প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ০৯:১০ এএম
আপডেট : ০৬ অক্টোবর ২০২৬ ০৯:১৮ এএম
জেফ্রি আর্চার। ছবি: ফ্রান্টলিস্ট
জনপ্রিয় লেখক ও সাবেক ব্রিটিশ রাজনীতিক জেফ্রি আর্চার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
নিজ বাড়িতে লেখালেখির সময়ই সোমবার স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে প্রকাশনা সংস্থা হার্পারকলিন্স।
পাঁচ দশকের লেখকজীবনে আর্চারের বই বিক্রি হয়েছে ৩০ কোটিরও বেশি কপি। তার জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘কেন অ্যান্ড এবেল’ এবং ‘দ্য ক্লিফটন ক্রনিকলস’। নিজের শৈশবের স্মৃতিবিজড়িত ইংল্যান্ডের সমারসেটের ওয়েলিংটনকেও তিনি তার বহু উপন্যাসের পটভূমি হিসেবে ব্যবহার করেছেন।
আর্চার শুধু লেখক হিসেবেই নয়, ব্রিটিশ রাজনীতিতেও ছিলেন আলোচিত এক চরিত্র। কনজারভেটিভ পার্টির হয়ে ১৯৬৯ সালে লিংকনশায়ারের লাউথ আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন তিনি। পাঁচ বছর এমপি হিসেবে দায়িত্ব পালনের পর দলটির ডেপুটি চেয়ারম্যানও হন।
তবে ১৯৮৭ সালের এক মানহানি মামলাকে কেন্দ্র করে তার রাজনৈতিক জীবনে বড় ধরনের ধাক্কা আসে। ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে করা মামলায় আর্চার মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে আদালতকে বিভ্রান্ত করেছিলেন বলে প্রমাণিত হয়। ওই মামলায় তিনি ৫ লাখ পাউন্ড ক্ষতিপূরণও পেয়েছিলেন। পরে ২০০১ সালে মিথ্যাচার ও বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগে তাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।
২০০৩ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হন এবং হাউস অব লর্ডসের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে তিনি সেখান থেকে অবসর নেন।
আর্চারের সর্বশেষ উপন্যাস ‘এডাম অ্যান্ড ইভ’ চলতি সপ্তাহেই প্রকাশিত হওয়ার কথা। মৃত্যুর মাত্র এক দিন আগেও লন্ডনের লেস্টার স্কয়ার থিয়েটারে নিজের নতুন বই নিয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন আর্চার। তার সঙ্গে ছিলেন সম্প্রচারক ও লেখক গাইলস ব্র্যান্ড্রেথ। সেখানে ভক্তদের জন্য বইয়ে স্বাক্ষরও করেন তিনি।
মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগেও নিজের সাবেক স্কুল ওয়েলিংটন স্কুলে গিয়েছিলেন আর্চার। সেখানে নতুন বই নিয়ে কথা বলার সময় তরুণ শিক্ষার্থীদের দেখে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আনন্দ পাওয়ার কথা জানিয়েছিলেন তিনি।
শনিবার চেলটেনহ্যাম ফেস্টিভ্যালে নিজের শেষ উপন্যাস নিয়ে আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল তার।
দীর্ঘ দাম্পত্য ও পারিবারিক জীবন
জেফ্রি আর্চারের জন্ম ১৯৪০ সালের ১৫ এপ্রিল উত্তর লন্ডনে। পরে তার পরিবার সমারসেটের ওয়েস্টন-সুপার-মেয়ারে চলে যায়। সেখানে তারা অভিনেতা জন ক্লিসের মায়ের কাছ থেকে একটি বাড়ি কিনেছিলেন।
ব্যক্তিজীবনে স্ত্রী মেরির সঙ্গে ৬০ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন আর্চার। চলতি বছরই তারা বিবাহের ৬০ বছর পূর্তি উদ্যাপন করেন। তাদের দুই ছেলে ও পাঁচ নাতি-নাতনি রয়েছে।