প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৫ পিএম
তুষারধসে নিখোঁজদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারীলা। ছবি: কাঠমান্ডু পোস্ট/নেপাল ন্যাশনাল মাউন্টেন গাইড
নেপালের মানাং জেলার ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমালে তুষারধসের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় নিখোঁজ আরও ১২ জনকে উদ্ধারে সোমবারও অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।
নেপাল ন্যাশনাল মাউন্টেন গাইড অ্যাসোসিয়েশনের (এনএনএমজিএ) বরাতে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, তুষার ধসের পর সোমবার পর্বতারোহী বীরেন্দ্র গুরুং ও ঘনশ্যাম রাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার চেবি ভোতে ও পাসাং ভোতের মরদেহ উদ্ধার করা হয়।
এনএনএমজিএর সভাপতি তুল সিং গুরুং জানান, তুষারধসে ক্ষতিগ্রস্ত এলাকায় সোমবারও সংস্থাটির অনুসন্ধান ও উদ্ধারকারী দল কাজ করেছে। আবহাওয়া ও পাহাড়ের পরিস্থিতি অনুকূলে থাকলে আরও তিন থেকে চার ঘণ্টা অভিযান চালানোর পরিকল্পনা ছিল তাদের।
তিনি বলেন, “চারজনের মরদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে। এখনও ১২ জন নিখোঁজ রয়েছেন এবং তাদের সন্ধানে অভিযান অব্যাহত আছে”।
রবিবার সকালে হিমলুং এলাকায় পর্বতারোহীদের একটি দলের ক্যাম্পে তুষারের বিশাল স্তর ধসে পড়ার পর প্রায় ১২ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
তাদের উদ্ধারে মিংমা জি শেরপার নেতৃত্বে একটি দলও অভিযানে যোগ দেয়। ইমাজিন নেপাল ট্রেক অ্যান্ড এক্সপেডিশনের অপারেটর এবং আন্তর্জাতিক পর্বতারোহী গাইড মিংমা জি শেরপার নেতৃত্বাধীন দলটি রবিবার কাঠমান্ডু থেকে রওনা হয়ে রাতে চামে অবস্থান করে। সোমবার সকালে হেলিকপ্টারে চামে থেকে তাদের হিমলুং বেস ক্যাম্পে নেওয়া হয়। সেখান থেকেই শুরু হয় নিখোঁজদের সন্ধান ও উদ্ধারের অভিযান।
হিমালয়া হলিডেজ ট্রেকিংয়ের কর্মকর্তা বিভূতি চন্দ ঠাকুর বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তাদের অভিযানের অন্তত আটজন সদস্য নিখোঁজ হয়েছেন। তবে মোট কতজন পর্বতারোহী ও সহায়ক কর্মী এখনও নিখোঁজ, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, রবিবার উদ্ধার হওয়া দুইজনের মরদেহ চামের একটি হাসপাতাল থেকে কাইলাশ হেলিকপ্টারের মাধ্যমে কাঠমান্ডুতে নেওয়া হয়। পরে মরদেহ দুটি অ্যাম্বুলেন্সে করে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালে পাঠানো হয়েছে।