× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শতাধিক প্রাণ রক্ষা: আহত পাইলটকে দেখতে গেলেন শেখ হামদান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ০৮:৫৪ এএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬ ০০:০৩ এএম

শতাধিক প্রাণ রক্ষা: আহত পাইলটকে দেখতে গেলেন শেখ হামদান

দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম সন্ত্রাসী হামলার ঘটনায় আহত ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে দেখতে হাসপাতালে গেছেন। গত ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটের ককপিটে এক সহ-পাইলটের হামলায় তিনি আহত হন।

বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়োজাহাজটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের তেল আবিবের উদ্দেশে যাত্রা করেছিল। আকাশে থাকা অবস্থায় ককপিটে সহ-পাইলটের সঙ্গে সংঘর্ষের পর বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

শেখ হামদান স্মিত মাচ্ছারের সাহস, দায়িত্ববোধ এবং যাত্রীদের জীবন রক্ষায় তাঁর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, মাচ্ছার মানুষের জীবন রক্ষায় ‘সর্বোচ্চ সাহস, দায়িত্ববোধ ও যত্নের’ পরিচয় দিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের পক্ষ থেকে পাইলটের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হামদান তাঁকে দেশের জন্য গর্বের উৎস হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “তিনি আমাদের দলের অংশ এবং আমাদের জাতির গল্প ও মানবিক অভিজ্ঞতার অংশ—ভালোবাসার দেশ, শান্তির দেশ, জীবনের দেশ সংযুক্ত আরব আমিরাতের অংশ।”

শেখ হামদানের সঙ্গে এ সময় ছিলেন দুবাই সিভিল এভিয়েশন অথরিটির প্রেসিডেন্ট এবং এমিরেটসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম।

ককপিটে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ চেষ্টা

এদিকে ঘটনার তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। সংযুক্ত আরব আমিরাতের তদন্তে নিশ্চিত করা হয়েছে, উড়োজাহাজটি আকাশে থাকা অবস্থায় সহ-পাইলট ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালানোর চেষ্টা করেছিলেন।

তদন্তের তথ্য অনুযায়ী, সহ-পাইলট ককপিটের ভেতরে ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের ওপর একটি ক্র্যাশ অ্যাক্স দিয়ে হামলা করেন এবং উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। গুরুতর আহত হওয়ার পরও মাচ্ছার ও অন্য ক্রুরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে অবতরণ করে।

ফ্লাইদুবাই প্রধানের কৃতজ্ঞতা

ঘটনার পর ফ্লাইটের ক্রু, পাইলট এবং যাত্রীদের সাহসিকতার প্রশংসা করেছেন ফ্লাইদুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা গাইথ আল গাইথ।

তিনি বলেন, কঠিন পরিস্থিতির মধ্যে উড়োজাহাজটি নিয়ন্ত্রণে রেখে নিরাপদে অবতরণ করায় ক্যাপ্টেন ও পুরো ক্রুর প্রতি তাঁর গভীর কৃতজ্ঞতা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ক্রুদের সহায়তা করা যাত্রীদেরও ধন্যবাদ জানান তিনি।

আল গাইথ বলেন, ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যক্তিকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে।

‘সত্যিকারের নায়ক’ বললেন গারগাশ

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশও স্মিত মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করেছেন।

২ অক্টোবর তিনি বলেন, বিপজ্জনক সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সম্ভাব্য ভয়াবহ বিপর্যয়ের মুখে মাচ্ছার সাহস ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর পেশাদারিত্ব ও নৈতিক দায়িত্ববোধ তাঁকে ‘সত্যিকারের নায়ক’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলেও মন্তব্য করেন গারগাশ।

তবে একই সঙ্গে তিনি ঘটনাটিকে অতিরিক্ত সরলীকরণ বা ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানোর বিরুদ্ধে সতর্ক করেন। উগ্রবাদ ও সন্ত্রাসবাদের ঝুঁকি মোকাবিলায় সতর্কতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

মাচ্ছারকে ‘নায়ক’ বললেন মোদি

স্মিত মাচ্ছারের সাহসিকতার প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ১ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মোদি বলেন, গুরুতর আহত হওয়ার পরও অন্যদের জীবন রক্ষায় মাচ্ছার অসীম সাহস ও অটল সংকল্পের পরিচয় দিয়েছেন।

মোদি বলেন, মাচ্ছারের সাহসিকতা শত শত মানুষের জীবন রক্ষা করেছে এবং একটি বড় ধরনের বিপর্যয় এড়াতে সহায়তা করেছে। ভারতীয় এই পাইলটকে নিয়ে ভারত গর্বিত বলেও মন্তব্য করেন তিনি এবং তাঁর দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা