জাহাঙ্গীর সুর
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ০৯:০১ এএম
ছবি: নোবেল প্রাইজ
কড়ির বিচারে আরও দামি পুরস্কার আছে। কিন্তু সম্মানের প্রশ্নে, মর্যাদার দিক থেকে নোবেল পুরস্কারই সেরা। বহু গবেষক, সাহিত্যিক ও নেতার অধরা স্বপ্নের নাম নোবেল। বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সেই পুরস্কারের মঞ্চ প্রস্তুত। শুরু হচ্ছে নোবেল সপ্তাহ।
আগামীকাল সোমবার চিকিৎসাবিজ্ঞানে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে পর্দা উঠবে এই মহাযজ্ঞের। এই গৌরবময় পুরস্কারের ইতিহাসে জুড়ে আছে বাংলাদেশ ও বাঙালির নামও। মধ্যপ্রাচ্যে যুদ্ধ জিউয়ে রেখে শয়ে শয়ে মানুষ মারলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বছর ধরে যেভাবে এই সম্মান পাওয়ার জন্য মরিয়া, এবারও শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে পুরনো ও বহুচর্চিত বিতর্ক ঘুচবে কি না, সন্দেহ অগাধ।
ডিনেমাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী মানবজাতির কল্যাণে অনন্য অবদানের স্বীকৃতি দিতে ১২৫ বছর ধরে এই বার্ষিক উৎসব উদযাপিত হয়ে আসছে। এবার মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসয়ান, বৃহস্পতিবার সাহিত্য ও শুক্রবার শান্তিতে পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হবে।
১২ অক্টোবর অর্থনীতিতে পুরস্কার ঘোষণার মাধ্যমে শেষ হবে বিজয়ীর নাম ঘোষণার আয়োজন। প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী ১০ ডিসেম্বর নরওয়ের অসলোয় শান্তিতে এবং বাকি পুরস্কারগুলো সুইডেনের স্টকহোমে জমকালো আয়োজনের মাধ্যমে তুলে দেওয়া হয়।
নোবেল ও বাংলাদেশের গৌরব
শান্তিতে অবদান রাখার জন্য গ্রামীণ ব্যাংক ও এর প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন, ২০০৬ সালে। ওই বছরের ১০ ডিসেম্বর অসলোতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি তাসলিমা বেগম এ পুরস্কার গ্রহণ করেন। বাংলাদেশের জন্য এ ছিল ইতিহাস, সেবারই প্রথম কেউÑ এখন পর্যন্ত একমাত্রÑ নোবেল পুরস্কার অর্জন করেন।
এ ছাড়া ২০১৭ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের গৌরবের কথা। সেবার আইনস্টাইনের তরঙ্গ ধরে নোবেল পেয়েছিলেন তিন বিজ্ঞানীÑ রাইনার উইস, ব্যারি ব্যারিশ ও কিপ থর্ন। তারা সহস্রাধিক বিজ্ঞানীর সংঘ লাইগোর অন্যতম শীর্ষ তিন বিজ্ঞানী। এই সংঘে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই বিজ্ঞানী দীপঙ্কর তালুকদার ও সেলিম শাহরিয়ার। পৃথিবী থেকে কোটি আলোকবর্ষেরও দূরে দুটি কৃষ্ণগহ্বরের সংঘর্ষে একশ ত্রিশ কোটি বছর আগে জন্ম নিয়েছিল যে মহাকর্ষীয় তরঙ্গ, সেই ঢেউই শনাক্ত করে বিজ্ঞানে বাঁকবদল ঘটিয়েছেন এই দলটি। দীপঙ্কর ও সেলিমসহ সাতজন বিজ্ঞানীর দীর্ঘ সাক্ষাৎকারের সারকথাসহ তাদের আবিষ্কারের গল্প এই প্রতিবেদক ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সবিস্তারে গণমাধ্যমে তুলে ধরেন; কিপ থর্ন ওই সময় এবং পরের বছর নোবেল পাওয়ার পর এই প্রতিবেদককে তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন।
নোবেল ও বাঙালি
নোবেলের এই বৈশ্বিক আসরে বাঙালিদের অর্জনও অত্যন্ত গৌরবোজ্জ্বল। ১৯১৩ সালে এশীয় ও বাঙালি হিসেবে প্রথম সাহিত্যে নোবেল এনে দেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অমর কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’র জন্য। দীর্ঘ ৮৫ বছর পর ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল অর্জন করেন অমর্ত্য সেন। ২০১৯ সালে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী এস্থার ডাফলো ও মাইকেল ক্রেমারসহ অর্থনীতিতে নোবেল পান চতুর্থ বাঙালি হিসেবে।
কলকাতায় এখনকার যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এই বিদ্যাপীঠ থেকে অর্থনীতিতে তিনি স্নাতক করেছিলেন। এই বিভাগেই শিক্ষকতা করতেন তার বাবা দীপক বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ নোবেল পাওয়ার পর বিভাগটির তৎকালীন চেয়ারপারসন অধ্যাপক মৌসুমী দত্ত এই প্রতিবেদককে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বলেছিলেন, “অভিজিতের ‘পোর ইকোনমিকস’ বইটি বহু পুরস্কার জিতেছে। দারিদ্র্যকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে সাহায্য করে এই বই। ফলে, অভিজিৎ যে নোবেল পাবেন, এটা ছিল সময়ের ব্যাপারমাত্র।”
ট্রাম্প ও নোবেল বিতর্ক
শান্তিতে নোবেল পাওয়ার জন্য সবচেয়ে বেশি তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বেশ কয়েকটি যুদ্ধ থামিয়ে দেওয়ার কৃতিত্ব স্বরূপ তিনি এই পুরস্কার প্রকাশ্যে দাবি করে আসছেন দেড় বছর ধরে। তিনি গত বছর এবং এ বছরও মনোনীত হয়েছেন। তবে গত ফেব্রুয়ারিতে ইরানে সামরিক আক্রমণ ও চলমান যুদ্ধের কারণে বিশ্লেষকদের মতে, এবারও ট্রাম্পের এই আশা পূরণ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু, ধারণা করা যায়, শান্তিতে যে বা যারাই নোবেল পান না কেন, এতে ট্রাম্পের প্রভাব থাকতে পারে।
এবারের দৌড়ে এগিয়ে যারা
চলতি বছর শান্তিতে নোবেলের জন্য মোট ২৮৭টি ব্যক্তি ও সংস্থার মনোনয়ন জমা পড়েছে। আন্তর্জাতিক শান্তি গবেষকদের মতে, এ বছর বিশ্বজুড়ে বহু মেরুকরণ ও সংঘাতের সময়ে বৈশ্বিক ঐক্যের প্রতীক হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে শান্তিতে নোবেল দেওয়া হতে পারে। পাশাপাশি আলোচনায় রয়েছে যুদ্ধবিধ্বস্ত সুদানের ইমার্জেন্সি রেসপন্স রুমস, ইউক্রেনের শিশু সুরক্ষাকর্মী মিকোলা কুলেবা, যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের ঝুঁকি নিয়ে কাজ করা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এবং আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। নারী প্রার্থীদের মধ্যে গাজার চিকিৎসক সারা আল সাক্কা ও ইউলিয়া নাভালনিয়ার নামও জোরেশোরে উচ্চারিত হচ্ছে।