× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম দফায় ডানপন্থীদের জয়, ব্রাজিলে ফের মুখোমুখি লুলা-বলসোনারো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৩:২২ পিএম

সাধারণ নির্বাচনের পর নিজের বাসভবনের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলছেন ব্রাজিলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ফ্লাভিও বোলসোনারো। ছবি: সিএনএন

সাধারণ নির্বাচনের পর নিজের বাসভবনের বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলছেন ব্রাজিলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ফ্লাভিও বোলসোনারো। ছবি: সিএনএন

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও মুখোমুখি হচ্ছেন লুলা দা সিলভা ও বলসোনারো শিবির। তবে এবার সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পরিবর্তে তার বড় ছেলে ফ্লাভিও বলসোনারো প্রতিদ্বন্দ্বিতা করছেন বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে।

প্রথম দফার ভোটে রবিবার কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় সব মিলিয়ে ৯২ শতাংশের বেশি ভোট পেয়েছেন লুলা ও ফ্লাভিও।

ফ্লাভিওর জয় হলে লাতিন আমেরিকায় ডানপন্থী রাজনীতির প্রভাব আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলের মতো এই অঞ্চলের সবচেয়ে বড় দেশের একজন গুরুত্বপূর্ণ আদর্শিক মিত্র পেতে পারেন বলে মনে করছেন অনেকে। এতে লাতিন আমেরিকায় চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনের অবস্থানও শক্তিশালী হতে পারে বলে মনে করছেন তারা।

অন্যদিকে, ৮০ বছর বয়সী লুলার জন্য এই নির্বাচন তার রাজনৈতিক জীবনের শেষ প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে। জয়ী হলে আরও এক মেয়াদ ক্ষমতায় থাকার সুযোগ পাবেন তিনি।

বাবার ছায়া ছাড়িয়ে উঠছেন ফ্লাভিও

প্রথম দফায় ফ্লাভিওর পারফরম্যান্স অনেক বিশ্লেষকের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। চার বছর আগে প্রথম দফায় তার বাবা জাইর বলসোনারো যত ভোট পেয়েছিলেন, এবার ফ্লাভিও তার চেয়ে প্রায় চার শতাংশ পয়েন্ট বেশি ভোট পেয়েছেন।

নির্বাচনের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চল, যেখানে দেশের প্রায় ৪০ শতাংশ ভোটার বাস করেন। ফ্লাভিও সেখানে সাও পাওলো ও মিনাস জেরাইস- দুটি গুরুত্বপূর্ণ রাজ্যেই জয় পেয়েছেন।

বিশেষ করে মিনাস জেরাইসে তার জয় তাৎপর্যপূর্ণ। ১৯৮৯ সালে সামরিক শাসনের পর ব্রাজিলে সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন চালুর পর থেকে, এই রাজ্যটি প্রতিটি নির্বাচনে শেষ পর্যন্ত বিজয়ী প্রার্থীকে সমর্থন করেছে।

ফলে ফলাফলটি ইঙ্গিত দিচ্ছে, ফ্লাভিও শুধু বাবার রাজনৈতিক উত্তরাধিকার বহন করছেন না, বরং নিজস্ব রাজনৈতিক ভিত্তিও তৈরি করতে সক্ষম হয়েছেন।


লুলার জন্য কঠিন পরীক্ষা

প্রথম দফার ফল লুলার সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দাঁড় করিয়েছে। প্রশ্ন উঠেছে, তার রাজনৈতিক উত্তরাধিকার ও ক্ষমতায় থাকার রেকর্ড কি তাকে আবারও সংখ্যাগরিষ্ঠ ভোট এনে দিতে পারবে?

দেশের উত্তর-পূর্বাঞ্চল ঐতিহ্যগতভাবে লুলার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু সেখানেও তার প্রচারণা প্রত্যাশিত ব্যবধান তৈরি করতে পারেনি।

দ্বিতীয় দফার ফল নির্ভর করবে প্রথম দফায় বাদ পড়া প্রার্থীদের ভোটাররা কোন দিকে যান এবং যারা ভোট দেননি, তাদের কতটা কেন্দ্রে আনা যায় তার ওপর।

বাদ পড়া প্রার্থীদের সম্মিলিত ভোটের পরিমাণ ছিল ৭.৮২ শতাংশ। এর বড় অংশই গেছে মধ্য-ডান ও ডানপন্থী প্রার্থীদের কাছে। 

অন্যদিকে, প্রায় ২১ শতাংশ ভোটার প্রথম দফায় ভোট দেননি। এই ভোটারদের মধ্যে কতজন দ্বিতীয় দফায় ভোট দিতে আসেন, সেটিও নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ট্রাম্পেরও বড় স্বার্থ

ব্রাজিলের দ্বিতীয় দফার নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও বড় রাজনৈতিক স্বার্থ রয়েছে। নির্বাচনি প্রচারণার শুরুতেই তিনি ফ্লাভিও বলসোনারোকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন। ট্রাম্প প্রশাসনের সঙ্গে লুলা সরকারের সম্পর্কও সাম্প্রতিক সময়ে বিপরীত দিকেই যাচ্ছে বলা চলে।

বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক অস্থিরতা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধিতায় মানুষের হতাশা ক্ষমতাসীনদের বিরুদ্ধে ভোটে বড় ভূমিকা রাখছে।

রাজনৈতিক বিশ্লেষক আলকান্তারা সায়েজের মতে, অনেক ভোটার এখন প্রচলিত রাজনৈতিক মেরুকরণে ক্লান্ত। তাদের কাছে নির্দিষ্ট নীতির চেয়ে রাজনৈতিক বিরোধিতা, হতাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ কাহতও মনে করেন, লাতিন আমেরিকায় বাম রাজনীতির জন্য এটি কঠিন সময় হলেও ধারাবাহিক ডানপন্থী সাফল্যকে বামপন্থার প্রতি সরাসরি প্রত্যাখ্যান হিসেবে দেখা ঠিক হবে না।

তার মতে, অনেক ক্ষেত্রে ভোটাররা অর্থনৈতিক অস্থিরতার সময়ে ক্ষমতাসীন দলকে প্রত্যাখ্যান করছেন।

লুলা না বলসোনারো- ব্রাজিলের বাইরে যার প্রভাবও বড়

আগামী ২৫ অক্টোবরের দ্বিতীয় দফার নির্বাচন তাই শুধু ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, সেই প্রশ্নে সীমাবদ্ধ থাকছে না। এর ফল লাতিন আমেরিকার রাজনৈতিক গতিপথেও প্রভাব ফেলতে পারে।

২৫ অক্টোবরের ভোট শুধু ব্রাজিলের ক্ষমতার পালাবদল নির্ধারণ করবে না; এটি লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশটি ট্রাম্পের আঞ্চলিক দৃষ্টিভঙ্গির পাল্টা শক্তি হিসেবে থাকবে, নাকি ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত হবে সেই প্রশ্নেও প্রভাব ফেলতে পারে।


তথ্যসূত্র: সিএনএন

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা