বিবিসি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫২ পিএম
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ (এ৬-এফডিসি)। ২০১২ সালের ৩ আগস্ট তোলা ছবি। ছবি: ফয়সাল আকরাম/উইকিমিডিয়া কমন্স
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী একটি যাত্রীবাহী উড়োজাহাজের দুই পাইলটের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। এর জেরে মাঝআকাশে গতিপথ পরিবর্তন করে উড়োজাহাজটিকে সৌদি আরবে জরুরি অবতরণ করানো হয়েছে।
বুধবার ভোরে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইদুবাইয়ের ‘এফজেড১০৭৩’ ফ্লাইটটি তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। উড়োজাহাজটিতে প্রায় ১৫০ জন আরোহী ছিলেন, যাদের অধিকাংশই ইসরায়েলি নাগরিক। তবে মাঝপথে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে সেটি তেল আবিবে না গিয়ে সৌদি আরবের উত্তর-পূর্বাঞ্চলীয় তাবুক বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্যানুযায়ী, উড়াল দেওয়ার প্রায় দুই ঘণ্টা পর উড়োজাহাজটি থেকে একটি জরুরি সংকেত পাঠানো হয়। কয়েক মিনিট পর সেটি বিমান ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত সংকেতে পরিবর্তিত হয়। তবে কিছুক্ষণ পর তা আবার সাধারণ জরুরি সংকেতে ফিরে আসে।
ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে দেশটির প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, পাইলট ও সহ-পাইলটের মধ্যে বাগ্বিতণ্ডা ও সংঘর্ষের জেরেই ওই জরুরি সংকেত পাঠানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
যাত্রীদের সহায়তায় পাইলটকে নিয়ন্ত্রণ
উড়োজাহাজের ভেতরে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যমে বিস্তারিত তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী ইসরায়েলি সংবাদমাধ্যম ‘জেরুজালেম পোস্ট’কে বলেন, একজন পাইলট অপর পাইলটকে ছুরি দিয়ে আঘাত করেন। তবে ককপিটের কাছাকাছি থাকা কয়েকজন যাত্রী হামলাকারীকে ককপিট থেকে সরিয়ে দিতে সক্ষম হন।
ওই প্রত্যক্ষদর্শীর দাবি, বিমানের পেছনের দিকে আরও দুইজন পাইলট অবস্থান করছিলেন।
তিনি বলেন, “আমি তাদের দিকে চিৎকার করে বলেছিলাম যেন তারা দ্রুত গিয়ে বিমানের নিয়ন্ত্রণ নেয়।”
এ ঘটনায় দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং সৌদি আরবে অবস্থানরত ইসরায়েলি যাত্রীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে।