প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৬ পিএম
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও তার স্ত্রী পেং লিয়ুয়ানকে চা-চক্রে আপ্যায়ন করছেন। ছবি: এএফপি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত বিভিন্ন ঘটনার বিষয়ে যোগাযোগের জন্য ‘যোগাযোগ চ্যানেল’ প্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন।
ওয়াশিংটন ডিসিতে দুই দেশের শীর্ষ নেতার বৈঠকের পর এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরকালে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এআই, বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ইরান যুদ্ধ নিয়ে স্থবির পরিস্থিতিও তাদের আলোচনায় উঠে আসে। এ ছাড়া চলতি বছরে চীন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে তৃতীয় ও চতুর্থবারের মতো বৈঠকে বসার বিষয়টিও নিশ্চিত করেছেন দুই নেতা।
শুক্রবার হোয়াইট হাউস জানায়, এআই-সংক্রান্ত বিভিন্ন ঘটনার ক্ষেত্রে দুই দেশের মধ্যে যোগাযোগের জন্য একটি ‘দ্বিপক্ষীয় যোগাযোগ চ্যানেল’ চালুর বিষয়ে তারা একমত হয়েছে। তবে হোয়াইট হাউসের এই ঘোষণার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বেইজিং।
আলজাজিরার হোয়াইট হাউস প্রতিনিধি অ্যালান ফিশারের ভাষ্য, বড় কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে এবারের শীর্ষ বৈঠক।
তিনি বলেন, ‘অনেক আনুষ্ঠানিকতা ও জাঁকজমক ছিল। প্রকৃতপক্ষে অগ্রগতির চেয়ে জাঁকজমকই ছিল বেশি।’
দুই দেশ নভেম্বরে শেষ হতে যাওয়া বাণিজ্যবিরতি আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। নতুন করে এর মেয়াদ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে, যাতে দুই পক্ষ আলোচনার সুযোগ পায়।
ট্রাম্প বলেন, এই সফরের মধ্য দিয়ে শি জিনপিংয়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক আরও দৃঢ় হয়েছে, যা দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জন্য উপকারী হবে।
তিনি বলেন, ‘আমরা দুই অসাধারণ নেতার একটি চমৎকার সফর পেয়েছি। আমরা এটি সত্যিই উপভোগ করেছি। আমি মনে করি, আমরা অনেক অগ্রগতি করেছি। দুই দেশের জন্যই এটি ছিল বড় ও ইতিবাচক অগ্রগতি।’
অন্যদিকে শি জিনপিং দুই দেশকে ‘স্বাস্থ্যকর প্রতিযোগিতা’ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তার মতে, এই প্রতিযোগিতা এমন হওয়া উচিত যেখানে দুই দেশ একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাবে; এমন নয় যে একজন জিতবে আর অন্যজন হারবে।
শি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে। তাই এআইকে মানবকল্যাণে ব্যবহারের জন্য এর উন্নয়ন ও ব্যবস্থাপনায় দুই দেশের সক্ষমতার পাশাপাশি দায়িত্বও রয়েছে।
অ্যালান ফিশারের প্রতিবেদনে বলা হয়, বৈঠকে শি জিনপিং চীনের নির্দিষ্ট কিছু লক্ষ্য তুলে ধরেন। ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্ক ও আলোচনায় চীনকে আরও ‘ন্যায্য আচরণ’ করার নিশ্চয়তা চান তিনি। পাশাপাশি আসন্ন আলোচনাগুলো কীভাবে এগোবে, সে বিষয়ে কিছু নির্দেশনাও তুলে ধরেন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিং ট্রাম্পকে তাইওয়ান ইস্যু ‘বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা’ করার আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্য, ইউক্রেন ও কোরীয় উপদ্বীপ নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে।
বাণিজ্যের ক্ষেত্রে হোয়াইট হাউস জানিয়েছে, ২০২৭ ও ২০২৮ সালে যুক্তরাষ্ট্র থেকে অন্তত ১ কোটি টন কয়লা আমদানি করতে সম্মত হয়েছে চীন। পাশাপাশি দুই দেশের মধ্যে প্রায় ৩০ বিলিয়ন ডলারের ‘অসংবেদনশীল পণ্যে’ আরও অনুকূল শুল্ক সুবিধা দেওয়ার বিষয়েও সমঝোতা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানায় দুটি পান্ডা পাঠাবে চীন।
রাষ্ট্রীয় সফরটিতে ছিল নৈশভোজ, সামরিক কুচকাওয়াজ এবং ন্যাশনাল আর্কাইভস পরিদর্শন। সেখানে দুই নেতা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র ও সংবিধি দেখেন। এ সময় ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইতিহাস ২৫০ বছরের, আর তাদের (চীনের) ইতিহাস ৬ হাজার বছরের।’
নভেম্বরে চীনের শেনঝেনে এপেক সম্মেলন এবং ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে জি-২০ সম্মেলনে আবারও বৈঠকে বসবেন ট্রাম্প ও শি।
অ্যালান ফিশারের মতে, দুই দেশের মধ্যে সংলাপ অব্যাহত রাখার সিদ্ধান্তই সম্ভবত এবারের বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন।