প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৭:৩৬ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৬ ০০:৫৩ এএম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে ভারত এখন শুধু কূটনৈতিকভাবে আহ্বান জানানোতেই সীমাবদ্ধ নেই, বরং বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে আলোচনায় আরও সক্রিয়ভাবে যুক্ত হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই সময়ে ভারতের প্রস্তাবকে সবচেয়ে বিস্তৃত বা কার্যকর উদ্যোগ হিসেবে প্রশংসা করেছে ইউক্রেন।
রোববার দিল্লিতে অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় জয়শঙ্কর বলেন, সাম্প্রতিক কয়েক মাসে রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষের সঙ্গেই আলোচনা করেছে ভারত। এসব আলোচনায় কৃষ্ণসাগরে নৌযান চলাচলের নিরাপত্তা, শস্য ও জ্বালানি রপ্তানি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা বন্ধের মতো বিভিন্ন বিষয় উঠে এসেছে।
তিনি বলেন, “গত কয়েক মাসে আমরা শুধু আহ্বান জানানোর বাইরে গিয়ে কিছুটা বেশি সক্রিয়ভাবে যুক্ত হয়েছি।”
রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে ভারত শুরু থেকেই তুলনামূলকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। দিল্লি বারবার যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। তবে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা ও দ্বিপক্ষীয় সম্পর্কের কারণে মস্কোর সরাসরি সমালোচনা থেকে ভারত বিরত থেকেছে।
গত আগস্টেও সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জয়শঙ্কর জানান, প্রথমে কৃষ্ণসাগরে বাণিজ্যিক ও অন্যান্য নৌযানের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা শুরু হয়। পরে শস্য ও জ্বালানি রপ্তানি এবং পারস্পরিক হামলা থেকে বিরত থাকার সম্ভাব্য ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, ইউক্রেনের যুদ্ধকে ভারত একটি “দুঃখজনক সংঘাত” হিসেবে দেখে এবং এ সংঘাতের অবসান চাওয়ার বিষয়ে ভারতের অবস্থান “খুবই স্পষ্ট”।
এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন, যুদ্ধবিরতি নিয়ে চারটি পৃথক প্রস্তাব বিবেচনা করছে কিয়েভ। এর মধ্যে ভারতের প্রস্তাবকে তিনি সবচেয়ে “বিস্তৃত” বলে উল্লেখ করেছেন।
রোববার কিয়েভে সাংবাদিকদের সিবিহা বলেন, “আমাদের কাছে চারটি প্রস্তাব রয়েছে। সবচেয়ে বিস্তৃত হলো ভারতের প্রস্তাব।” তাঁর মতে, সংঘাত নিরসনে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার ইঙ্গিত এবারই প্রথম দিয়েছে ভারত।
অন্য তিনটি উদ্যোগ এসেছে তুরস্ক, মিসর ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে। তুরস্ক ও মিসর কৃষ্ণসাগরে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যার লক্ষ্য ইউক্রেনের শস্য রপ্তানি সহজ করা। অন্যদিকে যুক্তরাষ্ট্র জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের জন্য একটি চুক্তির পক্ষে কাজ করছে।
ইউক্রেন জানিয়েছে, তারা জ্বালানি অবকাঠামো ও কৃষ্ণসাগরভিত্তিক যুদ্ধবিরতি বিবেচনা করতে প্রস্তুত। তবে কিয়েভের শর্ত হলো—দুই ধরনের যুদ্ধবিরতি একসঙ্গে কার্যকর করতে হবে।
সিবিহা বলেন, “আমরা জ্বালানি ও কৃষ্ণসাগরে যুদ্ধবিরতির জন্য প্রস্তুত, তবে কেবল এই সমন্বিত ব্যবস্থার আওতায়।” তিনি আরও জানান, এ ধরনের চুক্তির ক্ষেত্রে বন্দর অবকাঠামোসহ জ্বালানি স্থাপনাগুলোতে হামলা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।