× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রান্সে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ

সোমবার বন্ধ থাকছে ৫০০ হাইস্কুল

দ্য গার্ডিয়ান

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ২১:২২ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৬ ২১:২৫ পিএম

ফ্রান্সের মঁপেলিয়ে শহরে বিক্ষোভকারী হাইস্কুল শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঙ্গা পুলিশ। ছবি: ওরকাহুয়েলো গিয়্যোম/ইপিএ/দ্য গার্ডিয়ান

ফ্রান্সের মঁপেলিয়ে শহরে বিক্ষোভকারী হাইস্কুল শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে দাঙ্গা পুলিশ। ছবি: ওরকাহুয়েলো গিয়্যোম/ইপিএ/দ্য গার্ডিয়ান

শ্রেণিকক্ষের বেহাল দশা ও শিক্ষক সংকটসহ বিভিন্ন দাবিতে ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। সপ্তাহজুড়ে চলা এই আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার দেশটির অন্তত ৪০০ থেকে ৫০০টি হাইস্কুল আংশিক বা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সরকার।

ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার্দ গেফরে জানিয়েছেন, চলমান অস্থিরতার কারণে স্কুলগুলোতে পাঠদান ‘সম্পূর্ণ বা আংশিক স্থগিত’ রাখা হবে। তিনি জানান, আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ২৪টি স্কুলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আন্দোলন দমাতে গিয়ে এখন পর্যন্ত অন্তত পাঁচ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের বড় অংশই কিশোর বয়সী শিক্ষার্থী। শিক্ষার্থী ও শিক্ষকসহ আহত হয়েছেন বহু মানুষ। শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে দেশটির শিক্ষক ইউনিয়নগুলোও ধর্মঘটের ডাক দিয়েছে।

রাজধানী প্যারিসের লিসি ভলতেয়ার স্কুলের ফটকে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছে শিক্ষার্থীরা। ছবি: সারা মেসোনিয়ে/রয়টার্স/দ্য গার্ডিয়ান


বিক্ষোভের সূত্রপাত যেভাবে

গত সপ্তাহে রাজধানী প্যারিস ও এর আশপাশের এলাকায় বিক্ষোভের সূচনা হয়। শ্রেণিকক্ষে ধারণক্ষমতার চেয়ে বেশি শিক্ষার্থী, তীব্র শিক্ষক সংকট এবং জরাজীর্ণ ভবনের প্রতিবাদে বিভিন্ন স্কুলের ফটকে অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। তবে দ্রুতই এ আন্দোলন সহিংসতায় রূপ নেয়। মুখোশধারী বিক্ষোভকারীদের রাস্তায় আগুন জ্বালিয়ে ব্যারিকেড দিতে দেখা যায়। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুলিশ শিক্ষার্থীদের ওপর বেধড়ক লাঠিপেটা করছে।

মঙ্গলবার আবারও বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো জানিয়েছে, পরিস্থিতি এখন ‘নিয়ন্ত্রণের বাইরে’। প্যারিসের পুলিশপ্রধান প্যাট্রিস ফোর শিক্ষার্থীদের স্কুল অবরোধ প্রত্যাহার করে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অভিভাবকদের সতর্ক করে তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের আন্দোলনে ‘পেশাদার দাঙ্গাবাজরা’ ঢুকে সহিংসতা উসকে দিচ্ছে।

ফ্রান্সের স্ত্রাসবুর শহরে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল লাথি মেরে ফেরত পাঠাচ্ছে শিক্ষার্থীরা। ছবি: রোমিও বোয়েৎসলে/এএফপি/দ্য গার্ডিয়ান



‘শিক্ষা অধিকার, কোনো বিশেষ সুযোগ নয়’

উত্তর-পূর্ব প্যারিসের লিসি ভলতেয়ার হাইস্কুলের প্রবেশমুখে ময়লার বড় বড় বিন স্তূপ করে ব্যারিকেড দিয়ে রেখেছে শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিয়েছে ১৭ বছর বয়সী শিক্ষার্থী সোফিয়া (ছদ্মনাম)। স্বাভাবিক সময়ে স্প্যানিশ ক্লাসে থাকার কথা থাকলেও সে এখন ব্যারিকেডের সামনের সারিতে।

