× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজার মৃত্যুর পর ‘গোপন সন্তান’ নিয়ে টানাপোড়েন, সিংহাসনে বসলেন টিভি সাংবাদিক

এপি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৪ পিএম

উগান্ডার ঐতিহ্যবাহী তোরো রাজ্যের রাজা হিসেবে অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিডি কিজানানগোমা। মঙ্গলবার দেশটির ফোর্ট পোর্টালে তোলা ছবি। ছবি: এপি/হাজারাহ নালওয়াদ্দা

উগান্ডার ঐতিহ্যবাহী তোরো রাজ্যের রাজা হিসেবে অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সাংবাদিক এডওয়ার্ড রুকিডি কিজানানগোমা। মঙ্গলবার দেশটির ফোর্ট পোর্টালে তোলা ছবি। ছবি: এপি/হাজারাহ নালওয়াদ্দা

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার ঐতিহ্যবাহী ‘তোরো’ রাজ্যের নতুন রাজা হিসেবে অভিষিক্ত হয়েছেন এক টিভি সাংবাদিক। গত মাসে রাজ্যটির সাবেক ‘শিশু রাজা’র মৃত্যুর পর শোকের আবহ এবং উত্তরাধিকার নিয়ে পারিবারিক বিরোধের মধ্যেই মঙ্গলবার তার অভিষেক সম্পন্ন হয়।

নতুন রাজা হিসেবে শপথ নেওয়া এই রাজপুত্র দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘উগান্ডা ব্রডকাস্টিং করপোরেশন’-এ (ইউবিসি) দীর্ঘদিন সংবাদ উপস্থাপক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অভিষেকের পর তিনি নিজের রাজকীয় নাম রেখেছেন ‘এডওয়ার্ড রুকিডি নিয়াবোঙ্গো’। সোমবার রাতভর ঐতিহ্যবাহী নানা আনুষ্ঠানিকতা শেষে তাকে রাজপ্রাসাদে নেওয়া হয় এবং মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রজাদের সামনে হাজির করা হয়।

ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন হওয়ার পর উগান্ডাকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ১৯৬০-এর দশকে তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট দেশটির প্রথাগত রাজতন্ত্র নিষিদ্ধ করেছিলেন। পরে ১৯৯৩ সালে তা পুনরুজ্জীবিত করা হয়। দেশটিতে এসব প্রথাগত নেতার কোনো সাংবিধানিক বা প্রাতিষ্ঠানিক প্রশাসনিক ক্ষমতা নেই এবং দলীয় রাজনীতিতে জড়ানোও আইনত নিষিদ্ধ। তবে সংস্কৃতি ও ঐতিহ্যের অভিভাবক হিসেবে নিজ জনগোষ্ঠীর কাছে তারা বিপুল প্রভাব বজায় রেখেছেন।

কঙ্গো সীমান্তের কাছে পশ্চিম উগান্ডার প্রত্যন্ত শহর ফোর্ট পোর্টালে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষ অনুষ্ঠানটি সরাসরি ও টেলিভিশনের পর্দায় উপভোগ করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি স্থানীয় ভাষা প্রসারে কার্যকর ভূমিকা রাখতে ঐতিহ্যবাহী রাজাদের প্রতি আহ্বান জানান।

অভিষেক অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রাজা নিয়াবোঙ্গো তার সব প্রজাকে ঐক্যবদ্ধ রাখার অঙ্গীকার করেন। দায়িত্ব নেওয়ার আগে স্থানীয় দৈনিক ‘নিউ ভিশন’কে তিনি বলেন, “ঐতিহ্যের সঙ্গে শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মেলবন্ধন থাকতে হবে। রাজবংশীয় হওয়াকে আমার পরিবার কখনোই কোনো বাড়তি অধিকার হিসেবে দেখতে দেয়নি; বরং এটি এমন এক দায়িত্ব, যার জন্য নিজেকে প্রস্তুত করাই ছিল মূল কাজ।”

উত্তরাধিকার নিয়ে বিরোধ

উত্তরাধিকারের সারিতে নিয়াবোঙ্গোর অবস্থান খুব একটা ওপরের দিকে ছিল না। তবে গত আগস্টে রাজ্যের তৎকালীন রাজা ওয়ো নিইম্বা ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৩৪ বছর বয়সে কোনো প্রকাশ্য উত্তরসূরি না রেখেই মারা যান। এরপর রাজপরিবারের শাসক গোত্র ‘বাবিতো’র প্রবীণ সদস্যরা যোগ্য রাজপুত্রদের মধ্য থেকে নিয়াবোঙ্গোকে বেছে নেন।

তবে এই সিদ্ধান্তের কড়া বিরোধিতা করেছেন প্রয়াত রাজার মা বা রাজমাতা বেস্ট কেমিগিসা। তার অভিযোগ, নিয়াবোঙ্গোকে নির্বাচনের ক্ষেত্রে রাজা ওয়োর লিখিত অন্তিম ইচ্ছা (উইল) অমান্য করা হয়েছে।

কেমিগিসার দাবি, ওয়ো একটি শিশুপুত্র রেখে গেছেন এবং সঠিক সময়ে তার পরিচয় প্রকাশ করা হবে। এই দাবির মধ্য দিয়ে তিনি নিয়াবোঙ্গোর বৈধতা এবং বাবিতো গোত্রের সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ করেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর ওয়োর অন্ত্যেষ্টিক্রিয়ায় তার মরদেহ কার জিম্মায় থাকবে, তা নিয়ে প্রকাশ্য বিবাদও তৈরি হয়েছিল।

ওয়োর সেই কথিত ছেলের আনুষ্ঠানিক পরিচয় এখনো জানা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বেবি ওয়ো’ দাবি করে কিছু ছবি ছড়িয়ে পড়েছে। তবে সমালোচকদের বক্তব্য, ওই সন্তানের অস্তিত্ব যদি সত্যিই থেকে থাকে, তবে বাবার জীবিত অবস্থাতেই গোত্রের প্রবীণদের কাছে তাকে পরিচয় করিয়ে দেওয়া উচিত ছিল।

গোত্রের এই সিদ্ধান্তের বিষয়ে উগান্ডার রাজনৈতিক বিশ্লেষক নিকোলাস সেনগোবা বলেন, বাবিতো গোত্রের প্রবীণেরা স্পষ্ট করেছেন যে এগুলোই রাজ্যের দীর্ঘদিনের রীতি। তবে তাঁদের নেওয়া অনেক সিদ্ধান্ত হয়তো সবার কাছে জনপ্রিয় নাও হতে পারে।

স্মরণে বিশ্বের সর্বকনিষ্ঠ সেই রাজা

বাবার মৃত্যুর পর ১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে রাজা হিসেবে অভিষিক্ত হয়েছিলেন ওয়ো নিইম্বা। বর্ণিল পোশাকের কৌতূহলী সেই শিশু রাজা প্রজাদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। অভিষেকের সময় ঐতিহ্যবাহী রীতির অংশ হিসেবে পিতার সমাধিতে সফলভাবে নয়টি কফির বীজ ছুড়ে প্রাপ্তবয়স্ক হওয়ার প্রতীকী পরীক্ষা দিয়েছিলেন তিনি।

একসময় বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা হিসেবে আন্তর্জাতিক মহলেও সমাদৃত ছিলেন ওয়ো। বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাসহ বহু বিশ্বনেতার দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে তোরো রাজপরিবারের বিশেষ সখ্য গড়ে উঠেছিল। 

২০১১ সালের অক্টোবরে মৃত্যুর আগপর্যন্ত গাদ্দাফি একাধিকবার উগান্ডা সফর করেন এবং দীর্ঘদিন ওয়ো ও তার মাকে সহযোগিতা দেন। ১৮ বছর বয়সে পূর্ণবয়স্ক হওয়ার আগপর্যন্ত রাজপরিষদের প্রতিনিধিদের নির্দেশনায় ওয়োর রাজ্য পরিচালিত হয়েছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা