নতুন প্রজন্মের ইরানি সেন্ট্রিফিউজ। ছবি: রয়টার্স
ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না বলে জানিয়েছেন দেশটির সংসদের অভ্যন্তরীণ বিষয় ও পরিষদবিষয়ক কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালেহ জোকার।
আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে সালেহ জোকারের বরাত দিয়ে বলা হয়েছে, বিভিন্ন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানি জনগণের ‘বৈধ অধিকার’ এবং দেশটির মৌলিক অধিকারের অংশ।
সালেহ জোকার বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবে দেশটির পারমাণবিক বিজ্ঞান থেকে সুবিধা নেওয়া অব্যাহত রাখা উচিত।
তিনি বলেন, শিল্প, চিকিৎসা, কৃষি ও জ্বালানি উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞানের ব্যবহার রয়েছে। এসব ক্ষেত্রে পারমাণবিক প্রযুক্তির ব্যবহার অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
সালেহ জোকার বলেন, “আমাদের ৬০ শতাংশ সমৃদ্ধকরণের প্রয়োজন নেই- এমন দাবি ঠিক সেটিই, যা শত্রুরা চায়।”
ইরানকে অবশ্যই ইরানি জনগণের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার রক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।