প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:১১ পিএম
জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এপি
গাজায় গণহত্যা চলছে। দুনিয়া দেখছে, নিন্দাও করছে। এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রায়ও হয়েছে। দেশটির যুদ্ধবাজ নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারে পরোয়ানাও জারি আছে। সেই দাম্ভিক ও বধির প্রধানমন্ত্রী মিত্ররাষ্ট্রের নিউইয়র্কে গিয়ে জাতিসংঘে কথা বলার সুযোগ পেয়ে একগুচ্ছ মিথ্যা বললেন। তিনি দাম্ভিক এই কারণে যে, তিনি বলেছেন, গাজায় ‘গণহত্যার ঠিক উল্টোটা’ ঘটছে অথচ অবরুদ্ধ উপত্যকায় ৭৪ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে তার বাহিনী। তিনি বধির এই জন্য যে, গাজায় সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ঘরে ও বাইরে নিন্দা ও সমালোচনা এবং গণবিক্ষোভ হলেও কারও কোনো কথা তিনি কানে তুলছেন না।
এই প্রেক্ষাপটে স্থানীয় সময় বৃহস্পতিবার সাধারণ অধিবেশনে যখন তিনি বক্তব্য রাখছিলেন, মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুসারে, তখন প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশসহ ৭৭টি দেশের প্রতিনিধিরা অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান। কে শোনে তার ডাহা মিথ্যা?
গাজাকে বাঁচতে দাও
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু যখন অধিবেশনে তার মিথ্যার ঝাঁপি খুলে বসেন, তখন বাইরে টাইমস স্কয়ারে কয়েক হাজার মানুষ যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেয়। এ বিক্ষোভ পরিকল্পিতই ছিল। তারা নেতানিয়াহুর নাম ধরে তার বিরুদ্ধে নানা রকম স্লোগান দেন। গাজায় যুদ্ধে কী হচ্ছে, তা ‘দুনিয়া দেখছে’ বলে প্রতিবাদীরা জোরালো কণ্ঠস্বর তোলেন।
তারা বলেন, ‘গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিনি স্বাধীন করো।’ অনেকের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘বোমা নয়, মানুষের জন্য তহবিল তোলো।’ প্রশাসন বদলালেও যুক্তরাষ্ট্র যেহেতু এখনও নেতানিয়াহুকে এই যুদ্ধে সমর্থন দিয়ে আসছে, পাশাপাশি অর্থ ও অস্ত্র দিয়ে যুদ্ধের রসদ জোগাচ্ছে, তাই বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘ইসরায়েলকে অস্ত্র দিও না, গাজাকে বাঁচতে দাও।’ এই বিক্ষোভে অংশ নেন ইহুদি, মুসলিম, লেবানিজ এবং যুদ্ধবিরোধী সাধারণ মানুষ। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, বিক্ষোভ থেকে অন্তত ১০০ জনকে আটক করা হয়েছে।
চুপ না থেকে রুখে দাঁড়ানোর প্রত্যয়
টাইমস স্কয়ারে বিক্ষোভের আয়োজক সংগঠন প্যালেস্টিনিয়ান ইয়ুথ মুভমেন্টের কর্মী নাস ইসা বলেন, “যুক্তরাষ্ট্র, ট্রাম্প ও নেতানিয়াহু জাতিসংঘকে নিজেদের দাপট দেখানোর মঞ্চ হিসেবে ব্যবহার করছেন, যাতে তারা বিশ্বের ওপর নিজেদের দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে পারেন। তাদের এই দৃষ্টিভঙ্গির ভিত্তি হলো পাশবিক শক্তি, আন্তর্জাতিক আগ্রাসন এবং বেআইনি অন্তহীন যুদ্ধ।”
তিনি আরও বলেন, “কয়েক দশক ধরে এবং বিশেষ করে গাজায় গণহত্যা শুরুর পর তিন বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে দায়মুক্তি ভোগ করে আসছে, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর অপরিহার্য দায়িত্ব হলো তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো।”
ফিলিস্তিনিদের অধিকার নিয়ে নিয়মিত সোচ্চার থাকা এবং বৃহস্পতিবার বিক্ষোভের আগে গ্রেপ্তার হওয়া অভিনয়শিল্পী হান্না আইনবাইন্ডার বলেন, “আমাদের সরকার যখন ফিলিস্তিনে একটি গণহত্যায় পুরোদমে অর্থায়ন করছে, তখন আমরা চুপ করে বসে থাকতে পারি না।”
তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি আমাদের প্রত্যেককে সোচ্চার হওয়ার এবং এই গণহত্যায় যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধের দাবি তোলার আহ্বান জানাচ্ছে।”
মেয়র মামদানির চোখে ‘এক যুদ্ধাপরাধী নেতা’
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নির্বাচনি প্রচারে ভোটারদের মন কাড়তে নেতানিয়াহুর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি বলেছিলেন, মেয়র নির্বাচিত হলে এবং কখনও নিউইয়র্কে নেতানিয়াহু এলে তাকে তিনি গ্রেপ্তার করবেন। কারণ মামদানি স্পষ্ট ভাষায় এখনও বলছেন, নেতানিয়াহু ‘একজন যুদ্ধাপরাধী, নিউইয়র্ক নগরীতে যাকে কখনোই স্বাগত জানানো হবে না’। কিন্তু এ বছরের গোড়ার দিকে তিনি স্বীকার করে নেন, নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়ার আইনি এখতিয়ার তার নেই। গত সপ্তাহে তিনি বলেন, জাতিসংঘের বাইরে কোনো বিক্ষোভ হলে এতে তিনি অংশ নেবেন না, কিন্তু নগরীর মানুষ যেকোনো ধরনের বিক্ষোভ করতে পারেন, কারণ এটা তাদের অধিকার।
ইসরায়েলের মুখে থুতু
মিডল ইস্ট মনিটর লিখেছে, ৮১তম অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য দিতে ওঠার সময়ই কক্ষ ত্যাগ করে ৭৭টি দেশের প্রতিনিধিদল। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ ও আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ক্রমবর্ধমান একঘরে হয়ে পড়ার সুস্পষ্ট প্রতিফলন এই গণবর্জন।
প্রায় ফাঁকা গ্যালারির সামনে দৃশ্যত অস্বস্তিতে থাকা নেতানিয়াহু তার ভাষণ শুরু করেন। এ ঘটনা সামাজিক মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৪ একে ‘ইসরায়েলের মুখে থুতু ছিটানোর সমতুল্য’ বলে মন্তব্য করেছে। ইয়েদিওত আহারনত একে বলেছে ‘নাটকীয় প্রতিবাদ’। অন্যদিকে দৈনিক হারেৎজ বলেছে, আন্তর্জাতিকভাবে কোণঠাসা নেতানিয়াহুর এই একঘেয়ে ভাষণ মূলত তার ডানপন্থী বেইজ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার মরিয়া চেষ্টা। দ্য গার্ডিয়ান ও ওয়াশিংটন পোস্ট এই ওয়াকআউটকে ইসরায়েলি নীতির বিরুদ্ধে ‘তীব্র বৈশ্বিক ক্ষোভের’ বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে।
নেতানিয়াহুর মিথ্যাচার
গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে গণহত্যার অভিযোগ সরাসরি নাকচ করে নেতানিয়াহু তার ভাষণে দাবি করেন, এই যুদ্ধ কোনোভাবেই গণহত্যা নয়, বরং এটি ‘গণহত্যার ঠিক বিপরীত’। তার অভিযোগ, বিশ্বজুড়ে একদল মানুষ ইসরায়েল ও তাদের সেনাদের বিরুদ্ধে ‘মিথ্যাচার’ ছড়াচ্ছে।
তার বক্তব্য শুরুর মুখে ফিলিস্তিনিদের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন দেশের কূটনীতিকরা যখন অধিবেশন কক্ষ থেকে দলবেঁধে বেরিয়ে যাচ্ছিলেন, তখন নেতানিয়াহু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “উপস্থিত শ্রোতাদের মধ্যে যদি আরও কোনো নৈতিক কাপুরুষ থেকে থাকে, তবে আমি তাদেরও বেরিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”
সমালোচকদের তীব্র আক্রমণ করে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে সরাসরি ‘ইহুদিবিদ্বেষী’ হিসেবে আখ্যা দেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ‘হামাস সন্ত্রাসীদের আশ্রয়দাতা স্বৈরশাসক’ বলে আক্রমণ করেন।
ইরানকে পুরো বিশ্বের জন্য এক অস্তিত্বের হুমকি হিসেবে তুলে ধরেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, তেহরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র জাতিসংঘ ভবন গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো বিমান হামলার যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, “ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা খুব কঠিন ছিল। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল আমার নেওয়া অন্যতম সহজ সিদ্ধান্ত। কারণ আমরা যদি তা না করতাম, তবে আমরা সবাই এত দিনে মারা যেতাম।”
ভাষণে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের পদক্ষেপের প্রতি বিশ্বের অনেক নেতারই নীরব সমর্থন রয়েছে, যা তারা প্রকাশ্যে বলতে পারেন না। ১৯৭৬ সালে উগান্ডার এন্টেবেতে বিমান ছিনতাই অভিযানের সময় নিহত হওয়া নিজের ভাই কমান্ডো ইয়োনাথান নেতানিয়াহুর স্মৃতি রোমন্থন করে তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন, “আমরা জিতবই। আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।”