× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রদ্রোহ ও গুপ্তচরবৃত্তির সন্দেহে জার্মানির সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেপ্তার

আল জাজিরা

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ২১:০১ পিএম

জার্মানির সাবেক বিদেশি গোয়েন্দাপ্রধান অগাস্ট হ্যানিং। ছবি: রয়টার্স

জার্মানির সাবেক বিদেশি গোয়েন্দাপ্রধান অগাস্ট হ্যানিং। ছবি: রয়টার্স

রাষ্ট্রদ্রোহের চেষ্টা ও গুপ্তচরবৃত্তির সন্দেহে জার্মানির সাবেক বিদেশি গোয়েন্দাপ্রধান অগাস্ট হ্যানিংকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির ফেডারেল পাবলিক প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, বিদেশি একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগেও ৮০ বছর বয়সী হ্যানিংয়ের বিরুদ্ধে তদন্ত চলছে।

জার্মানির ফেডারেল পাবলিক প্রসিকিউটর জেনারেলের কার্যালয় মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে।

অগাস্ট হ্যানিং ১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত জার্মানির ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসের (বিএনডি) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। দক্ষিণ জার্মানির ব্যাড ট্যোলৎস-ভলফ্রাটশাউজেনে তাকে গ্রেপ্তার করা হয়।

হ্যানিংয়ের সাবেক চিফ অব স্টাফ, যাকে আংশিকভাবে ম্যানফ্রেড ডি হিসেবে শনাক্ত করা হয়েছে, তাকেও পশ্চিম জার্মানির স্টেইনফুর্টে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহের চেষ্টা এবং রাষ্ট্রদ্রোহমূলক গুপ্তচরবৃত্তিতে সহায়তা ও প্ররোচনার’ অভিযোগ রয়েছে।

আইনজীবীদের কার্যালয় জানিয়েছে, “একটি ঘটনায় ম্যানফ্রেড ডির কাছ থেকে পাওয়া গোপন গোয়েন্দা তথ্য ব্যবহার করে হ্যানিং একটি বিদেশি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার জন্য একটি বিশ্লেষণের খসড়া তৈরি করেছিলেন।”

তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ম্যানফ্রেড ডি ২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত হ্যানিংয়ের উত্তরসূরিদের চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেন। এ পদে থাকার সুবাদে গোপনীয় তথ্য পাওয়ার সুযোগ কাজে লাগিয়ে তিনি সেসব তথ্য হ্যানিংয়ের কাছে ‘পারিশ্রমিকের বিনিময়ে’ সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।

আইনজীবীরা বলেন, হ্যানিং পরবর্তীতে নিজের ব্যক্তিগত পরামর্শকাজে এসব তথ্য ব্যবহার করতেন।

বিবৃতিতে বলা হয়, “বর্তমান তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, বছরের পর বছর ম্যানফ্রেড ডি হ্যানিংকে প্রায় ২ হাজার নথি সরবরাহ করেছেন। এসব নথির অনেকগুলোতেই এমন গোপন তথ্য ছিল, যা ফেডারেল গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ ব্যবহারের জন্যই নির্ধারিত ছিল, বিশেষ করে সংস্থার শীর্ষ কর্মকর্তাদের গোয়েন্দা ব্রিফিংয়ের কাজে।”

তবে ওই দুই ব্যক্তি কোন দেশের বা কোন বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন, সে বিষয়ে বিবৃতিতে কোনো তথ্য দেওয়া হয়নি। বিদেশি এজেন্টটি কোন দেশের হয়ে কাজ করছিলেন, সেটিও প্রকাশ করা হয়নি।

এ ছাড়া, সরবরাহ করা তথ্য শেষ পর্যন্ত নির্ধারিত প্রাপকের কাছে পৌঁছেছিল কি না, তা-ও এখনো নিশ্চিত হওয়া যায়নি। আইনজীবীদের কার্যালয় জানিয়েছে, “তথ্যগুলো শেষ পর্যন্ত নির্ধারিত প্রাপকের কাছে পৌঁছেছিল কি না, সেটিও এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।”

জার্মানির পার্লামেন্টের সদস্য মার্ক হেনরিখমান এএফপি বার্তা সংস্থাকে বলেছেন, “গোপন তথ্যের বিশ্বাসঘাতকতা কোনোভাবেই বরদাস্ত করবে না” জার্মানি।

জার্মান পার্লামেন্টের গোয়েন্দা নজরদারি কমিটির চেয়ারম্যান হেনরিখমান বলেন, “যে ব্যক্তি আমাদের উদার গণতন্ত্রের শত্রুদের সঙ্গে জোট বাঁধবে, তাকে খুঁজে বের করা হবে।”

এদিকে, ম্যানফ্রেড ডি ও হ্যানিংয়ের বিভিন্ন স্থানে থাকা বাসভবন ও কার্যালয়ে তল্লাশি চালানো হচ্ছে। রাজধানী বার্লিনেও এসব তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে।

তদন্তে হ্যানিং ও তার সাবেক চিফ অব স্টাফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের চেষ্টা, গোপন তথ্য সরবরাহ এবং বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা