প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৬:৫৬ পিএম
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের উপস্থিতিতে দেশটির পূর্বাঞ্চল থেকে পূর্ব সাগরের দিকে একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। ছবি: রয়টার্স/আরব নিউজ
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে গতিপথ পরিবর্তনে সক্ষম একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সরাসরি তদারকি করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উৎক্ষেপণের সময় তার সঙ্গে ছিলেন কন্যা জু এই ও স্ত্রী রি সোল জু।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রবিবার সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ এ খবর জানিয়েছে।
কিম জং উনের প্রভাবশালী বোন জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের কারণে নতুন এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিচু দিয়ে ওড়ার সময়ও নিজস্ব গতিপথ পরিবর্তন করতে পারে। এর ফলে এই ক্ষেপণাস্ত্র হামলা ‘রোখার কোনো উপায় নেই’।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার ভোরের দিকে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর ওনসানের কাছাকাছি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। এটি ৭০০ কিলোমিটারেরও (৪৩৫ মাইল) বেশি পথ পাড়ি দেয়।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ‘হাইপারসনিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা’ পরিচালনাকারী সেনাদের প্রশিক্ষণের অংশ হিসেবে এই উৎক্ষেপণ মহড়া চালানো হয়েছে।
মহড়া তদারকি শেষে কিম জং উন বলেন, “আজকের এই মহড়ার মধ্য দিয়ে কৌশলগত ক্ষেপণাস্ত্র ইউনিটের সেনারা তাদের পেশাগত যোগ্যতা ও যেকোনো মুহূর্তে পাল্টা আক্রমণের পূর্ণ প্রস্তুতি প্রদর্শন করেছেন।” উত্তর কোরিয়ার আক্রমণাত্মক অস্ত্রের নির্ভরযোগ্যতা ও প্রাণঘাতী সক্ষমতা সম্পর্কে শত্রুদের বারবার বার্তা দিতে অবিরাম কাজ করে যাওয়ার নির্দেশ দেন তিনি।
কেসিএনএর প্রকাশিত ছবিতে দেখা গেছে, কমলা রঙের আগুনের শিখা ছড়িয়ে একটি ক্ষেপণাস্ত্র আকাশে উঠছে। অন্য একটি ছবিতে কিম জং উনকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়; তার এক পাশে কন্যা জু এই এবং অন্য পাশে হাততালি দিয়ে উদ্যাপন করছিলেন স্ত্রী রি সোল জু।
২০২২ সালে প্রথম জনসমক্ষে আসা কিমের কন্যা জু এই সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক আয়োজনে নিয়মিত উপস্থিত থাকছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মূল্যায়ন অনুযায়ী, কিম জং উনের উত্তরসূরি হওয়ার দৌড়ে জু এই সবচেয়ে এগিয়ে রয়েছেন।
সম্প্রতি দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিক অঞ্চলে (ডিএমজেড) এক বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন। এ ঘটনার জন্য পিয়ংইয়ংকে দায়ী করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানায় সিউল। তবে উত্তর কোরিয়া বিস্ফোরণের দায় অস্বীকার করে দক্ষিণ কোরিয়াকে ‘ঘৃণ্য’ আখ্যা দেয়। এমন টান টান উত্তেজনার মধ্যেই নতুন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া, যা দুই দেশের আলোচনা শুরুর পথকে আরও সংকুচিত করে তুলল।