× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুবাই-তেল আবিব বিমানে হামলায় ইরানের সংশ্লিষ্টতা এখনই স্পষ্ট নয়: নেতানিয়াহু

বিবিসি

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ১৬:০৬ পিএম

ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ। ছবি: বিবিসি

ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ। ছবি: বিবিসি

দুবাই থেকে তেল আবিবগামী একটি ফ্লাইটে সহকর্মীকে ছুরিকাঘাত করে উড়োজাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাকারী পাইলটের সঙ্গে ইরানের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনই নিশ্চিত করে বলার সময় আসেনি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত বুধবার যাত্রার দুই ঘণ্টা পর ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজটি মাঝআকাশে হঠাৎ ১৭ হাজার ফুটেরও (৫,২০০ মিটার) বেশি নিচে নেমে আসে। তবে যাত্রী ও অন্য ক্রুরা তাৎক্ষণিকভাবে হামলাকারীকে পরাস্ত করে উড়োজাহাজের নিয়ন্ত্রণ ফিরে পান এবং বড় ধরনের বিপর্যয় এড়িয়ে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন।

ছুরিকাঘাতে আহত ওই ফ্লাইটের ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বর্তমানে হাসপাতালে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ‘প্রকৃত বীর’ বলে প্রশংসা করেছেন।

ফক্স নিউজকে নেতানিয়াহু জানান, আটক হামলাকারীকে সংযুক্ত আরব আমিরাতে হস্তান্তর করা হতে পারে, যেখান থেকে উড়োজাহাজটি যাত্রা শুরু করেছিল। বর্তমানে অভিযুক্ত ব্যক্তি সৌদি আরবে আটক রয়েছে এবং সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় ইরানের কোনো হাত আছে কি না—এমন প্রশ্নে নেতানিয়াহু বলেন, “এখনই এ বিষয়ে কিছু বলার সময় আসেনি।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ঘটনার পর তার সঙ্গে নেতানিয়াহুর কথা হয়েছে। তিনি মন্তব্য করেন, হামলাকারী হয়তো ‘একজন সন্ত্রাসী’ অথবা এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে। অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বিস্তারিত কোনো প্রমাণ উল্লেখ না করেই ঘটনাটিকে ‘ব্যর্থ জিহাদি সন্ত্রাসী হামলা’ বলে দাবি করেছেন।

সিএনএনকে নেতানিয়াহু জানান, ১৭৪ জন যাত্রী নিয়ে ইসরায়েলের উদ্দেশে রওনা হওয়া ওই ফ্লাইটের বিষয়ে তাদের কাছে কোনো ধরনের আগাম গোয়েন্দা সতর্কতা ছিল না।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্য অনুযায়ী, ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ (FZ1073) ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের দুই ঘণ্টা পর উড়োজাহাজটি হঠাৎ ১৭ হাজার ফুট নিচে নেমে যায়। এর পরপরই বিমানটি জরুরি বার্তা হিসেবে ‘স্কোয়াক ৭৭০’ এবং পরে বিমান ছিনতাইয়ের কোড ‘স্কোয়াক ৭৫০০’ পাঠায়। এরপর উড়োজাহাজটি সৌদি আরবে জরুরি অবতরণের প্রক্রিয়া শুরু করে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের শেয়ার করা এক ভিডিওতে ইয়ানিভ হায়ুন নামের এক যাত্রী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “আহত পাইলট দরজার খুব কাছে থাকায় আমাদের পক্ষে তা খোলা কঠিন ছিল। কিন্তু অচেতন হয়ে পড়ার আগমুহূর্তে তিনি ককপিটের দরজা খুলতে সক্ষম হন।” ইয়ানিভ আরও জানান, তিনি ভেতরে ঢুকে উড়োজাহাজ বিকল করার চেষ্টায় থাকা হামলাকারীকে পেছন থেকে জাপটে ধরেন। এরপর অন্য যাত্রীরা এসে হামলাকারীকে চেপে ধরে কাবু করেন। পরবর্তীতে ফ্লাইটে থাকা ডিউটিরত অন্য ক্রুরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

আরেক যাত্রী জভিকা মেনেজ ইসরায়েলের গণমাধ্যম ‘কান নিউজ’কে বলেন, যাত্রীরা হামলাকারীর কাছে থাকা প্লাস্টিকের লক (জিপ টাই) এবং হেডফোনের তার দিয়ে তাকে বেঁধে ফেলেন। বিমানে থাকা বহু শিশু ও পরিবার চরম ট্রমার মধ্যে দিয়ে গেছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় নেতানিয়াহু লেখেন, “গুরুতর আহত হওয়া সত্ত্বেও ওই পাইলট লড়াই করেছেন, ককপিটের দরজা খুলে দিয়ে যাত্রী ও ক্রুদের হামলাকারীকে থামানোর সুযোগ করে দিয়েছেন। ফলে মাঝআকাশের এক ভয়াবহ বিপর্যয় এড়ানো গেছে।” একই প্ল্যাটফর্মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “চরম বিপদের মুখে দাঁড়িয়ে এবং গুরুতর আহত হয়েও তিনি যে অদম্য সাহস ও দৃঢ়তা দেখিয়েছেন, তা অন্যদের জীবন রক্ষা করেছে।”

ফ্লাইটের যাত্রীদের প্রায় সবাই ইসরায়েলি ছিলেন। বুধবার শেষের দিকে আরেকটি ফ্লাইটে করে তাদের তেল আবিবে নিয়ে আসা হয়। সেখানে স্বজনরা পতাকা নেড়ে ও উল্লাস করে তাঁদের স্বাগত জানান।

এক বিবৃতিতে ফ্লাইদুবাই জানিয়েছে, ককপিটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটার পর ক্রুরা সফলভাবে পরিস্থিতি সামাল দেন এবং সৌদি আরবের তাবুক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করে। যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করা এবং ঘটনার আনুষ্ঠানিক তদন্তে পূর্ণ সহায়তা দেওয়াই তাদের অগ্রাধিকার।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা