ইরাকের নাজাফে কবরস্থান থেকে ইমাম আলী মাজারের দিকে যাওয়া একটি রাস্তায় মার্কিন সেনাবাহিনীর সাঁজোয়া যান। ছবি: রয়টার্স
দীর্ঘ ২৩ বছর পর অবশেষে ইরাক থেকে পূর্ণাঙ্গ সামরিক উপস্থিতি গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র।
ইরাকে থাকা মার্কিন সেনাদের শেষ দলটি বুধবার ঘাঁটি থেকে প্রত্যাহার করা হচ্ছে। এর মধ্য দিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির অবসান ঘটতে যাচ্ছে।
মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনাকে ইরান ও তাদের মিত্ররা ‘বিজয়’ হিসেবে দেখছে। তবে এই প্রত্যাহারের সিদ্ধান্ত সাম্প্রতিক নয়। ২০২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়েছিল। পরবর্তী সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।
ইরাকি প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছিল, ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করা হবে। ১ অক্টোবর থেকে ইরাকে আর কোনো বিদেশি সেনার উপস্থিতি থাকবে না বলেও জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের সামরিক অভিযানেরও সমাপ্তি ঘটছে। যুক্তরাষ্ট্র ও ইরাক এখন পরস্পরের সার্বভৌমত্ব ও দ্বিপাক্ষিক স্বার্থকে সম্মান করে অর্থনীতি ও নিরাপত্তা খাতে সহযোগিতামূলক সম্পর্ক জোরদারে মনোযোগ দেবে।
যেভাবে শুরু হয়েছিল মার্কিন সামরিক অভিযান
২০০৩ সালের ১৯ মার্চ ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। অভিযানের প্রায় নয় মাস পর গ্রেপ্তার হন সাদ্দাম। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে ২০০৬ সালের ৩০ ডিসেম্বর তার ফাঁসি কার্যকর হয়।
এরপরও ইরাকে মার্কিন সামরিক উপস্থিতি অব্যাহত থাকে। ২০১১ সালের শেষ দিকে এক দফা মার্কিন সেনা প্রত্যাহার করা হলেও কয়েক বছরের মধ্যেই আবার দেশটিতে মার্কিন বাহিনী ফিরে আসে।
এর প্রধান কারণ হয়ে ওঠে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের উত্থান। ২০১৪ সালে আইএস ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিলে তাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি বাহিনীকে সহায়তা করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট আবার ইরাকে সক্রিয় হয়।
৪ হাজার ৫০০ সেনার শেষ দলও ফিরছে
সাম্প্রতিক বছরগুলোতে ইরাকে মার্কিন সেনার সংখ্যা ধীরে ধীরে কমিয়ে আনা হচ্ছিল। সর্বশেষ বিভিন্ন মার্কিন ঘাঁটিতে প্রায় ৪ হাজার ৫০০ সেনা অবস্থান করছিলেন। বুধবার তাদের শেষ দলটিও ইরাক ছাড়ছে।
দুই দশকের বেশি সময়ের উপস্থিতিতে ইরাকি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ, গোয়েন্দা সহায়তা, সামরিক সরঞ্জাম ও অন্যান্য সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে ইরাকে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বিষয়টি অনেক ইরাকির কাছে স্বস্তির হলেও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগও রয়েছে।
ইরাকের নিরাপত্তা বিশ্লেষক জাসিম আল-বাহাদলি বলেন, “নিরাপত্তা ক্ষেত্রে যে কোনো শূন্যতা বিপজ্জনক হতে পারে”।
গত দুই দশকে ইরাক এমন পরিস্থিতি থেকে শিক্ষা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
নতুন অধ্যায়ে ইরাক-যুক্তরাষ্ট্র সম্পর্ক
মার্কিন সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ভূমিকার একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটছে। তবে ওয়াশিংটন ও বাগদাদের সম্পর্ক পুরোপুরি শেষ হচ্ছে না। বরং সামরিক উপস্থিতির পরিবর্তে অর্থনীতি, নিরাপত্তা সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে দুই দেশ।
একদিকে মার্কিন সেনাদের বিদায় ইরাকের সার্বভৌমত্বের প্রশ্নে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে ইরানপন্থী গোষ্ঠীর প্রভাব বৃদ্ধি এবং আইএসের সম্ভাব্য পুনরুত্থানের আশঙ্কা দেশটির সামনে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
ফলে ২৩ বছর পর মার্কিন সেনাদের ইরাক ছাড়ার মধ্য দিয়ে শুধু একটি সামরিক অধ্যায়েরই অবসান হচ্ছে না; একই সঙ্গে দেশটির নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতিতেও নতুন এক অধ্যায়ের সূচনা হচ্ছে।