× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়েমেনে সংঘাত কেড়ে নিল বই, বেঁচে থাকার লড়াইয়ে শিশুরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৪ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৬ পিএম

ইয়েমেনে বাস্তুচ্যুতদের একটি শিবিরে হেঁটে যাচ্ছেন নারী ও শিশুরা। ছবি: রয়টার্স/দ্য গার্ডিয়ান

ইয়েমেনে বাস্তুচ্যুতদের একটি শিবিরে হেঁটে যাচ্ছেন নারী ও শিশুরা। ছবি: রয়টার্স/দ্য গার্ডিয়ান

সকালে বিদ্যালয়ে যাওয়া, আর বিকেলে বাবার সঙ্গে গবাদিপশুর দেখভাল—এভাবেই দিন কাটছিল ১৩ বছরের মুনীর ফারিয়ে’র। কৃষক পরিবারের সন্তান মুনীরের স্বপ্ন ছিল পড়ালেখা শিখে পরিবারের প্রথম শিক্ষক হওয়া। কিন্তু নতুন করে শুরু হওয়া যুদ্ধ সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। বিদ্যালয়ের ক্লাসরুমের বদলে বাজারের ফুটপাতে এখন মোজা বিক্রি করে দিন কাটছে তার।

ইয়েমেনে নতুন করে শুরু হওয়া সংঘাত কীভাবে শিশুদের জীবন ওলটপালট করে দিচ্ছে, তা নিয়ে একটি মানবিক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলায় ইরান-সমর্থিত হুতি ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর লড়াই ছড়িয়ে পড়ার পর ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হয় মুনীরের পরিবার। নিঃস্ব অবস্থায় তারা আশ্রয় নেয় তায়েজের আল-শিমায়াতিনের একটি শরণার্থীশিবিরে। সেখানে একটি ছোট তাঁবুতে মা-বাবা ও পাঁচ ভাইবোনের সঙ্গে মানবেতর দিন কাটছে তাদের।

দক্ষিণ ইয়েমেনে বাস্তুচ্যুতদের আল-ফারসি শিবিরে শিশুরা। ছবি: মোহাম্মদ হাকিম/এএফপি/গেটি ইমেজেস/ দ্য গার্ডিয়ান


পরিবারের মুখে খাবার তুলে দিতে মুনীর ও তার ভাই এখন শিবিরের বাইরের বাজারে মোজাসহ বিভিন্ন সস্তা পণ্য বিক্রি করছে। মুনীর বলে, “লেখাপড়া করা জরুরি, কিন্তু যখন খাবার ও পানির মতো মৌলিক চাহিদার সংকট থাকে, তখন তা সম্ভব নয়। যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমি কাজ চালিয়ে যাব।” তার বাবা গালেব ফারিয়ে জানান, কোনো উপায় না পেয়ে চরম অভাবের কারণেই ছেলেদের কাজে পাঠাতে বাধ্য হয়েছেন তিনি।

দ্য গার্ডিয়ান জানায়, গত সেপ্টেম্বর থেকে নতুন করে শুরু হওয়া এই সংঘাতে দেশটিতে ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। লোহিত সাগর উপকূলের বিভিন্ন শহর দখল করে হুতিরা তায়েজের কৌশলগত উঁচু স্থান ও সরবরাহ পথের দিকে অগ্রসর হলে এই সংঘাত তীব্র রূপ নেয়। এর মধ্য দিয়ে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির ফলে দেশটিতে যে আপেক্ষিক শান্তি বজায় ছিল, তা ভেঙে পড়ে।

এই লড়াই শুরু হওয়ার আগেই ইয়েমেনে গৃহযুদ্ধের কারণে ৩২ লাখেরও বেশি শিশুর শিক্ষাজীবন ব্যাহত হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সেই সংকট আরও ঘনীভূত হয়েছে।

পানি সংগ্রহ করে অস্থায়ী শিবিরে ফিরছেন বাস্তুচ্যুত ইয়েমেনি নারী ও শিশু। ছবি: ইব্রাহিম আল-সুহাইবি/রয়টার্স/ দ্য গার্ডিয়ান


সংঘাতপূর্ণ এলাকার বিদ্যালয়গুলোও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। তায়েজের মুসআব ইবনে উমায়ের স্কুলের প্রধান শিক্ষক আব্দুলওয়াসেয়া আবদু জানান, সম্প্রতি স্কুলের কাছেই একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তীব্র বিস্ফোরণে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে ৬০০ শিক্ষার্থীর স্কুলটি বন্ধ করে দিতে হয়। প্রধান শিক্ষক আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে স্কুল বন্ধ থাকলে বাস্তুচ্যুত বহু শিশু শ্রমে জড়িয়ে পড়তে পারে।

লড়াইয়ের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রাও অচল হয়ে পড়েছে। হুতি-নিয়ন্ত্রিত বন্দরনগরী মোখা এবং সরকার-নিয়ন্ত্রিত তায়েজের মধ্যকার প্রধান যোগাযোগ সড়কটি বন্ধ হয়ে গেছে। বড় ট্রাক ও পণ্য পরিবহনের একমাত্র গুরুত্বপূর্ণ পথটি বিচ্ছিন্ন থাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী হয়েছে। তায়েজের স্থানীয় বাসিন্দা ও কাঠমিস্ত্রি এহসাম নাবিল জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ এখন মাংস বাদ দিয়ে কম দামি খাবার খেতে বাধ্য হচ্ছে। এ ছাড়া রাস্তাঘাট বন্ধ হয়ে পড়ায় সাধারণ মানুষ ও প্রবাসীদের যাতায়াতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা