× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইআরজিসির খোলা চিঠি

ট্রাম্প মহামিথ্যুক ও লোভী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৫ পিএম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে সরাসরি মার্কিন জনগণের উদ্দেশে অভাবনীয় এক বার্তা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী বাহিনী (আইআরজিসি)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একজন ‘মহামিথ্যাবাদী’ ও ‘লোভী’ আখ্যা দিয়ে তার যুদ্ধংদেহি নীতি প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে ইরানের এই এলিট সামরিক বাহিনী। ২৫ পৃষ্ঠার এক নজিরবিহীন খোলা চিঠিতে মার্কিন ভোটারদের প্রতি ইসরায়েলকে অন্ধ সমর্থন না জোগানোর অনুরোধ জানানোর পাশাপাশি শর্তসাপেক্ষে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রস্তাবও দিয়েছে তেহরান। খবর জেরুজালেম পোস্ট ও রয়টার্সের। 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে জড়ানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে আইআরজিসির ক্ষমতা ও প্রভাব আগের চেয়ে বহুগুণ বেড়েছে। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার প্রকাশিত ওই চিঠিতে মার্কিন জনগণকে উদ্দেশ করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন এলে ওয়াশিংটন ও তেহরানের পক্ষে শান্তিপূর্ণ সহাবস্থান সম্পূর্ণ সম্ভব।

আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি সাংবাদিকদের বলেন, ‘মার্কিন জনগণের সত্যটা জানা উচিত। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং তাদের উচিত অবিলম্বে এই অঞ্চল ছেড়ে চলে যাওয়া।’ তিনি জানান, এই চিঠি মার্কিন প্রশাসনের আচরণ রাতারাতি বদলে দেবেÑ এমনটা তারা আশা করেন না। তবে নির্বাচনের আগে মার্কিন ভোটাররা যেন সঠিক বার্তাটি পান, সেটিই তাদের লক্ষ্য। মোহেব্বি বলেন, ‘মার্কিন জনগণ অনেক বাস্তব ঘটনা সম্পর্কেই অবগত নন। আমরা বিশ্বাস করি, তারা যদি সত্যটা জানতেন, তবে ভিন্নভাবে চিন্তা করতেন এবং ভিন্ন সিদ্ধান্ত নিতেন।’

ট্রাম্পের তীব্র সমালোচনা করে মোহেব্বি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং এর সেনাসদস্যদের জীবন এমন একজনের হাতে তুলে দেওয়া হয়েছে, যিনি শুধু একজন চরম মিথ্যাবাদীই নন, বরং একজন পাগলাটে লোভী মানুষ। তার জীবনের একমাত্র লক্ষ্য বিপুল সম্পদের পাহাড় গড়া।’

গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, তিনি চাইলে ইসলামিক প্রজাতন্ত্রটিকে ‘গুঁড়িয়ে’ দিতে পারেন। তার দাবি, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই এই কঠোর অবস্থান। এর জবাবে আইআরজিসির মুখপাত্র বলেন, ‘শত্রুরা (যুক্তরাষ্ট্র) ভালো করেই জানে যে, ইরান পারমাণবিক অস্ত্র চায় না। তাদের মূল সমস্যা আমাদের পারমাণবিক কর্মসূচি নয়, বরং তারা আমাদের বিশালত্বকে ধ্বংস করতে চায়।’

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ কার্যকর রয়েছে বলেও দাবি করে আইআরজিসি। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, মার্কিন সামরিক পাহারায় কিছু তেলবাহী ট্যাংকার ওই পথ পাড়ি দিয়ে বিশ্ববাজারে তেল সরবরাহ স্বাভাবিক রাখছে। এই দাবি উড়িয়ে দিয়ে মোহেব্বি বলেন, ‘মার্কিন বাহিনী যদি রাতের অন্ধকারে চরম ঝুঁকি ও বিপুল খরচের বিনিময়ে লুকিয়ে ছোট কোনো জাহাজে করে ১০০ বা ২০০ ব্যারেল তেল পার করে নিয়ে যায়, তার মানে এই নয় যে, হরমুজ প্রণালি উন্মুক্ত হয়ে গেছে।’

অবশ্য জ্বালানি খাতের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। তাদের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে হরমুজ দিয়ে তেল রপ্তানি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ১ কোটি ব্যারেল তেল এই পথে রপ্তানি হচ্ছে, যা যুদ্ধপূর্ব স্বাভাবিক অবস্থার প্রায় অর্ধেক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা