× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাউথ আফ্রিকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বন্দুক হামলা, নিহত ২৭

বিবিসি

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৮ পিএম

জোহানেসবার্গের কাছে একটি বারে নির্বিচারে গুলি চালানোর পর পালিয়ে যাওয়ার সময় গাড়িতে আগুন ধরিয়ে দেয় বন্দুকধারীরা। ছবি: বিবিসি

জোহানেসবার্গের কাছে একটি বারে নির্বিচারে গুলি চালানোর পর পালিয়ে যাওয়ার সময় গাড়িতে আগুন ধরিয়ে দেয় বন্দুকধারীরা। ছবি: বিবিসি

সাউত আফ্রিকায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। দেশটিতে সাম্প্রতিক সময়ে ঘটা বন্দুক সহিংসতার মধ্যে এটি অন্যতম বড় রক্তপাতের ঘটনা। খবর বিবিসির।

পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় জোহানেসবার্গের কাছে একটি বারে। সেখানে আটজন বন্দুকধারী ঢুকে এলোপাতাড়ি গুলি চালালে ১৭ জন নিহত হন এবং আহত হন আরও ১৫ জন। বন্দুকধারীরা প্রথমে বারের বাইরে অবস্থানরত গ্রাহকদের লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পরে ভেতরে ঢুকেও হামলা চালায়। পালিয়ে যাওয়ার আগে তারা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ জানিয়েছে, বারের হামলায় নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ ও চারজন নারী রয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, প্রাদেশিক পুলিশের ডেপুটি কমিশনার মেজর জেনারেল ফ্রেড কেকানা ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, গত মাসে ঘটে যাওয়া এক সহিংসতার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। ওই ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছিলেন। তিনি আরও জানান, সন্দেহভাজনদের স্পষ্ট ছবি এবং কয়েকজনের নাম ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে।

এদিকে রবিবার ভোরে কেপটাউন শহরের কাছে একটি জনপদে (টাউনশিপ) বিনোদনকেন্দ্রের বাইরে দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে। সেখানে বন্দুকধারীদের গুলিতে ১০ জন নিহত এবং ১১ জন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলে এবং বাকি পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রবিবার সকাল পর্যন্ত কোনো ঘটনাতেই কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এমনকি এই দুটি হামলার সুনির্দিষ্ট কারণ সম্পর্কেও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এর মাত্র কয়েক দিন আগেই দেশটির ডারবান শহরের কোয়ামাখুথা এলাকার একটি বাড়িতে বন্দুকধারীদের গুলিতে ১১ জন নিহত হন।

বিশ্বে যেসব দেশে হত্যাকাণ্ডের হার সবচেয়ে বেশি, সাউথ আফ্রিকা তার অন্যতম। ৬ কোটি ২০ লাখ জনসংখ্যার এই দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় ৬০টি খুনের ঘটনা রেকর্ড করা হয়। দেশটিতে অবৈধ অস্ত্রের বিস্তার ও বন্দুক সহিংসতা কয়েক দশক ধরেই এক জটিল সমস্যা। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক এমন বড় বন্দুক হামলায় পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। মূলত মাদক চোরাচালান ও অবৈধ খনি কারবারের নিয়ন্ত্রণ নিতে বিবদমান অপরাধী চক্রগুলোর (গ্যাং) মধ্যকার দ্বন্দ্বেই এসব রক্তপাত ঘটছে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা সংগঠিত অপরাধ চক্রকে ‘আমাদের গণতন্ত্র, সমাজ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে বড় হুমকি’ বলে মন্তব্য করেছিলেন। সশস্ত্র সহিংসতা দমনে চলতি বছরের শুরুর দিকে সর্বোচ্চ অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়।

অন্যদিকে শনিবার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় একুরহুলেনি এলাকা থেকে আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সেখানে ১০ জন নারীর মরদেহ উদ্ধার হলো। মৃত্যুর ধরনের মধ্যে মিল থাকায় ওই এলাকায় কোনো ‘সিরিয়াল কিলার’ সক্রিয় রয়েছে কি না, তা উড়িয়ে দিচ্ছে না স্থানীয় পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা