প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৬ পিএম
দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের মিনাবে ধ্বংসপ্রাপ্ত ‘শাজারাহ-ই তাইয়েবা’ প্রাথমিক বিদ্যালয়ের কাছে দাঁড়িয়ে আছেন ইরানি নাগরিকেরা। ১০ আগস্ট, ২০২৬। ছবি: এএফপি/আল জাজিরা
নতুন শিক্ষাবর্ষের সূচনা হয়েছে ইরানে। দীর্ঘ বিরতির পর শিশুরা শ্রেণিকক্ষে ফিরতে শুরু করেছে ঠিকই, তবে চিরচেনা আনন্দ আর উদ্দীপনার বদলে তাদের এই ফেরা কাটছে যুদ্ধের তীব্র আতঙ্ক ও গভীর ট্রমার মধ্য দিয়ে।
বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের ‘শাজারাহ-ই তাইয়েবা’ প্রাথমিক বিদ্যালয়ের ধ্বংসস্তূপ এখনো সেই দুঃসহ স্মৃতির সাক্ষ্য বহন করছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রথম দিনেই মার্কিন হামলায় ওই বিদ্যালয়ের ১২০ শিশু প্রাণ হারিয়েছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ধ্বংসপ্রাপ্ত শাজারাহ-ই তাইয়েবা স্কুলের জায়গায় নতুন একটি ভবন গড়ে তোলা হলেও স্বাভাবিক পরিবেশ এখনো ফেরেনি। নতুন শিক্ষাবর্ষের শুরুর ঘণ্টা শোনার জন্য শিক্ষার্থীরা সেখানে কেবল এক ঘণ্টার মতো অবস্থান করেছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার পর থেকেই ইরানে সশরীরে পাঠদান বন্ধ হয়ে যায়, চালু হয় অনলাইন শিক্ষা। সম্প্রতি দেশজুড়ে পুনরায় সরাসরি ক্লাস শুরুর মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও মিনাবসহ দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ঝুঁকি থেকেই গেছে। নতুন করে মার্কিন হামলার আশঙ্কায় ওই অঞ্চলের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম দুই সপ্তাহ অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সেদিনের সেই দুঃসহ স্মৃতি
যুদ্ধ শুরুর দিন শনিবার সকালে শাজারাহ-ই তাইয়েবা স্কুলে সাপ্তাহিক ক্লাস সবে শুরু হয়েছিল। বিমান হামলার সাইরেন বাজার পর শিক্ষার্থীদের যখন নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছিল, ঠিক তখনই স্কুলের কাছে দ্বিতীয় দফা হামলায় অন্তত ১২০ শিশু ও ৩৫ জন প্রাপ্তবয়স্ক নিহত হন।
সেই বীভৎস স্মৃতি আজও তাড়িয়ে বেড়াচ্ছে অভিভাবকদের। সেদিন হামলার খবর পেয়ে সন্তানদের উদ্ধারে বের হয়ে রাজপথে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে ছিলেন মা-বাবারা। কোনো উপায় না দেখে অনেকে রাস্তায় গাড়ি ফেলে রেখেই পায়ে হেঁটে স্কুলের দিকে ছুটে গিয়েছিলেন।
অভিভাবকদের তাড়া করছে নতুন শঙ্কা
নিরাপত্তা শঙ্কায় পুরো নাম প্রকাশ না করে তেহরানের এক অভিভাবক মেসাম আল জাজিরাকে বলেন, “আবার যদি যুদ্ধ শুরু হয় এবং সন্তানকে স্কুল থেকে ফিরিয়ে আনতে বলা হয়, তবে আমি কতটা দ্রুত সেখানে পৌঁছাতে পারব—এই উদ্বেগ মন থেকে কিছুতেই দূর করতে পারছি না।” প্রথম শ্রেণিতে পড়ুয়া সন্তানের বাবা হোসাইন জানান, সন্তানকে স্কুলে রেখে কাজে যাওয়ার সময় তাঁর মাথায় একটাই ভয় তাড়া করছিল—যেকোনো মুহূর্তে হয়তো আবারও ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে।
মিনাবের শিক্ষক ফারামারজ ওই হামলায় স্ত্রী ও সাত বছরের মেয়েকে হারিয়েছেন। স্বজন হারানোর বেদনায় তিনি বলেন, “আমাদের চার সদস্যের পরিবারের জীবন এই স্কুলকে ঘিরেই আবর্তিত হতো। সেই পরিবারের অর্ধেক আজ নেই। আমার নিহত মেয়ের স্কুলব্যাগে একরাশ স্বপ্ন ছাড়া আর কিছুই ছিল না। স্কুল হয়তো আবার খুলছে, কিন্তু আমার জীবন আর কখনোই আগের মতো হবে না।”
ক্ষতিগ্রস্ত সহস্রাধিক শিক্ষাপ্রতিষ্ঠান
ইরানের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধের সময় দেশটির ১ হাজার ২৮৮টি বিদ্যালয় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অনেক স্কুল মেরামত করা হয়েছে এবং নতুন শ্রেণিকক্ষও তৈরি হয়েছে। এ ছাড়া সাম্প্রতিক যুদ্ধের প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে পাঠ্যক্রমে ‘আত্মত্যাগ ও শাহাদত ঘণ্টা’ অন্তর্ভুক্ত করা হচ্ছে। ভবিষ্যতে সংঘাত ফের ছড়িয়ে পড়লে বিকল্প হিসেবে অনলাইন ক্লাসের পরিকাঠামোও জোরদার করা হয়েছে।
অনলাইন শিক্ষার দীর্ঘমেয়াদি সংকট
দীর্ঘদিন অনলাইন ক্লাসে অভ্যস্ত থাকার কারণে শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানান শিক্ষক ও অভিভাবকেরা। তেহরানের শহরতলির শিক্ষক আমির বলেন, গত শিক্ষাবর্ষের নয় মাসের মধ্যে চার মাসই অনলাইনে কাটাতে হয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক ও পড়াশোনার স্বাভাবিক রুটিন নষ্ট হয়েছে।
তেহরানের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়নব বলেন, “মাথার ওপর যুদ্ধবিমান ওড়ার শব্দের মধ্যে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা অসম্ভব। আর পুনরায় অনলাইন শিক্ষা চালু হলে যেসব শিক্ষার্থীর ইন্টারনেট সুবিধা নেই, তারা পড়ালেখা থেকে পুরোপুরি ছিটকে পড়বে।”
এদিকে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে প্রকাশিত এক ভিডিওতে শাজারাহ-ই তাইয়েবা স্কুলের এক শিক্ষার্থী নিহত সহপাঠীদের স্মরণ করে বলে, “আমার খুব কষ্ট হচ্ছে যে পাশের বাড়ির যে বন্ধুদের সঙ্গে স্কুলে আসতাম, তাদের আর কোনো দিন দেখতে পারব না। ওদের কথা খুব মনে পড়ছে।”