প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৪:১৪ পিএম
নয়াদিল্লির যন্তরমন্তরের কাছে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। ছবি: এএনআই/এনডিটিভি
ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তরমন্তরে বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় দিল্লি পুলিশের বিরুদ্ধে তিন নারী সাংবাদিককে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযোগগুলোর ‘নিরপেক্ষ’ তদন্তের জন্য তা ক্রাইম ব্রাঞ্চের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি রবিবার এ তথ্য জানিয়েছে।
এর আগে, শনিবার এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এক নারী সাংবাদিকের অভিযোগ, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভের সময় পুলিশের এক সহকারী কমিশনার (এসিপি) তাকে যৌন নিপীড়ন করেন। পুলিশের কার্যক্রম ভিডিও করার সময় ওই পুলিশ কর্মকর্তা তাকে আপত্তিকরভাবে স্পর্শ করেন এবং ধাক্কা দিয়ে সরিয়ে দেন।
ওই সাংবাদিক আরও জানান, ঘটনার পর মামলা করতে তারা থানায় গেলেও পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযোগ (এফআইআর) নথিভুক্ত করেনি।
তবে দিল্লি পুলিশের ভাষ্য, অভিযোগ পাওয়া গেছে এবং ‘সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে’ তা ক্রাইম ব্রাঞ্চে স্থানান্তর করা হয়েছে।
এদিকে নারী সাংবাদিকদের সঙ্গে পুলিশের এমন আচরণে ‘উদ্বেগ ও ক্ষোভ’ প্রকাশ করেছে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া (পিসিআই)। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, “গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের আচরণ কোনোভাবেই স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের নির্ভয়ে, স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। দেশের খোদ রাজধানীতেই যদি তা না হয়, তবে তা ভারতের গণমাধ্যমের স্বাধীনতার ভবিষ্যতের জন্য মোটেই ভালো লক্ষণ নয়।”
একই সঙ্গে সাংবাদিকদের ওপর আক্রমণ ও হুমকি বন্ধ করে অভিযোগের বিষয়ে দিল্লি পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পিসিআই।
এ ঘটনায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহি দাবি করেছেন দেশটির লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় এর দায় অমিত শাহকেই নিতে হবে।
হিন্দিতে দেওয়া পোস্টে রাহুল গান্ধী লেখেন, “যন্তরমন্তরে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলেছেন এক নারী সাংবাদিক। একটি এফআইআর দায়েরের সাধারণ দাবিতে সেখানে শত শত সাংবাদিক ঘণ্টার পর ঘণ্টা বসে রয়েছেন। এটা কি পুলিশের ন্যূনতম দায়িত্বের মধ্যে পড়ে না? অথচ তারা তা-ও করেনি।”
তিনি উল্লেখ করেন, শুধু শনিবারই যন্তরমন্তর থেকে কয়েক শ মানুষকে আটক করা হয়েছে। নারী বিক্ষোভকারীদের সঙ্গে দুর্ব্যবহারের পাশাপাশি সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া ও তাদের টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। নারীদের সঙ্গে পুলিশের এমন অসদাচরণের ভিডিও প্রমাণ আগেও দেখা গেছে।
নিরাপত্তা নিয়ে শঙ্কিত নারী ও শিক্ষার্থীরা যখন সত্যাগ্রহ করছেন, তখন পুলিশ তাদের সুরক্ষা দেওয়ার বদলে চড়াও হচ্ছে বলে অভিযোগ করেন রাহুল। তিনি প্রশ্ন তোলেন, একটি সরকার যেখানে একজন নারীর অভিযোগ লিপিবদ্ধ করতেই ভয় পায়, তারা আসলে কাকে রক্ষা করছে?
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব দাবি করেন রাহুল গান্ধী।