× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পেসএক্সের রকেটে কক্ষপথে ভারতের প্রথম ‘অরবিটাল কম্পিউটিং’ স্যাটেলাইট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২০ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৬ ০১:০৬ এএম

স্পেসএক্সের রকেটে কক্ষপথে ভারতের প্রথম ‘অরবিটাল কম্পিউটিং’ স্যাটেলাইট

ভারতের মহাকাশ স্টার্টআপ টেকমি২স্পেস আগামী ১ অক্টোবর স্পেসএক্সের রকেটে একটি কক্ষপথভিত্তিক কম্পিউটিং স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এটি ভারতের প্রথম ‘অরবিটাল কম্পিউটিং’ স্যাটেলাইট। পৃথিবীতে বিপুল পরিমাণ কাঁচা তথ্য পাঠানোর পরিবর্তে কক্ষপথেই সেই তথ্য প্রক্রিয়াজাত করে প্রয়োজনীয় বিশ্লেষণ পাঠানো হবে।

এমওআই-১এ নামের ৫০ কেজির কম ওজনের স্যাটেলাইটটি স্পেসএক্সের ট্রান্সপোর্টার-১৮ রাইডশেয়ার মিশনের মাধ্যমে উৎক্ষেপণের কথা রয়েছে। এতে এনভিডিয়ার ‘ওরিন এনএক্স’ এজ-কম্পিউটিং প্রসেসর ব্যবহার করা হয়েছে।

টেকমি২স্পেস জানিয়েছে, মিশনটির জন্য ইতোমধ্যে ২৩টি গ্রাহক প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়েছে। এসব গ্রাহকের মধ্যে ভৌগোলিক তথ্যব্যবস্থা কোম্পানি ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বাণিজ্যিক গ্রাহকদের মধ্যে কৃষি, খনিশিল্প, সরবরাহ ব্যবস্থাপনা ও বিমা খাতের প্রতিষ্ঠানও রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠান লিটল প্লেস ল্যাবস তাদের অন্যতম গ্রাহক।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রোনাক সামান্ত্রে রয়টার্সকে বলেন, গ্রাহকরা স্যাটেলাইটে নিজেদের তৈরি কনটেইনারভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল আপলোড করতে পারবেন। নির্দিষ্ট কোনো এলাকার ওপর দিয়ে স্যাটেলাইটটি অতিক্রম করার সময় সংগৃহীত তথ্য কক্ষপথেই প্রক্রিয়াজাত করা হবে। এরপর সম্পূর্ণ কাঁচা ডেটা পৃথিবীতে পাঠানোর পরিবর্তে বিশ্লেষণের ফলাফল পাঠানো হবে।

সামান্ত্রের ভাষ্য, এতে বিপুল পরিমাণ কাঁচা তথ্য পৃথিবীতে ডাউনলোড করার প্রয়োজন কমবে। ফলে ডেটা ডাউনলোডের ব্যয় সাশ্রয় করে কক্ষপথে কম্পিউটিংয়ের জন্য অতিরিক্ত খরচের একটি অংশ পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

এমওআই-১এ মূলত একটি অনবোর্ড এজ-কম্পিউটিং স্যাটেলাইট, প্রচলিত অর্থে কোনো মহাকাশভিত্তিক ডেটা সেন্টার নয়। স্যাটেলাইটটিতে প্রায় ১৫০ ওয়াট বিদ্যুৎ ব্যবহারের সক্ষমতা রয়েছে। অন্যদিকে স্পেসএক্স ও স্টারক্লাউডের মতো প্রতিষ্ঠান ভবিষ্যতে স্থলভিত্তিক ডেটা সেন্টারে ব্যবহৃত আরও শক্তিশালী এনভিডিয়া চিপ মহাকাশে ব্যবহারের পরিকল্পনা করছে।

টেকমি২স্পেসের দীর্ঘমেয়াদি পরিকল্পনা হলো আরও বড় এবং পরস্পর সংযুক্ত স্যাটেলাইটের একটি নেটওয়ার্ক তৈরি করা, যার মাধ্যমে একই সময়ে একাধিক গ্রাহককে সেবা দেওয়া যাবে।

এর আগে ২০২৪ সালের শেষ দিকে প্রতিষ্ঠানটি একটি প্রযুক্তি প্রদর্শনী মিশন পরিচালনা করে। ওই মিশনে মহাকাশে অ্যাপ্লিকেশন আপলোড, কক্ষপথে এআই ইনফারেন্স এবং ফলাফল পৃথিবীতে পাঠানোর সক্ষমতা পরীক্ষা করা হয়। পরবর্তী এমওআই-১এ স্যাটেলাইটটি উৎক্ষেপণযানের তৃতীয় ধাপের ত্রুটির কারণে হারিয়ে যায়।

এ ছাড়া গুরুত্বপূর্ণ তথ্যের জন্য কক্ষপথে ‘কোল্ড স্টোরেজ’ সুবিধা দেওয়ার পরিকল্পনাও করছে টেকমি২স্পেস। আর্থিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা খাতের গ্রাহকদের লক্ষ্য করে এই সেবা চালুর কথা ভাবছে তারা। এর মাধ্যমে প্রচলিত স্থলভিত্তিক ক্লাউড ব্যবস্থার বাইরে গুরুত্বপূর্ণ তথ্যের অতিরিক্ত ব্যাকআপ সংরক্ষণ করা সম্ভব হবে।

কোম্পানিটি জানিয়েছে, তাদের অধিকাংশ স্যাটেলাইট সাবসিস্টেম ভারতেই নকশা ও তৈরি করা হয়। তবে চিপ, সৌরকোষ ও প্রপালশন সিস্টেমের মতো কিছু উপাদান বাইরে থেকে সংগ্রহ করা হয়। ২০২৭ সাল থেকে আরও বড় স্যাটেলাইট তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। এসব স্যাটেলাইটে কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর পাশাপাশি খরচ কমানোর লক্ষ্যও রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা