প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১০:২১ এএম
মস্কো থেকে শুরু করে সাইবেরিয়া পর্যন্ত রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগারে গত কয়েক মাস ধরে ধারাবাহিক হামলা চালিয়েছে ইউক্রেনীয়। ছবি: আনাদুলু
ইউক্রেনীয় হামলায় রাশিয়ার তেল পরিশোধন সক্ষমতার অর্ধেকেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিয়েভের দাবি, এর ফলে যুদ্ধের সময় নিজেদের সেনাদের জ্বালানি সরবরাহের সক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে মস্কোর।
মস্কো থেকে শুরু করে সাইবেরিয়া পর্যন্ত রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগারে গত কয়েক মাস ধরে ধারাবাহিক হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। চলতি বছরের শুরুর দিকে এসব হামলার কারণে রাশিয়ায় ব্যাপক জ্বালানি সংকট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে কয়েকটি অঞ্চলে পেট্রোল বিক্রিতেও বিধিনিষেধ আরোপ করতে হয়েছিল কর্তৃপক্ষকে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা বলেন, “হামলার ফলে রাশিয়ার তেল পরিশোধন সক্ষমতার ৫১ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে”।
তিনি বলেন, “পরিশোধন সক্ষমতার ৫১ শতাংশে আঘাত হানা শত্রুর অর্থনীতি, আগ্রাসন চালানোর সক্ষমতা এবং তাদের সেনাদের সরবরাহ ব্যবস্থার ওপর বড় আঘাত। আমাদের গভীর-ভূমিতে হামলা রাশিয়ার ভূখণ্ডে যুদ্ধের প্রভাব পৌঁছে দিচ্ছে”।
যদিও তেল অবকাঠামোয় ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত পরিসংখ্যান এখনো প্রকাশ করেনি রুশ কর্তৃপক্ষ। তবে হামলাগুলোর অর্থনৈতিক প্রভাব নিয়ে বিরল এক স্বীকারোক্তিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এসব হামলার কারণে রাশিয়ার মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় ১ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত বৃহস্পতিবার ভালদাই ক্লাবের বৈদেশিক নীতিবিষয়ক বিশেষজ্ঞদের এক সভায় পুতিন বলেন, “তারা তেল শোধনাগারগুলোতে হামলা শুরু করেছে এবং প্রকাশ্যেই বলেছে, তাদের লক্ষ্য আমাদের অর্থনীতির ক্ষতি করা। তারা কি তাদের লক্ষ্য অর্জন করতে পেরেছে? আংশিকভাবে”।
পেট্রলের দাম বাড়ার জন্য ইউক্রেনকে দায়ী ট্রাম্পের
এদিকে রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার কারণে পেট্রলের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য এখন আর হরমুজ প্রণালির যুদ্ধকে দায়ী করা যায় না।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “গ্যাসোলিনের দাম বাড়ার কারণ এখন আর হরমুজ প্রণালি নয়। কারণ রেকর্ড পরিমাণ তেল প্রায় প্রতিদিনই বাজারে আসছে। বরং কারণ হচ্ছে ‘রিফাইনারি’ রাশিয়ার যেসব তেল শোধনাগার ইউক্রেন উড়িয়ে দিচ্ছে”।