প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ০৮:৫১ এএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬ ০৮:৫২ এএম
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ওমানের নাগরিক হামাম আল-হাম্মামি। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ক্যাপ্টেনকে হামলার অভিযোগে অভিযুক্ত কো-পাইলটের পরিচয় নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি ওমানের নাগরিক হামাম আল-হাম্মামি। এর আগে উগ্রপন্থী মতাদর্শের সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে উদ্বেগের কারণে ওমানে তাকে উড়োজাহাজ চালানো থেকে বিরত রাখা হয়েছিল বলে দাবি করা হয়েছে।
তবে তার পরিচয়, কথিত উগ্রপন্থী বিশ্বাস কিংবা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো চূড়ান্ত আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
গত বুধবার ১৭৪ আরোহী নিয়ে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইট FZ1073-এ হামলার ঘটনা ঘটে। অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া তথ্য অনুযায়ী, হামাম আল-হাম্মামির পরিচয় নিশ্চিত করেছেন পরিস্থিতি সম্পর্কে অবগত তিন ব্যক্তি। তাদের মধ্যে একজন উপসাগরীয় কূটনীতিক ও একজন পশ্চিমা কূটনীতিক রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে তারা আল জাজিরাকে জানান, তদন্তকারীরা এখনও খতিয়ে দেখছেন আল-হাম্মামি একাই হামলা চালিয়েছিলেন কি না, নাকি কোনো উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ ছিল।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আল-হাম্মামি ওমানের নাগরিক। তিনি সংযুক্ত আরব আমিরাতে জন্মগ্রহণ করেন এবং তার মা ছিলেন সিরিয়ার নাগরিক।
তার পূর্ববর্তী বিমান চলাচল-সংক্রান্ত কর্মজীবন নিয়েও প্রশ্ন উঠেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর উদ্ধৃত সূত্রের দাবি, ওমানে একসময় তাকে দেশটিতে বিমান চালানো থেকে নিষিদ্ধ করেছিল। কারণ হিসেবে তার কথিত উগ্রপন্থী মতাদর্শ নিয়ে উদ্বেগের কথা বলা হয়েছে।
তবে সেই কথিত মতাদর্শের প্রকৃতি কী ছিল কিংবা ওমান অন্য কোনো দেশ বা বিমান সংস্থাকে এ বিষয়ে সতর্ক করেছিল কি না, তা এখনো স্পষ্ট নয়।
সিএনএনের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, একই ধরনের উদ্বেগের কারণে তাকে পাইলট প্রশিক্ষণ থেকেও সরিয়ে অন্য দায়িত্বে দেওয়া হয়েছিল।
এদিকে, তার নামে থাকা একটি লিংকডইন প্রোফাইলের তথ্য অনুযায়ী, আল-হাম্মামি প্রায় সাত বছর ওমান এয়ারে কাজ করার পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটি ছাড়েন। পরে ২০২৫ সালের জুনে তিনি রয়্যাল এয়ার মারোক-এ যোগ দেন এবং ২০২৬ সালের জানুয়ারিতে সেখান থেকে চলে যান।
বাকিংহামশায়ার নিউ ইউনিভার্সিটিও জানিয়েছে, আল-হাম্মামি সেখানে বিমান ব্যবস্থাপনা বিষয়ে দূরশিক্ষণ কোর্স সম্পন্ন করেছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, সেখানে তিনি কোনো পাইলট প্রশিক্ষণ নেননি।
ফ্লাইটে কী ঘটেছিল
বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে উড্ডয়ন করে ফ্লাইদুবাইয়ের FZ1073। ফ্লাইটটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় ওঠার পর হঠাৎ দ্রুত নিচে নামতে শুরু করে।
ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, মাত্র দুই মিনিটের মধ্যে উড়োজাহাজটি প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে যায়। এরপর আবার ওপরে উঠে পুনরায় নিচে নামতে থাকে।
এই সময় ককপিটে দুই পাইলটের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে।
অভিযোগ, কো-পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে সংযুক্ত আরব আমিরাতে চিকিৎসাধীন অবস্থায় ভারতীয় এই ক্যাপ্টেন জানান, তিনি গুরুতর আহত হয়ে ককপিটের মেঝেতে পড়ে গিয়েছিলেন।
তার ভাষ্য অনুযায়ী, বিমানটি দ্রুত নিচে নেমে যাওয়ার সময় তিনি বুঝতে পারেন পরিস্থিতি ভয়াবহ। এরপর ককপিটের দরজা খুলে দিতে সক্ষম হন। তখন যাত্রী ও ক্রু সদস্যরা ককপিটে ঢুকে অভিযুক্ত কো-পাইলটকে নিয়ন্ত্রণে আনেন।
পরে বিমানে থাকা দুই অতিরিক্ত পাইলট উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেন। বিমানটি সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুকে নিরাপদে অবতরণ করে।
বিমানটি পরে ট্রান্সপন্ডারে ৭৫০০ কোড ব্যবহার করে, যা উড়োজাহাজে বেআইনি হস্তক্ষেপ বা ছিনতাইয়ের মতো পরিস্থিতির সংকেত হিসেবে ব্যবহৃত হয়।
হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলছে সংযুক্ত আরব আমিরাত
শনিবার সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল-শামসি বলেন, “তদন্তকারীরা প্রাথমিকভাবে ঘটনাটিকে একটি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে চিহ্নিত করেছেন”।
তার ভাষ্য অনুযায়ী, কো-পাইলট ককপিটে থাকা জরুরি ব্যবহারের কুঠার দিয়ে ক্যাপ্টেনের ওপর হামলা করেন এবং বিমানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন।
এর আগে বৃহস্পতিবার আল-শামসি তদন্তকারীদের নির্দেশ দিয়েছিলেন, ঘটনাটির সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড বা সন্ত্রাসী উদ্দেশ্য, পূর্বপরিকল্পনা কিংবা অন্য কারও নির্দেশনা জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখতে।
তবে এখন পর্যন্ত আমিরাতের পক্ষ থেকে হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য কিংবা অভিযুক্ত কো-পাইলট একাই হামলা চালিয়েছিলেন কি না, সে বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি।
তদন্তে কী পাওয়া যাচ্ছে
বর্তমানে তদন্তের নেতৃত্ব দিচ্ছে আবুধাবি। হামলার পরিস্থিতি, সম্ভাব্য উদ্দেশ্য এবং অন্য কারও সঙ্গে অভিযুক্তের যোগাযোগ ছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীরা শারীরিক ও ডিজিটাল আলামতও পরীক্ষা করছেন। প্রয়োজনীয় তদন্ত শেষ হলে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আমিরাতের কর্মকর্তারা।
এদিকে, ঘটনার তদন্ত চলায় ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইটগুলো এখনো স্থগিত রয়েছে।
ঘটনাটি একই সঙ্গে বিমানকর্মীদের নিয়োগ ও নিরাপত্তা যাচাই প্রক্রিয়া নিয়েও নতুন প্রশ্ন তৈরি করেছে- বিশেষ করে কোনো পাইলটের অতীত সম্পর্কে নিরাপত্তা-সংক্রান্ত সতর্কতা থাকলে তা আন্তর্জাতিক বিমান সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে কীভাবে আদান-প্রদান করা হয়, সে বিষয়ে।