× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিকিৎসার নোবেল পদক কার হাতে উঠবে আজ

জাহাঙ্গীর সুর

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১২:৫৩ পিএম

ছবি: নোবেল প্রাইজ

ছবি: নোবেল প্রাইজ

মানবদেহের অজানা রহস্য ভেদ করা থেকে শুরু করে দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় যুগান্তকারী আবিষ্কারÑ বিজ্ঞানের এমন সব অসামান্য কীর্তির চূড়ান্ত স্বীকৃতি হলো চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার। বিশ্বজুড়ে বিজ্ঞানী ও গবেষকদের সারা জীবনের সাধনার পরম আরাধ্য এই সম্মাননা। চিকিৎসাশাস্ত্রে দিশারির নাম ঘোষণার মধ্য দিয়ে আজ সোমবার শুরু হচ্ছে এবারের নোবেল আসর। চিকিৎসাবিজ্ঞানের কোন যুগান্তকারী আবিষ্কার এবার পাবে এই চূড়ান্ত স্বীকৃতি, তা নিয়ে বিজ্ঞানী মহলের পাশাপাশি সাধারণের মধ্যেও চলছে চুলচেরা বিশ্লেষণ ও জল্পনাকল্পনা। 

এ বছর চিকিৎসায় নোবেল পাওয়ার দৌড়ে বেশ কয়েকজন দিকপালের নাম জোরালোভাবে উচ্চারিত হচ্ছে। সায়েন্টিফিক আমেরিকান সাময়িকীর এক অনলাইন প্রতিবেদনে ইউনিভার্সিটি অব লিসবনের ইমিউনোলজিস্ট লুইস ফেরেইরা মোইতা ভবিষ্যদ্বাণী করেছেন। তার মতেÑ এবার ফেভারিটদের তালিকায় আছেন অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফির উদ্ভাবক জেমস ফুজিমোতো, ডেভিড হুয়াং ও এরিক সোয়ানসন। আবার স্থূলতা চিকিৎসায় যুগান্তকারী ‘জিএলপি-১’ ভিত্তিক ওষুধ আবিষ্কারের জন্য স্ফেৎলানা মজসভ, জেন্স জুল হোলস্ট ও ড্যানিয়েল ড্রাকারও পেতে পারেন এই সম্মান। এ ছাড়া বি ও টি সেল নামের দুই ধরনের লিম্ফোসাইট আবিষ্কারের জন্য ম্যাক্স কুপার ও জ্যাক মিলার এবং জিন এডিটিংয়ে অসামান্য অবদানের জন্য ডেভিড লিউয়ের নামও সম্ভাব্য বিজয়ীর তালিকায় বেশ ওপরের দিকেই রয়েছে।

মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তথা রোগপ্রতিরোধ ক্ষমতা কীভাবে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং ভুলবশত নিজের অঙ্গ-প্রত্যঙ্গকে আক্রমণ করা থেকে বিরত থাকে, সেই মৌলিক রহস্য উন্মোচনের জন্য তিন বিজ্ঞানীকে ২০২৫ সালে শারীরতত্ত্ব বা চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। স্বীকৃতি পাওয়া ওই তিন দিকপাল হলেনÑ মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি। এই ত্রয়ীর গবেষণা অটোইমিউন রোগ ও ক্যানসার চিকিৎসায় এরই মধ্যে নতুন দিগন্ত খুলে দিয়েছে। শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা প্রতিদিন হাজার হাজার জীবাণুর আক্রমণ থেকে আমাদের রক্ষা করে। কিন্তু এই ব্যবস্থার যদি লাগাম টেনে ধরার কেউ না থাকে, তবে তা নিজের শরীরকেই আক্রমণ করে বসতে পারে। একেই বলে অটোইমিউন রোগ। এই তিন বিজ্ঞানী সেই লাগাম টেনে ধরার কৌশলটিই আবিষ্কার করেছেন।

নোবেলের ১২৫ বছরের ইতিহাস ঘাঁটলে দেখা যায় অনেক চমকপ্রদ তথ্য। ১৯০১ সালে চিকিৎসাবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান জার্মান বিজ্ঞানী এমিল এডলফ ফন বেহরিং। ডিপথেরিয়া রোগের বিরুদ্ধে রক্তের প্লাজমা বা ‘সিরাম থেরাপি’ আবিষ্কার করে কোটি শিশুর জীবন বাঁচানোর স্বীকৃতিস্বরূপ তিনি এই সম্মান লাভ করেছিলেন। তবে নারী বিজ্ঞানীদের ক্ষেত্রে এই পুরস্কারের পরিসংখ্যান কিছুটা হতাশাজনক। 

১৯০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত চিকিৎসায় মোট ২৩২ জন বিজয়ীর মধ্যে মাত্র ১৪ জন নারী এই গৌরব অর্জন করেছেন। ১৯৪৭ সালে গ্লুকোজ রূপান্তর নিয়ে কাজ করে প্রথম নারী হিসেবে চিকিৎসায় নোবেল পেয়েছিলেন গার্টি কোরি। 

বয়সের দিক থেকে এই শাখায় সবচেয়ে কনিষ্ঠ বিজয়ী হলেন কানাডিয়ান বিজ্ঞানী ফ্রেডরিক ব্যান্টিং; ১৯২৩ সালে ইনসুলিন আবিষ্কারের জন্য মাত্র ৩১ বছর বয়সে তিনি নোবেল পান। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সে এই পুরস্কার পান মার্কিন চিকিৎসক পেটন রাউস। ক্যানসার সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কারের দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় পর ১৯৬৬ সালে ৮৭ বছর বয়সে তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।

চিকিৎসায় নোবেল নিয়ে ইতিহাসজুড়ে রয়েছে বেশ কিছু বিস্ময়কর ঘটনা। এ রকম দুটো ঘটনা তুলে ধরা যাকÑ ১. জীবাণু পান করে নোবেল পেয়েছিলেন মার্শাল। আলসারের কারণ প্রমাণ করতে ১৯৮৪ সালে অস্ট্রেলীয় চিকিৎসক ব্যারি মার্শাল ল্যাব থেকে সংগৃহীত হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়ার পুরো এক পাত্র ককটেল নিজেই গিলে ফেলেন। তীব্র অসুস্থ হয়ে নিজের বায়োপসি করে তিনি প্রমাণ করেন যে আলসার কোনো মসলাদার খাবারের জন্য নয়, বরং ব্যাকটেরিয়ার কারণেই হয়। এই অসামান্য সাহসিকতার জন্য ২০০৫ সালে তিনি নোবেল পান। 

২. ১৯২৩ সালে ইনসুলিন আবিষ্কারের জন্য ফ্রেডরিক ব্যান্টিং ও জন ম্যাকলিওড নোবেল পান। কিন্তু ব্যান্টিং রেগে আগুন হন, কারণ তার মতে ম্যাকলিওড ল্যাবে কোনো কাজই করেননি, আসল সহযোগী ছিলেন তার ছাত্র চার্লস বেস্ট। ক্ষোভে ব্যান্টিং নিজের অর্ধেক অর্থ বেস্টকে দিয়ে দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা