কাঠমান্ডু পোস্ট
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪১ পিএম
নেপালের মানাং জেলার নার ফু অঞ্চলে হিমলুং হিমাল পর্বতশৃঙ্গে তুষারধসের ঘটনায় অন্তত ১৪ জন নেপালি নাগরিক নিখোঁজ হয়েছেন। ছবি: কাঠমান্ডু পোস্ট
নেপালের মানাং জেলার নার ফু অঞ্চলে হিমলুং হিমাল পর্বতশৃঙ্গে তুষারধসের ঘটনায় অন্তত ১৪ জন নেপালি নাগরিক নিখোঁজ হয়েছেন। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার ওই চূড়ায় কোনো উদ্ধারকারী হেলিকপ্টার পৌঁছাতে পারছে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
অভিযান পরিচালনাকারী সংস্থা ‘হিমালয়ান হলিডেজ ট্রেকিং’-এর প্রতিষ্ঠাতা বিভূতি চাঁদ ঠাকুর জানান, নিখোঁজ পর্বতারোহণ সহায়তাকারী দলটিকে উদ্ধারে রবিবার সকাল থেকেই সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় চলছে। তিন দশকের বেশি সময় ধরে হিমালয়ে অভিযান পরিচালনায় যুক্ত থাকা এই কর্মকর্তা নেপালের সংবাদমাধ্যম কান্তিপুরকে বলেন, ২২ সদস্যের ওই দলটির মধ্যে প্রথমে আটজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তথ্য পাওয়া যায়। পরবর্তীতে নিখোঁজের এই সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়।
নিখোঁজদের সবাই নেপালের নাগরিক। তাদের মধ্যে শেরপা গাইড, বাবুর্চি ও অন্যান্য সহযোগী কর্মী রয়েছেন। তবে সেখানে কোনো বিদেশি পর্বতারোহী ছিলেন না। বিদেশি আরোহীরা পৌঁছানোর পাঁচ থেকে ছয় দিন আগেই ক্যাম্প প্রস্তুত করা, পথ সুগম করা এবং দড়ি বাঁধার (রোপ ফিক্সিং) জন্য এই নেপালি দলটিকে সেখানে পাঠানো হয়েছিল।
বিভূতি চাঁদ ঠাকুর জানান, রবিবার সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে হিমলুংয়ে অবস্থানরত এক শেরপা হিমালয়ান হলিডেজের সিনিয়র ম্যানেজার দেবাশীষ মল্লাকে ফোন করে উদ্ধারের জন্য হেলিকপ্টার পাঠানোর অনুরোধ জানান। তখন আটজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছিল। পরে আরও একটি ফোনকল এলেও এরপর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
উদ্ধারকাজের জন্য রাজধানী কাঠমান্ডু ও পোখরায় হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া নেপাল সেনাবাহিনীর একটি হেলিকপ্টার মোতায়েনের বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।
নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক রামকৃষ্ণ লামিছানে নিশ্চিত করেছেন, সরকারের পক্ষ থেকে হেলিকপ্টার পাঠানোর চেষ্টা করা হলেও বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। এমনকি অন্য কোনো উদ্ধারকারী দলের পক্ষেও সড়কপথে সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে তাৎক্ষণিকভাবে স্থলপথেও উদ্ধার অভিযান শুরু করা যায়নি। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সমন্বয় করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে ট্রেকিং পরিচালনাকারী আরেক প্রতিষ্ঠান ‘ইমাজিন নেপাল’-এর মহাব্যবস্থাপক দাওয়া ফুটি শেরপা জানান, নিখোঁজদের মধ্যে তাদের দলেরও দুজন নেপালি সদস্য রয়েছেন। সকাল নয়টার পর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। তিনি জানান, মিংমা গ্যালজেনসহ আটজন অভিজ্ঞ মাউন্টেন গাইড কাঠমান্ডু বিমানবন্দরে অপেক্ষমাণ থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কোনো হেলিকপ্টার উড্ডয়ন করতে পারছে না।
হিমালয়ান হলিডেজ জানিয়েছে, চলতি মৌসুমে হিমলুং পর্বতে এটি তাদের দ্বিতীয় অভিযান ছিল। এখন আবহাওয়া কিছুটা অনুকূলে আসার অপেক্ষায় রয়েছেন উদ্ধারকর্মীরা, যাতে দ্রুত হেলিকপ্টার পাঠিয়ে উদ্ধার অভিযান শুরু করা যায়।