× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষেধাজ্ঞার মধ্যেই দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়ায় যাচ্ছে জ্বালানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১১:২৯ এএম

দক্ষিণ কোরিয়ার বুসানে একটি সেতুর নিচ দিয়ে চলাচলরত তেলবাহী ট্যাঙ্কার জাহাজ। ছবি: দ্য গার্ডিয়ান

দক্ষিণ কোরিয়ার বুসানে একটি সেতুর নিচ দিয়ে চলাচলরত তেলবাহী ট্যাঙ্কার জাহাজ। ছবি: দ্য গার্ডিয়ান

ইউক্রেন যুদ্ধের মধ্যে জ্বালানি সরবরাহের ঘাটতি সামাল দিতে দক্ষিণ কোরিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি পাঠানো হচ্ছে রাশিয়ায়। এসব জ্বালানি পরিবহনে পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা কয়েকটি ট্যাংকারও ব্যবহার করা হয়েছে। এতে ইউক্রেনের প্রতি সিউলের প্রকাশ্য সমর্থন নিয়েই প্রশ্ন উঠেছে।

বন্দর-সংক্রান্ত নথি ও জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, জুলাই ও আগস্টে দক্ষিণ কোরিয়ার কয়েকটি বন্দর থেকে সাতটি ট্যাংকারে ১ লাখ ৭৬ হাজার টনের বেশি জ্বালানি- যার বেশির ভাগই ডিজেল- তোলা হয়েছে। এসব ট্যাংকার ১৪টি সমুদ্রযাত্রায় রাশিয়ার দূরপ্রাচ্যের বিভিন্ন বন্দরে জ্বালানি নিয়ে গেছে।

পরিবহনকারী সাতটি জাহাজের মধ্যে তিনটি যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। আরেকটি ট্যাংকার দক্ষিণ কোরিয়ার জলসীমায় অন্য একটি জাহাজ থেকে জ্বালানি গ্রহণ করেছে। জাহাজ থেকে জাহাজে এ ধরনের পণ্য স্থানান্তরের মাধ্যমে জ্বালানির প্রকৃত উৎস আড়াল করা এবং বন্দর টার্মিনালে না ঢুকেই পণ্য পরিবহনের সুযোগ তৈরি হয়।

ফিনল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) বিশ্লেষক আইজ্যাক লেভি বলেন, “ইইউর নিষেধাজ্ঞার আওতায় থাকা ট্যাংকার দক্ষিণ কোরিয়ার বন্দর থেকে জ্বালানি নিয়ে রাশিয়ায় গেছে- এটি বিস্ময়কর। এতে নিষেধাজ্ঞা ব্যবস্থা এবং ইউক্রেনের প্রতি দক্ষিণ কোরিয়ার সমর্থন- দুটিই দুর্বল হয়ে পড়ে”।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ট্যাংকারে জ্বালানি

নিষেধাজ্ঞার আওতায় থাকা সবচেয়ে বড় ট্যাংকার ‘লায়লা’ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উলসান বন্দর থেকে দুবার রাশিয়ার ভ্লাদিভস্তকের উদ্দেশে যাত্রা করে। ১৯ জুলাই ও ১০ আগস্ট ছেড়ে যাওয়া ওই দুই যাত্রায় জাহাজটি মোট ৫৭ হাজার টন ডিজেল বহন করে।

প্রথম যাত্রায় দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষকে জাহাজটির গন্তব্য হিসেবে ভ্লাদিভস্তক উল্লেখ করা হলেও দ্বিতীয়বার গন্তব্য হিসেবে জাপানের নিইগাতা বন্দরের নাম জানানো হয়।

আরেক নিষেধাজ্ঞাপ্রাপ্ত রুশ পতাকাবাহী ট্যাংকার ‘অ্যাস্টোরিয়া’ গত ১ আগস্ট উলসান বন্দরে প্রায় ১১ হাজার টন জ্বালানি তোলে। জাহাজটি গন্তব্য হিসেবে জাপানের নাম ঘোষণা করলেও পরে রাশিয়ার ভ্লাদিভস্তকের দিকে যায়। জাহাজটি অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার আওতাতেও রয়েছে।

তৃতীয় নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকার ‘চংচন’ কোনো বন্দরে ভেড়েনি। আগস্টের শুরুতে দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় ইয়োসু বন্দরের কাছে সমুদ্রপথে অবস্থানরত অবস্থায় ‘সেলেস্তে আই’ নামের একটি নিষেধাজ্ঞামুক্ত ট্যাংকার থেকে প্রায় ২৬ হাজার টন জ্বালানি নেয়। এরপর সিঙ্গাপুরকে গন্তব্য হিসেবে ঘোষণা করে রাশিয়ার ভ্লাদিভস্তকের দিকে রওনা হয়।

এই চারটি ট্যাংকারের মালিক ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি।

রাশিয়ায় জ্বালানি সংকট

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলোর কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, জুনে রাশিয়ার শোধনাগারগুলোর উৎপাদন দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। একই সময়ে দেশটির ডিজেল উৎপাদন গত বছরের তুলনায় প্রায় ৩০ শতাংশ কমেছে।


ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এইচইউআর-এর দাবি, রাশিয়া তার ‘যুদ্ধযন্ত্র’ সচল রাখতে বাধ্য হয়ে বিদেশ থেকে জ্বালানি আমদানি করছে।

সামুদ্রিক বাণিজ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, রাশিয়ায় পাঠানো জ্বালানির ক্রেতাদের মধ্যে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি রোসনেফটও রয়েছে। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

এ ছাড়া রাশিয়ার তেল কোম্পানি এনএনকেও এসব জ্বালানি কিনেছে বলে তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির মালিক এদুয়ার্দ খুদাইনাতভ এবং এর একটি কোম্পানি এনএনকে-অয়েল যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

কেপলারের তথ্য বিশ্লেষণ করে সিআরইএ জানিয়েছে, আগস্টে রাশিয়া সমুদ্রপথে ৩ লাখ ৬৮ হাজার টন তেলজাত পণ্য আমদানি করেছে। জুলাইয়ের তুলনায় যা সাত গুণেরও বেশি এবং ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর কোনো এক মাসে সর্বোচ্চ। এর মধ্যে দক্ষিণ কোরিয়া থেকেই এসেছে ১ লাখ ১২ হাজার টন, যা মোট আমদানির ৩১ শতাংশ। এ ক্ষেত্রে ভারতের পরই দক্ষিণ কোরিয়ার অবস্থান।

ইউক্রেনকে সমর্থন, রাশিয়ার সঙ্গে বাণিজ্যও

ইউক্রেনকে মানবিক সহায়তা এবং হেলমেট, বডি আর্মার ও মাইন অপসারণের যানবাহনের মতো প্রাণঘাতী নয়- এমন সামরিক সরঞ্জাম দিয়েছে দক্ষিণ কোরিয়া। ২০২৩ সালে ইউক্রেনকে ২৩০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতিও দেয় দেশটি, যার বেশির ভাগই ঋণ হিসেবে দেওয়ার কথা।

তবে ইউক্রেনের প্রতি সমর্থনের পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টিও দীর্ঘদিন ধরে বিবেচনায় রেখেছে সিউল। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনে সরাসরি অস্ত্র পাঠানোর বিষয়টি নাকচ করে আসছে দক্ষিণ কোরিয়া। দেশটির নীতি অনুযায়ী, যুদ্ধে লিপ্ত দেশকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করা হয় না।

অন্যদিকে মস্কোও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এবং বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর আগ্রহের কথা জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার বন্দর ব্যবহারকারী এসব ট্যাংকারের কয়েকটি পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞার আওতায় থাকলেও, জ্বালানি পরিবহনের এই কার্যক্রম দেশটির আইনের সরাসরি লঙ্ঘন করেছে—এমন প্রমাণ পাওয়া যায়নি। রাশিয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার নিজস্ব নিষেধাজ্ঞা মূলত শিল্পযন্ত্র, ইলেকট্রনিক পণ্য ও যানবাহনসহ বিভিন্ন পণ্যের রপ্তানি নিয়ন্ত্রণের ওপর নির্ভরশীল।

তবে এসব চালান রাশিয়ার ওপর পশ্চিমা চাপ তৈরির প্রচেষ্টায় দক্ষিণ কোরিয়াকে দুর্বল একটি অংশ হিসেবে তুলে ধরার ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে ইউক্রেনের সঙ্গে সিউলের সম্পর্ক যখন কিছুটা চাপের মধ্যে রয়েছে, তখন বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে।


তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা