× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংযোগহীন দেশেও অভিবাসী পাঠাতে পারবেন ট্রাম্প, অনুমতি সুপ্রিম কোর্টের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২০ এএম

ডোনাল্ড ট্রাম্প। ছবি: আল জাজিরা

ডোনাল্ড ট্রাম্প। ছবি: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের অভিবাসীদের তৃতীয় দেশে (যেসব দেশের সঙ্গে সংশ্লিষ্ট অভিবাসীদের কোনো সম্পর্ক নেই) পাঠানোর বিতর্কিত কর্মসূচি পুনরায় চালুর অনুমতি পেয়েছে ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট দেশটির স্থানীয় সময় মঙ্গলবার সাময়িকভাবে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। খবর সিএনএন।

তবে একই সঙ্গে মামলাটির মূল আইনি প্রশ্নগুলো শুনতে সম্মত হয়েছে সর্বোচ্চ আদালত। আগামী ডিসেম্বর এ বিষয়ে শুনানি হবে এবং আগামী বছরের জুলাইয়ের মধ্যে চূড়ান্ত রায় আসতে পারে।

ট্রাম্প প্রশাসন গত বছর অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এই নীতি চালু করে। এর আওতায় কোনো অভিবাসীকে তার নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব না হলে, তার সঙ্গে কোনো সম্পর্ক না থাকা অন্য একটি দেশে তাকে নির্বাসন দেওয়ার সুযোগ তৈরি হয়।

এ পর্যন্ত আনুমানিক ২৫ হাজার অভিবাসীকে এই কর্মসূচির আওতায় তৃতীয় দেশে পাঠানো হয়েছে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

নির্যাতনের আশঙ্কা নিয়ে মূল বিরোধ

এই নীতির বৈধতা নিয়ে বিতর্কের কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্রের অনুমোদিত কনভেনশন এগেইনস্ট টর্চার (সিএট)। এই আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, কোনো ব্যক্তিকে এমন দেশে পাঠানো নিষিদ্ধ, যেখানে তার নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

নিম্ন আদালতগুলোর সিদ্ধান্ত ছিল, তৃতীয় কোনো দেশে পাঠানোর আগে সংশ্লিষ্ট অভিবাসীকে তা জানাতে হবে এবং ওই দেশে নির্যাতনের আশঙ্কা থাকলে নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ দিতে হবে।

ট্রাম্প প্রশাসনের অবস্থান ভিন্ন। তাদের দাবি, কোনো দেশ থেকে একজন অভিবাসীকে গ্রহণ এবং নির্যাতন না করার নিশ্চয়তা পাওয়া গেলে প্রত্যেক ব্যক্তিকে আলাদাভাবে এমন দাবি জানানোর সুযোগ দেওয়া জরুরি নয়।

দক্ষিণ সুদানের ঘটনায় বাড়ে বিতর্ক

তৃতীয় দেশে নির্বাসন নীতি নিয়ে বিতর্ক তীব্র হয় গত বছর, যখন একদল অভিবাসীকে দক্ষিণ সুদানে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তাদের কয়েকজনকে পরে জিবুতিতে কয়েক সপ্তাহ আটক রাখা হয়। অভিবাসী অধিকারকর্মীদের অভিযোগ, তাদের একটি কনটেইনারে রূপান্তরিত স্থাপনাতেও রাখা হয়েছিল।

এই কর্মসূচি নিয়ে এর আগেও সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষে সাময়িক সিদ্ধান্ত দিয়েছে। তবে সেসব সিদ্ধান্ত ছিল জরুরি ভিত্তিতে দেওয়া আদেশ; মামলার মূল প্রশ্নের চূড়ান্ত নিষ্পত্তি নয়।

এবার আদালত মূলত তিনটি বিষয় বিবেচনা করবে- মামলাটি নিষ্পত্তির এখতিয়ার নিম্ন আদালতের ছিল কি না, পুরো শ্রেণির অভিবাসীদের জন্য নিম্ন আদালত আদেশ দিতে পারে কি না এবং তৃতীয় দেশে নির্বাসনের ট্রাম্প প্রশাসনের নীতি আইনসম্মত কি না।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বৈধতাকে আবারও সমর্থন করেছে।

তবে অভিবাসীদের আইনজীবীরা বলছেন, নির্বাসন পুরোপুরি বন্ধ করার প্রশ্ন নয়; বরং তাদের দাবি, তৃতীয় দেশে পাঠানোর আগে আইন অনুযায়ী অভিবাসীদের নিজেদের সম্ভাব্য নির্যাতনের আশঙ্কা জানানোর সুযোগ দিতে হবে।

সুপ্রিম কোর্টের মঙ্গলবারের আদেশে আপাতত কর্মসূচিটি চালু রাখার অনুমতি মিললেও এর চূড়ান্ত বৈধতা এখনো নির্ধারিত হয়নি। সেই সিদ্ধান্তের জন্য তাকাতে হবে আগামী ডিসেম্বরের মূল শুনানির দিকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা