× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় ৬ কোটি টন ধ্বংসস্তূপ, নিচে চাপা পড়ে আছে ১০ হাজার মরদেহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৪ পিএম

গাজা সিটির বেইরুত সড়কে একটি বুলডোজারের দিকে তাকিয়ে আছে এক শিশু। একসময়ের ব্যস্ততম এই এলাকাটি এখন কেবলই ধ্বংসস্তূপ। ছবি: আমজেদ তানতেশ/দ্য গার্ডিয়ান

গাজা সিটির বেইরুত সড়কে একটি বুলডোজারের দিকে তাকিয়ে আছে এক শিশু। একসময়ের ব্যস্ততম এই এলাকাটি এখন কেবলই ধ্বংসস্তূপ। ছবি: আমজেদ তানতেশ/দ্য গার্ডিয়ান

গাজা উপত্যকার তেল আল-হাওয়া এলাকার বেইরুত সড়কে সারা দিন ধরে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছিল। দিন শেষে চারপাশের ধসে পড়া কংক্রিটের পাহাড়ের দিকে তাকিয়ে ক্লান্ত প্রকৌশলী আহমেদ আলিয়ান দীর্ঘশ্বাস ফেলে বললেন, “আমার মনে হচ্ছে, আমরা যেন চামচ হাতে নিয়ে পুরো সমুদ্রের পানি সেচে ফেলার চেষ্টা করছি।”

গাজায় যুদ্ধবিধ্বস্ত জনপদের ধ্বংসস্তূপ পরিষ্কারের এই কাজকে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম ও জটিল উদ্ধার তৎপরতা হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির হিসাব অনুযায়ী, পুরো গাজাজুড়ে ছড়িয়ে রয়েছে প্রায় ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসাবশেষ। আর এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে আনুমানিক ৮ হাজার থেকে ১০ হাজার মানুষের মরদেহ। খবর দ্য গার্ডিয়ানের।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ফিলিস্তিনবিষয়ক বিশেষ প্রতিনিধি জেকো সিলিয়ার্স জানান, গাজায় যে পরিমাণ ধ্বংসস্তূপ তৈরি হয়েছে, তা গত ১৮ বছরে বিশ্বের সব যুদ্ধে সৃষ্ট মোট ধ্বংসাবশেষের চেয়ে প্রায় ২০ গুণ বেশি। এই বিপুল ধ্বংসস্তূপের মূল অংশ সরাতেই অন্তত ৭ থেকে ১০ বছর সময় লেগে যেতে পারে এবং ব্যয় হবে শত শত কোটি ডলার।

টানা দুই বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থাগুলো কাজ করে এখন পর্যন্ত প্রায় ৯ লাখ ৭ হাজার টন ধ্বংসস্তূপ সরাতে পেরেছে এবং ৩ লাখ টনের বেশি উপাদান পুনর্ব্যবহার করেছে। তবে তা গাজার মোট ধ্বংসাবশেষের মাত্র ১ দশমিক ৫ শতাংশ। এই তৎপরতার ফলে এখন পর্যন্ত ৫৮০ কিলোমিটার সড়ক পরিষ্কার করা সম্ভব হয়েছে, যার ওপর দিয়ে মূলত ত্রাণবাহী ট্রাক, উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা চলাচল করছেন।

তবে ধ্বংসস্তূপ অপসারণের ক্ষেত্রে সবচেয়ে সংবেদনশীল ও বড় মানবিক সংকট হয়ে দাঁড়িয়েছে মানুষের মরদেহের সন্ধান। ইউএনডিপির তথ্যমতে, ধ্বংসস্তূপের নিচে এখনো ৮ থেকে ১০ হাজার মানুষের মরদেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি)-এর সহযোগিতায় যেসব স্থানে মরদেহের সন্ধান মিলতে পারে, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে অভিযান চালানো হচ্ছে। নিহতদের ধর্মীয় রীতি অনুযায়ী দাফন এবং স্বজনদের প্রয়োজনীয় নথিপত্র দিতে ফরেনসিক প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ শনাক্ত করার চেষ্টা চলছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কর্মী নিহাল আবু হাসান বলেন, “অনেকের কাছে এই ধ্বংসস্তূপ কেবল ইট-পাথরের জঞ্জাল নয়; এর সঙ্গে তাদের পুরো জীবন ও স্মৃতি জড়িয়ে আছে। ধ্বংসস্তূপের নিচে হয়তো তাদের স্বজনদের লাশ রয়ে গেছে। তাই এটি সরানো পরিবার ও স্থানীয়দের জন্য অত্যন্ত স্পর্শকাতর এক বিষয়।”

মরদেহ উদ্ধারের পাশাপাশি কাজটিকে মারাত্মক ঝুঁকিপূর্ণ করে তুলেছে অবিস্ফোরিত গোলা ও গোলাবারুদ। ধ্বংসস্তূপের নিচে থাকা এসব বিস্ফোরক চিহ্নিত করে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের মাইন নিষ্ক্রিয়করণ সংস্থা (আনমাস) ও ব্রিটিশ দাতব্য সংস্থা ‘হ্যালো ট্রাস্ট’-এর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। এর পাশাপাশি বাতাসে ছড়িয়ে থাকা মারাত্মক ক্ষতিকর বিষাক্ত ‘অ্যাসবেসটস’ আঁশ এবং আংশিক টিকে থাকা ভবনের আকস্মিক ধসও উদ্ধারকারীদের জন্য বড় হুমকি তৈরি করছে।

উদ্ধারকাজে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি বিধিনিষেধ। খাবার ও ওষুধ ছাড়া ভারী যন্ত্রপাতি প্রবেশ করলে তা হামাসের কাজে লাগতে পারে—এমন ‘দ্বৈত ব্যবহারের’ অজুহাত তুলে ভারী সরঞ্জাম গাজায় ঢুকতে দিচ্ছে না ইসরায়েলি কর্তৃপক্ষ। ফলে স্থানীয় প্রকৌশলীদের তৈরি পুরোনো ও জরাজীর্ণ সরঞ্জাম দিয়েই কোনোমতে কাজ চালানো হচ্ছে।

একই সঙ্গে, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতির সময় নির্ধারিত তথাকথিত ‘ইয়েলো লাইন’ বা নিয়ন্ত্রণরেখা ইসরায়েলি বাহিনী ক্রমশ সম্প্রসারণ করায় গাজার মাত্র ৩০ শতাংশ ভূখণ্ডে এখন সাধারণ মানুষ ও সাহায্যকর্মীদের চলাচলের সুযোগ রয়েছে। ফলে উদ্ধার করা এসব ধ্বংসস্তূপ কোথায় সরিয়ে ফেলা হবে, তা নিয়েও চরম সংকট তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে ধ্বংসাবশেষ পুনর্ব্যবহার বা রিসাইক্লিংয়ের উদ্যোগ নিয়েছে জাতিসংঘ। গাজাজুড়ে পাঁচটি ক্রাশিং পয়েন্টে পুরোনো কংক্রিট গুঁড়ো করে মার্বেল আকারের পাথরে রূপান্তর করা হচ্ছে। ভাঙা এসব পাথর দিয়ে খানাখন্দ ভরাট ও রাস্তা মেরামত করা হচ্ছে। এ ছাড়া তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকা ২১ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়ের নিচে এসব গুঁড়ো পাথর বিছিয়ে দেওয়া হচ্ছে, যাতে বর্ষার পানি ও নর্দমার বর্জ্য থেকে তাঁবু রক্ষা পায়।

বিপুল এই ধ্বংসযজ্ঞের মাঝেও ধ্বংসস্তূপ সরানোর কিছু ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিভিন্ন এলাকার সড়ক পরিষ্কার করার পর গড়ে প্রায় ২০ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসাগুলো ফের চালু হতে দেখা যাচ্ছে। সড়ক উন্মুক্ত হওয়ায় যানবাহন চলাচল সহজ হয়েছে এবং রোগজীবাণু ছড়ানো ইঁদুর ও পোকামাকড়ের উপদ্রব কমছে।

ইউএনডিপির প্রতিনিধি জেকো সিলিয়ার্স বলেন, “প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সেবা গাজায় নিয়ে আসার ক্ষেত্রে মারাত্মক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তবে পুরো উদ্ধার প্রক্রিয়ার সামগ্রিক গতি এখনো অত্যন্ত ধীর।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা