× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাকাউন্টে ৭২ লাখ টাকা, না জেনে ২১ বছর ভাঙারি কুড়ালেন বৃদ্ধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৭:৫৮ পিএম

অ্যাকাউন্টে ৭২ লাখ টাকা, না জেনে ২১ বছর ভাঙারি কুড়ালেন বৃদ্ধ। ছবি: সংগৃহীত

অ্যাকাউন্টে ৭২ লাখ টাকা, না জেনে ২১ বছর ভাঙারি কুড়ালেন বৃদ্ধ। ছবি: সংগৃহীত

মধ্য চীনের ৭১ বছর বয়সী এক বৃদ্ধ দীর্ঘ ২১ বছর ধরে রাস্তায় রাস্তায় ভাঙারি কুড়িয়ে কোনোমতে দিন পার করেছেন। সম্প্রতি তিনি জানতে পেরেছেন, তার নিজের নামেই একটি পেনশন অ্যাকাউন্ট রয়েছে এবং সেখানে জমা হয়ে আছে ৪ লাখ ২০ হাজার ইউয়ানেরও বেশি অর্থ (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭২ লাখ টাকা)। অথচ নিজের এই পেনশনের অধিকার সম্পর্কে দুই দশকেরও বেশি সময় ধরে তিনি কিছুই জানতেন না।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হুনান প্রদেশের চাংদে শহরের বাসিন্দা রু নামের ওই বৃদ্ধের হাতে গত সেপ্টেম্বরের শেষের দিকে একটি ব্যাংক কার্ড তুলে দেওয়া হয়। কার্ডটি তার পেনশন অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ছিল। সেটির ব্যালান্স যাচাই করে দেখা যায়, অ্যাকাউন্টে ৪ লাখ ২৪ হাজার ২০৪ ইউয়ান (প্রায় ৭২ লাখ টাকা) জমা রয়েছে।

অপ্রত্যাশিতভাবে এত বড় অঙ্কের অর্থের সন্ধান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রু। এমন কিছু ঘটতে পারে তা তিনি কখনো কল্পনাও করেননি জানিয়ে বলেন, এতে তিনি অত্যন্ত আনন্দিত। এ সহায়তার জন্য তিনি স্থানীয় সমাজকল্যাণ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে আন্তরিক ধন্যবাদ জানান।

জানা গেছে, রু অতীতে হুনানের একটি রাষ্ট্রায়ত্ত দোকানে প্রায় ৩০ বছর কাজ করেছিলেন। ২০০০-এর দশকের শুরুর দিকে প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের (পুনর্গঠন) সময় তিনি চাকরিচ্যুত হন এবং এককালীন কিছু ক্ষতিপূরণ পান। কিন্তু সেই অর্থ একপর্যায়ে শেষ হয়ে গেলে তিনি চরম আর্থিক সংকটে পড়েন। বাধ্য হয়ে বেঁচে থাকার তাগিদে তিনি ভাঙারি ও পরিত্যক্ত জিনিসপত্র সংগ্রহ করতে শুরু করেন এবং পরবর্তীতে চাংদে শহরে চলে যান।

২০২৪ সালের শীতকালে সমাজকল্যাণকর্মীদের নজরে আসেন রু। তখন তিনি একটি পরিত্যক্ত ভবনে মানবেতর জীবনযাপন করছিলেন। শুরুতে তিনি কোনো অস্থায়ী আশ্রয়কেন্দ্রে যেতে চাননি। তবে কর্মীরা প্রয়োজনীয় সহায়তা দিয়ে তার পাশে থাকেন। একপর্যায়ে তিনি আশ্রয়কেন্দ্রে যেতে রাজি হন এবং নিজের অতীতের কর্মজীবনের তথ্য জানান।

কর্মকর্তারা তথ্য যাচাই করে দেখতে পান, ২০১৫ সালে অবসরের বয়স হওয়ার পর থেকেই রু নিয়মিত পেনশন পাওয়ার যোগ্য ছিলেন। তার মাসিক পেনশন নির্ধারিত ছিল প্রায় ৩ হাজার ৭০০ ইউয়ান (প্রায় ৬২ হাজার টাকা)। কিন্তু বিষয়টি তার অজানা থাকায় প্রায় এক দশক ধরে এই অর্থ অ্যাকাউন্টে জমতে জমতে ৪ লাখ ২০ হাজার ইউয়ান ছাড়িয়ে যায়।

রু ভেবেছিলেন, পেনশন সুবিধা পেতে হলে আলাদাভাবে দীর্ঘমেয়াদি বিমার কিস্তি পরিশোধ করতে হয়; যা চরম আর্থিক সংকটের কারণে তার পক্ষে সম্ভব ছিল না। তবে সরকারি কর্মকর্তারা তাঁকে স্পষ্ট করেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে তার ৩০ বছরের চাকরিজীবনেই বেতনের একটি অংশ কেটে বিমায় জমা রাখা হয়েছিল। চীনের নিয়ম অনুযায়ী, অবসরে যাওয়ার আগে কোনো ব্যক্তি অন্তত ১৫ বছর বিমায় অবদান রাখলে তিনি স্বয়ংক্রিয়ভাবে পেনশনের সুবিধা পান।

সমাজকল্যাণকর্মীরা রুর হাতে ব্যাংক কার্ডটি তুলে দেওয়ার সময় সেটি নিরাপদে রাখা, অর্থের সুব্যবস্থাপনা এবং টেলিযোগাযোগ প্রতারণার (টেলিকম স্ক্যাম) ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

দুই দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত জিনিসপত্র কুড়িয়ে বেঁচে থাকা এই বৃদ্ধের জীবনে এ ঘটনা অপ্রত্যাশিত এক বড় আর্থিক স্বস্তি নিয়ে এসেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা