× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২২:১১ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬ ২২:১১ পিএম

কোয়েল মল্লিক। ফাইল ছবি

কোয়েল মল্লিক। ফাইল ছবি

পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় নিজের ছেড়ে দেওয়া আসনেই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হলেন টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। চলতি বছরের এপ্রিলে তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। কয়েক মাসের ব্যবধানে পদত্যাগ করে এবার দল বদলে বিজেপির টিকিটে সংসদের উচ্চকক্ষে যাওয়ার পথে এই অভিনেত্রী।

রবিবার ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপি প্রার্থী হিসেবে কোয়েল মল্লিকের নাম ঘোষণার পরই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ও বিরোধীদের কটাক্ষ। তবে বিরোধীদের এসব সমালোচনাকে গায়ে মাখতে নারাজ বিজেপি।

আগামী ১৬ অক্টোবর দুর্গাপূজার ষষ্ঠীর দিন পশ্চিমবঙ্গের এই রাজ্যসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার আসন বেড়ে দাঁড়িয়েছিল ছয়টিতে। কোয়েল জয়ী হলে এ সংখ্যা সাতে পৌঁছাবে। অন্যদিকে নির্বাচনের আগে রাজ্যসভায় তৃণমূলের সদস্যসংখ্যা যেখানে ১৩ ছিল, তা কমে এখন ৯-এ দাঁড়িয়েছে। বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের মধ্যে বিদ্রোহ দেখা দিলে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক রাজ্যসভা থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দেন। তারা এখন বিজেপির সংসদ সদস্য। এবার একই পথে হাঁটলেন অভিনেত্রী কোয়েলও।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি কোয়েল মল্লিককে রাজ্যসভার প্রার্থী হিসেবে ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। ১৬ মার্চ নির্বাচিত হয়ে ৬ এপ্রিল শপথ নেন তিনি। তাকে শ্রম, বস্ত্র ও দক্ষতা উন্নয়নবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যও করা হয়েছিল। তবে সাংসদ হিসেবে সংসদের একটি অধিবেশনেও অংশ নেননি তিনি। শপথ নেওয়ার সাড়ে তিন মাসের মাথায় (১৬ জুলাই) রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের পরপরই ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেন কোয়েল। এর আগে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদেরাও ভূপেন্দ্রর বাসভবনে একাধিকবার বৈঠক করেছিলেন। এমনকি মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষের এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কোয়েলের বাবা প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের হাত ধরে মঞ্চে তুলতে দেখা যায়। এর পর থেকেই কোয়েলের বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন রাজনৈতিক মহলে জোরালো হয়।

কোয়েল মল্লিককে বিজেপি প্রার্থী করার পর তৃণমূলের বিভিন্ন অংশ ও বিরোধী দলগুলো তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা ও বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক আখতারুজ্জামান দলটির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের সমালোচনা করেন। তিনি বলেন, “যারা রক্ত-ঘাম দিয়ে লড়াই করে জীবন বাজি রেখে তৃণমূলকে ক্ষমতায় এনেছিলেন, তাদের খেয়াল রাখেননি তিনি। বাইরের তারকা ও ধনকুবেরদের রাজ্যসভায় পাঠানো হয়েছিল, কোয়েল তাদের একজন। সময় বুঝে তারা এখন বিজেপিতে যাবেনই।” এর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো রাজনৈতিক সমঝোতা বা ‘সেটিং’ রয়েছে কি না, সে সন্দেহও প্রকাশ করেন তিনি।

অন্যদিকে মমতা তৃণমূলের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষ একে বিজেপির ‘দল ভাঙানোর খেলা’ ও কোয়েলের ‘বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “তৃণমূল থেকে লোক ভাঙিয়ে টিকিট দেওয়া রাজনৈতিক দ্বিচারিতা ছাড়া কিছু নয়। কোয়েলের বাবা রঞ্জিত মল্লিককে কলকাতার শেরিফ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোয়েলকে রাজনীতিতে এনে সরাসরি রাজ্যসভায় পাঠানো হলো। এত কিছুর পরও কেউ এভাবে বিশ্বাসঘাতকতা করলে রাজনীতির বাইরের বিশিষ্টজনদের ওপর থেকে দলগুলোর ভরসা উঠে যাবে।” তৃণমূলের ত্যাগী কর্মীদের দূরে ঠেলে গ্ল্যামার দুনিয়া থেকে প্রার্থী করার পুরোনো সিদ্ধান্তের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, ‘তৃণমূলের সাবেক মানেই বিজেপির বর্তমান। এর আগেও তিন তৃণমূল সাংসদ পদত্যাগ করে বিজেপিতে গেছেন। এটাই এখন দুই দলের ভেতরের রসায়ন। তৃণমূলের সাবেক নেতারা বিজেপিতে গুরুত্ব পেলেও দলের পুরোনো নেতারা অবহেলিত থেকে যাচ্ছেন।’

বিরোধীদের এমন কটাক্ষকে মোটেও পাত্তা দিতে চাইছে না রাজ্য বিজেপি। সুজন চক্রবর্তীর মন্তব্যের জবাবে বিজেপি নেতা রাহুল সিংহ বলেন, “আমাদের দলে কার কতটুকু গুরুত্ব রয়েছে, তা নিয়ে কথা বলার আগে সুজনবাবুদের নিজের দলের অবস্থা দেখা উচিত। যত দূর জানি, ওর নিজের দলেই তো ওকে কেউ পাত্তা দেয় না।”

গত জুলাইয়ে রথযাত্রার দিন রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছিলেন কোয়েল মল্লিক। ওই সময় কোয়েল অভিনীত ‘স্বার্থপর’ চলচ্চিত্রের পোস্টার শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁচা দিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এবার কোয়েল বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, আর কাকতালীয়ভাবে তার মুক্তিপ্রতীক্ষিত সিনেমার নাম ‘স্পর্ধা’।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা