বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাংলাদেশের মিশনের সামনে ফের বিক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। ছবি: দ্য ডেইলি অবজারভার
বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাংলাদেশের মিশনের সামনে ফের বিক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।
বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে শনিবার বাংলাদেশ মিশন ঘেরাওয়ের কর্মসূচি নেয় বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠান। এতে যোগ দেয় ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)।
শিয়ালদহ রেলস্টেশন থেকে শনিবার মিছিল বের করে দুই সংগঠন। এতে বিবেকানন্দ মিশন সেবা প্রতিষ্ঠানের শতাধিক সন্ন্যাসী ও সন্ন্যাসিনী এবং এনসিপিআইয়ের প্রায় ৬০ জন সমর্থক অংশ নেন।
মিছিলটি বাংলাদেশ মিশনের দিকে এগিয়ে যাওয়ার আগেই নিরাপত্তা ব্যবস্থা নেয় কলকাতা পুলিশ। মিশন থেকে প্রায় ৩০০ গজ দূরে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়া হয়।
একপর্যায়ে বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। এতে বাংলাদেশ মিশনসংলগ্ন এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ বিক্ষোভকারীদের মিশনের সামনে যেতে বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ মিশনের অনুমতি নিয়ে পাঁচজন প্রতিনিধিকে ভেতরে গিয়ে স্মারকলিপি দেওয়ার সুযোগ দেওয়া হয়।
স্মারকলিপিতে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানানো হয়।
স্মারকলিপি দেওয়ার পরও বেশ কিছুক্ষণ মিশনের বাইরে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পরে তারা মিশন চত্বর ছেড়ে চলে যান।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের কয়েকজন সংসদ সদস্য দল ছাড়ার পর এনসিপিআই নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। দলটি বর্তমানে বিজেপির জোটের সঙ্গে যুক্ত। শনিবার দলটির একাংশও এই কর্মসূচিতে অংশ নেয়।
দুই সংগঠনের যৌথ কর্মসূচিকে কেন্দ্র করে এদিন ফের উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার বাংলাদেশ মিশনসংলগ্ন এলাকা।