সোফিয়া বলে, “আমরা চাই এটি একটি বিশাল যুব আন্দোলনে রূপ নিক। আমরা কেবল সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এমন করুণ পরিবেশে পড়াশোনা করার চেয়ে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করা অনেক ভালো। নিজেদের কথা জানানোর এছাড়া আর কোনো পথ নেই।”

শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে লেখা ছিল—‘শিক্ষা অধিকার, কোনো বিশেষ সুযোগ নয়’। সোফিয়ার ক্ষোভ, ‘সেনাবাহিনীর পেছনে বিপুল অর্থ বরাদ্দ বাড়ানো হচ্ছে, অথচ শিক্ষার বাজেট কাটছাঁট করা হচ্ছে।’

বিক্ষোভকারীদের অভিযোগ, গড়ে প্রায় ৪০ জন শিক্ষার্থীকে এক ক্লাসে গাদাগাদি করে বসতে হয়। ভবনের ছাদ খসে পড়ে, ক্লাসরুমে রয়েছে পোকামাকড়ের উপদ্রব। এ ছাড়া মে-জুন মাসের তীব্র গরমে ক্লাসে টেকা দায় হয়ে পড়ে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনলাইন জটিলতা নিয়েও ক্ষুব্ধ তারা।

পুলিশের বলপ্রয়োগ ও হতাহত

দেশজুড়ে ছড়িয়ে পড়া এই আন্দোলনের মুখে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে বড় সংকটে পড়েছে ফরাসি সরকার। সরকার শিক্ষার্থীদের দাবিদাওয়াকে ‘যৌক্তিক’ বললেও ‘শহুরে সহিংসতার’ নিন্দা জানিয়েছে।

অন্যদিকে শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে নিয়মিত মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ, কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করছে। প্যারিসের ভাল দোয়াজ এলাকায় পুলিশের মারধর ও রাবার বুলেটের আঘাতে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রের মুখ ও চোয়াল মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, এ পর্যন্ত অন্তত ৬৫ জন শিক্ষাকর্মী আহত হয়েছেন, যার মধ্যে ৪০ জনই প্রধান শিক্ষক।

শুক্রবার ফ্রান্সের লিঁও শহরে রাজপথে নেমে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: লরাঁ সিপ্রিয়ানি/এপি/দ্য গার্ডিয়ান

দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা

লিসি ভলতেয়ার স্কুলের বাইরে অবস্থান নেওয়া শিক্ষার্থী ইভ (১৭) জানায়, তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। কিন্তু বহিরাগত কিছু লোক এসে অগ্নিসংযোগ ও

পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে।

আরেক শিক্ষার্থী কামিল (১৮) জানায়, আন্তর্জাতিক শিক্ষা সূচকে ফ্রান্সের ফলাফল দিন দিন খারাপ হচ্ছে। দীর্ঘ সময় ধরে ক্লাস নেওয়া হলেও সরকার শিক্ষার মানোন্নয়নে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

আন্দোলনের অংশ হিসেবে অনেক শিক্ষার্থীকে ফিলিস্তিনের গাজার সমর্থনে এবং দেশটির কট্টর ডানপন্থী নেত্রী মারিন ল্য পেনের বিরুদ্ধে স্লোগান দিতেও দেখা গেছে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য চালু থাকা ‘১ ইউরোর খাবার’ কর্মসূচি এবং আবাসন ভাতা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে।

১৯ বছর বয়সী শিক্ষার্থী সোফিয়ান বলেন, “তরুণরা কেবল উপযুক্ত পরিবেশে পড়াশোনা করতে চায়। সরকার ফলাফল খারাপ হওয়া নিয়ে কথা বলে, কিন্তু প্রতিকারে কিছুই করে না।’ ফলে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা