু হয়। প্রথম দিকের বরফের স্তরে অসংখ্য বাতাসের বুদবুদ থাকায় আলোর গতিপথ বিক্ষিপ্ত হয়ে যেত, যা বিজ্ঞানীদের হতাশ করেছিল। ১৯৯৩ সালের বড়দিনের প্রাক্কালে ডাইনিং টেবিলে ল্যাপটপ কোলে নিয়ে হ্যালজেন বসেছিলেন প্রথম অপটিক্যাল কেবলটি বরফের নিচে বসানোর বার্তার অপেক্ষায়। পরে দেখা গেল, বরফের ১৪০০ মিটার নিচে কোনো বুদবুদ নেই, সেখানকার বরফ স্ফটিকের মতো স্বচ্ছ। সেখানে নিউট্রিনোর নীল আলো অনায়াসে ৩০০ মিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।
এই সাফল্যের পথ ধরেই জন্ম নেয় আইসকিউব প্রজেক্ট, যা ২০১১ সালে পূর্ণাঙ্গ রূপ পায়। এটি কোনো সাধারণ মানমন্দির নয়। দক্ষিণ মেরুর বরফ খুঁড়ে দেড় থেকে আড়াই কিলোমিটার গভীরতায় ৮৬টি কেবলের মাধ্যমে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৫,১৬০টি আলোক সংবেদী যন্ত্র। সব মিলিয়ে এক ঘন কিলোমিটার আয়তনের বিশাল এক বরফের খণ্ডই এখন বিশ্বের সবচেয়ে বড় নিউট্রিনো টেলিস্কোপ।
বায়ুমণ্ডল থেকে প্রতিদিন কোটি কোটি সাধারণ নিউট্রিনো এই সেন্সরে ধরা পড়ে। কিন্তু হ্যালজেনের দল খুঁজছিল সেই বিশেষ মহাজাগতিক নিউট্রিনোগুলোকে, যাদের শক্তি অনেক বেশি এবং যারা সৌরজগতের অনেক বাইরে থেকে এসেছে। দীর্ঘ অপেক্ষার পর, ২০১৩ সালে গবেষক দলটি প্রথমবারের মতো এমন উচ্চশক্তির মহাজাগতিক নিউট্রিনোর দেখা পায়। আর কয়েক বছরের মধ্যেই পর্যাপ্ত ডেটা সংগ্রহ করে তারা প্রমাণ করেন যে, এই নিউট্রিনোগুলো আসলেই আমাদের চেনা জগতের বাইরের কোনো দূরবর্তী মহাজাগতিক উৎস থেকে এসেছে। শুরু হয় নিউট্রিনো জ্যোতির্বিজ্ঞানের এক নতুন অধ্যায়।
এবারের নোবেল কেন আরও তাৎপর্যপূর্ণ
নিউট্রিনো নিয়ে বিজ্ঞানের এই রোমাঞ্চকর যাত্রা অবশ্য নতুন নয়। ১৯৬০-এর দশকে সূর্য থেকে আসা নিউট্রিনো আবিষ্কারের জন্য রেমন্ড ডেভিস জুনিয়র ও মাসাতোশি কোশিবা ২০০২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পান। চলার পথে নিউট্রিনোরা যে নিজেদের রূপ বদলাতে পারে, সেই সত্যের সন্ধান দিয়ে ২০১৫ সালে নোবেল জেতেন তাকাকি কাজিতা ও আর্থার বি. ম্যাকডোনাল্ড। ফ্রান্সিস হ্যালজেনের এই আইসকিউব প্রজেক্ট সেই ধারাবাহিকতারই এক মহোত্তম ও চূড়ান্ত রূপ, যা স্রেফ কণা পদার্থবিজ্ঞানের সাথে জ্যোতির্বিজ্ঞানের এক অবিচ্ছেদ্য সেতু তৈরি করেছে।
নোবেল কমিটির চেয়ারপারসন মার্ক পিয়ার্সের মতে, ‘ফ্রান্সিস হ্যালজেন তার অদম্য জেদ আর বৈজ্ঞানিক দূরদর্শিতা দিয়ে জ্যোতির্বিজ্ঞানের এক সম্পূর্ণ নতুন ধারার পথপ্রদর্শন করেছেন।’ দক্ষিণ মেরুর বিস্তীর্ণ সাদা প্রান্তরে, পৃথিবীর গভীরতম বরফের বুকে দাঁড়িয়ে আকাশ পানে না তাকিয়েও আজ বিজ্ঞানীরা মহাবিশ্বের সবচেয়ে দূরের এবং সবচেয়ে ভয়ংকর প্রলয়গুলোর ছবি আঁকতে পারছেন। এক লাজুক ভুতুড়ে কণা আর একজন স্বপ্নবাজ বিজ্ঞানীর হাত ধরে মহাকাশ দেখার ব্যাকরণটাই আজ চিরতরে বদলে গেল।