প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩২ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫১ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রলয়ংকরী যুদ্ধ করতেও ইরান প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে কূটনীতির পথ এখনও খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করার পরও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান।
রবিবার এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আরাঘচি বলেন, “যুদ্ধ আবার শুরু হওয়ার সময়ের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। আমি আবারও বলছি, নতুন যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে দাঁড়াব- এমনকি সেটি প্রলয়ংকরী যুদ্ধের রূপ নিলেও।”
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প ইরানে আবারও বোমা হামলা শুরু করতে পারেন। এ বিষয়ে জানতে চাইলে আরাঘচি এসব কথা বলেন।
তিনি বলেন, একই সঙ্গে ইরান কূটনীতির জন্যও প্রস্তুত। এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর নির্ভর করছে।
গত সপ্তাহে ইরান একটি প্রস্তাব দিয়েছিল। ওই প্রস্তাবের আওতায় সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিয়ে গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক জ্বালানি রুটে স্বাভাবিক নৌ চলাচল চালুর কথা বলা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে মধ্যস্থতাকারী কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাবটি পৌঁছে দেওয়া হয়।
তবে শনিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি ইরানের ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, “আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। তারা এমন একটি চুক্তি করতে চায়, যার মাধ্যমে অবিলম্বে প্রণালিটি খুলে দেওয়া হবে, কারণ তারা ভয়াবহভাবে হেরে যাচ্ছে।”
রবিবারের সাক্ষাৎকারে উপস্থাপক ক্রিস্টেন ওয়েলকারকে আরাঘচি বলেন, ট্রাম্প প্রকাশ্যে প্রস্তাব প্রত্যাখ্যানের কথা বললেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ইরানকে জানানো হয়নি।
তিনি আবারও বলেন, সংঘাত অবসানের চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি খুলে দিতে প্রস্তুত ইরান। বিনিময়ে তেহরান চায় তাদের জব্দ করা অর্থ ও সম্পদ ছেড়ে দেওয়া হোক এবং দেশটি যেন আবার তেল বিক্রি করতে পারে।
আরাঘচি বলেন, এসব শর্ত নতুন কিছু নয়। এর আগে যুক্তরাষ্ট্র যেসব বিষয়ে সম্মত হয়েছিল, সেগুলোরই পুনরাবৃত্তি করা হয়েছে। তিনি জুনে দুই দেশের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করেন, যেখানে সাময়িক যুদ্ধবিরতির পরিকল্পনা ছিল। তবে কয়েক দিনের মধ্যেই নতুন করে হামলা-পাল্টা হামলার পর ওই সমঝোতা ভেস্তে যায়।
আরাঘচি বলেন, “আপনি যদি আমাদের জিজ্ঞেস করেন, তাহলে কূটনীতিতে ফিরে যাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমি এখনো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, কারণ আমি মনে করি শান্তির কোনো সুযোগই আমাদের হাতছাড়া করা উচিত নয়।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন নিয়ে আমরা চিন্তিত নই। আমরা আমাদের জাতীয় স্বার্থ নিয়ে চিন্তিত।”
আরাঘচির সাক্ষাৎকারের আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বলেছিলেন, বিভিন্ন কারণে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। তিনি ইঙ্গিত দেন, ইরানকে কয়েক বিলিয়ন ডলারের জব্দ অর্থের নাগাল দেওয়ার অনুমতি দিতে পারে না যুক্তরাষ্ট্র।
ওয়াল্টজ বলেন, “আমার মনে হয়, এটি ছিল বেশ কৌশলী একটি চেষ্টা। তারা এমন কিছু প্রস্তাব সামনে এনেছে, যেটি তারা জানত গ্রহণযোগ্য হবে না। তারা অবরোধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদে প্রবেশাধিকার চেয়েছে।”
ইরানে বর্তমানে আসলে কে সিদ্ধান্ত নিচ্ছে, সে প্রশ্নও তোলেন ওয়াল্টজ। তিনি বলেন, আগের সমঝোতা স্মারকের পর আন্তর্জাতিক নৌ চলাচলে হামলা চালিয়ে ইরান সেটি লঙ্ঘন করেছে।
ওয়াল্টজ আরও বলেন, “আমার মনে হয়, কয়েক মাস আগে আমরা যে প্রচেষ্টা চালিয়েছিলাম, তার পর এবার প্রেসিডেন্টের আস্থার জায়গাটি অনেকটাই কমে গেছে। তবে আমি বলতে পারি, বিশ্বকে পারমাণবিক অস্ত্রের মাধ্যমে ইরানের হুমকি থেকে নিরাপদ রাখতে প্রেসিডেন্ট সব ধরনের বিকল্প খোলা রাখবেন।”
ট্রাম্প কোন ধরনের চুক্তি গ্রহণ করবেন—এ প্রশ্নের জবাবে ওয়াল্টজ বলেন, “আমি প্রেসিডেন্টের হয়ে আলোচনা করব না।”
তিনি বলেন, “এটি পরবর্তী প্রজন্মকে এমন একটি ইরানের হুমকি থেকে নিরাপদ রাখার বিষয়, যে দেশ পারমাণবিক অস্ত্রের মাধ্যমে বিশ্বকে হুমকির মুখে ফেলছে।”
এর আগে গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, ইরানকে “ধ্বংস করে দেওয়া” নাকি চুক্তির পথে যাওয়া—এ দুটির মধ্যে কোনটি করা হবে, তা তিনি এখনো বিবেচনা করছেন।
ট্রাম্প বলেন, “আমি মনে করি, নির্বাচনের পরপরই আমরা একটি চুক্তিতে পৌঁছাব। কারণ তাদের জন্য তা না করার কোনো যুক্তি নেই। তারা অপেক্ষা করছে, মধ্যবর্তী নির্বাচনে আমি কেমন করি তা দেখার জন্য।”
সূত্র: এনবিসি নিউজ