× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক্সপ্লেইনার

শান্তিতে নোবেলজয়ী কীভাবে নির্বাচন করা হয়?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৬:৪৯ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৬ ১৬:৫৮ পিএম

 নোবেল পুরষ্কার। ছবি: সংগৃহীত

নোবেল পুরষ্কার। ছবি: সংগৃহীত

আগামী শুক্রবার ঘোষণা করা হবে এ বছরের শান্তিতে নোবেলজয়ীর নাম। প্রতিবছর নোবেল পুরস্কারের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা ও কৌতূহল থাকে এই শান্তি পুরস্কারকে ঘিরেই। কিন্তু কীভাবে চূড়ান্ত করা হয় বিজয়ীর নাম? কারা মনোনয়ন দেন এবং কেনই বা মনোনীতদের নাম কয়েক দশক গোপন রাখা হয়? বিশ্বখ্যাত এই পুরস্কার ঘোষণার আগে জেনে নেওয়া যাক এর আদ্যোপান্ত।

মনোনয়ন পান কারা, তালিকা কেন গোপন?

এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মোট ২৮৭টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম জমা পড়েছে। এর মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংগঠন রয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে মনোনীত ব্যক্তিদের নাম জানতে অপেক্ষা করতে হবে আরও অর্ধশতক। নিয়ম অনুযায়ী, নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত ‘নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট’-এর ভূগর্ভস্থ ভল্টে এই তালিকা টানা ৫০ বছর কঠোর গোপনীয়তায় তালাবদ্ধ রাখা হয়।

যদিও নোবেল কমিটি তালিকা প্রকাশ করে না, তবে বিশ্বজুড়ে যারা নাম প্রস্তাব (মনোনয়ন) করার অধিকার রাখেন, তাদের অনেকে স্বেচ্ছায় নিজেদের মনোনীত ব্যক্তির নাম প্রকাশ করে থাকেন।

ট্রাম্প কি মনোনীত হয়েছেন, তার কি জয়ের সম্ভাবনা আছে?

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মনোনয়ন দেওয়ার দাবি করেছেন কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা। তবে এ দাবির সত্যতা আনুষ্ঠানিকভাবে যাচাইয়ের কোনো সুযোগ নেই। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প মনোনীত হয়ে থাকলেও তার এই পুরস্কার জয়ের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।

এ বছর সম্ভাব্য ফেভারিট কারা?

আলোচনায় থাকা শীর্ষ সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজ।

এছাড়া সুদানের গৃহযুদ্ধের মধ্যে সাধারণ মানুষকে মানবিক সহায়তা দেওয়া স্থানীয় নেটওয়ার্ক ‘ইমার্জেন্সি রেসপন্স রুমস’ এবং যুদ্ধপীড়িত শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’-এর নামও বিবেচনায় রয়েছে। 

এমনকি ভিন্নমতের দেশগুলোর মধ্যেও সফল বৈজ্ঞানিক সহযোগিতার প্রতীক হিসেবে ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশন’ (আইএসএস)-এর নামও আলোচনায় উঠে এসেছে।

কারা নেন চূড়ান্ত সিদ্ধান্ত?

শান্তিতে নোবেল দেওয়ার সিদ্ধান্ত নেয় পাঁচ সদস্যের নরওয়েজিয়ান নোবেল কমিটি। নরওয়ের পার্লামেন্ট এই পাঁচ সদস্যকে নিয়োগ দেয়। সদস্যদের অনেকেই সাবেক ঝানু রাজনীতিবিদ, তবে এটি বাধ্যতামূলক নয়। যেমন—বর্তমান কমিটির নেতৃত্বে রয়েছেন মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে কাজ করা ‘পেন ইন্টারন্যাশনাল’-এর নরওয়ে শাখার প্রধান। অন্য এক সদস্য একজন শিক্ষাবিদ। নরওয়ের পার্লামেন্টের রাজনৈতিক দলগুলোর শক্তির ভারসাম্যের প্রতিফলন থাকে এই কমিটির গঠনে।

বিজয়ী হওয়ার মাপকাঠি কী?

১৮৯৫ সালে সুইডিশ শিল্পপতি আলফ্রেড নোবেলের লেখা ঐতিহাসিক উইলে বলা হয়েছিল—যিনি ‘জাতিগত ভ্রাতৃত্ব বৃদ্ধি, স্থায়ী সেনাবাহিনী বিলোপ বা হ্রাস এবং শান্তি সম্মেলনের অগ্রগতিতে সর্বোচ্চ অবদান রাখবেন’, তিনিই শান্তিতে নোবেল পাবেন।

তবে আধুনিক বিশ্বে এই পুরস্কারের পরিধি শুধু উইলের অক্ষরেই সীমাবদ্ধ থাকে না। নোবেল কমিটির সেক্রেটারি ক্রিস্টিয়ান বার্গ হ্যারপভিকেন জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্বজুড়ে কী ঘটছে, প্রধান বৈশ্বিক সংকটগুলো কী এবং কোন প্রক্রিয়াটি সবচেয়ে আশাব্যঞ্জক—তা গুরুত্বের সঙ্গে দেখে কমিটি।

কারা নাম প্রস্তাব করতে পারেন?

বিশ্বের যেকোনো ব্যক্তি চাইলেই নাম প্রস্তাব করতে পারেন না। বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, মন্ত্রী, সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইতিহাস, আইন, দর্শন ও সমাজবিজ্ঞানের অধ্যাপক এবং সাবেক নোবেলজয়ীরাই কেবল নাম প্রস্তাব করার অধিকারী। প্রতিবছর ৩১ জানুয়ারির মধ্যে মনোনয়ন জমা দিতে হয়। এরপর ফেব্রুয়ারির প্রথম বৈঠকে কমিটির সদস্যরা চাইলে নিজেদের পছন্দের নামও যুক্ত করতে পারেন।

কীভাবে মনোনীতদের মধ্য থেকে বিজয়ী বাছাই করা হয়?

মনোনয়ন জমা পড়ার পর কমিটি দীর্ঘ তালিকাটি পর্যালোচনা করে একটি সংক্ষিপ্ত তালিকা (শর্টলিস্ট) তৈরি করে। এরপর নোবেল কমিটির স্থায়ী উপদেষ্টা ও বাইরের আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাধ্যমে প্রতিটি নাম নিবিড়ভাবে মূল্যায়ন ও যাচাই-বাছাই করা হয়।

কমিটি প্রতি মাসে অন্তত একবার বৈঠকে বসে এবং সাধারণত আগস্ট বা সেপ্টেম্বর নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। সদস্যরা সাধারণত সর্বসম্মত সিদ্ধান্তের চেষ্টা করেন; কিন্তু মতৈক্য না হলে সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে বিজয়ী নির্ধারিত হন।

ইতিহাসে নোবেল কমিটির ভেতরে মতভেদের ঘটনাও রয়েছে। ১৯৯৪ সালে ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত এবং ইসরায়েলের শিমন পেরেজ ও আইজ্যাক রবিনকে যৌথভাবে পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কমিটির এক সদস্য পদত্যাগ করেছিলেন।

বিজয়ী কী পান এবং অনুষ্ঠান কবে?

পুরস্কারজয়ী একটি ১৮ ক্যারেটের স্বর্ণপদক, সনদ (ডিপ্লোমা), ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার) এবং বিশ্বজুড়ে তাত্ক্ষণিক ঐতিহাসিক মর্যাদা লাভ করেন।

আগামী শুক্রবার অসলোর নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট থেকে সরাসরি বিজয়ীর নাম ঘোষণা করবেন কমিটির প্রধান। এরপর আলফ্রেড নোবেলের প্রয়াণদিবস আগামী ১০ ডিসেম্বর অসলো সিটি হলে এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা