তাইজ শহরের একটি রাস্তায় ইয়েমেনি সরকারের নিরাপত্তা বাহিনীর এক সদস্য তল্লাশি চৌকিতে দায়িত্ব পালন করছেন। ছবি: এএফপি
ইয়েমেনে সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টায় অন্তত ৭০০ হুথি বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী।
শনিবার ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানান, হুথিদের অবস্থান, সামরিক স্থাপনা, যানবাহন ও চলাচল লক্ষ্য করে ২৫৭টি ‘নির্দিষ্ট হামলা’ চালানো হয়েছে।
তিনি বলেন, এসব অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করা হয়। হামলায় হুথিদের ১৭০টি সামরিক যান ও ভারী সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সেনাবাহিনীর দাবি, হামলার প্রধান লক্ষ্য ছিল রাজধানী সানা, মিদি ও বাকিমসহ আল-জাওফ, মারিব, আল-বায়দা ও লাহিজের বিভিন্ন এলাকা। তবে সবচেয়ে তীব্র সামরিক অভিযান চালানো হয়েছে তাইজকে ঘিরে।
এর আগে শুক্রবার আল-নাজিলি জানিয়েছিলেন, ২৪ ঘণ্টায় প্রায় ৫০০টি সামরিক অভিযান চালিয়ে ১ হাজার ৫৪০ হুথি যোদ্ধাকে হত্যা বা আহত করা হয়েছে।
নতুন করে শুরু হওয়া সংঘাতে সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত তাইজ শহর গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। শহরটির বিভিন্ন ফ্রন্টে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।
স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, শহরের পশ্চিমাঞ্চলে হুথিরা ব্যাপক গোলাবর্ষণ করছে। এতে বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে। ধুবাব এলাকায় একটি আবাসিক এলাকায় গোলা আঘাত হানলে ছিটকে আসা ধাতব টুকরার আঘাতে একটি শিশু নিহত হয়েছে বলে জানা গেছে।
এদিকে সামা এলাকায় তীব্র সংঘর্ষের পর সরকারি বাহিনী একটি গুরুত্বপূর্ণ দুর্গের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা। সংঘর্ষে বেশ কয়েকজন হুথি নিহত বা আহত হয়েছে বলেও দাবি করা হয়েছে।
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাইজের আল-হুবান ক্রসিং বন্ধ করে দিয়েছে ইয়েমেনি সরকার। হুথি-নিয়ন্ত্রিত আল-হুবান ও সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত তাইজ শহরের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি ২০২৪ সালে মানবিক কারণে বেসামরিকদের জন্য খুলে দেওয়া হয়েছিল।
সরকারি কর্মকর্তাদের দাবি, হুথিদের অনুপ্রবেশের চেষ্টা, আশপাশে হামলা এবং সামরিক তৎপরতা বৃদ্ধির কারণে সড়কটি আবার বন্ধ করা হয়েছে।
২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর থেকে ইয়েমেনে গৃহযুদ্ধ চলছে। ২০২২ সালে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হলেও চলতি বছরের জুলাইয়ে তা ভেঙে যায়। এরপর দেশটির বিভিন্ন এলাকায় আবারও সংঘাত তীব্র হয়েছে।
তবে ইয়েমেনি সেনাবাহিনীর ৭০০ হুথি নিহত হওয়ার দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।