× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ববাজারে কমল তেলের দাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলায় মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হলেও কূটনৈতিক সমাধানের আশাই বাজারে বেশি প্রভাব ফেলেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৪ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ১০৫ দশমিক ২৬ ডলারে নেমে আসে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৮৩ ডলার বা ১ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়ায় ৯২ দশমিক ৭৮ ডলারে।

চলতি সপ্তাহে সামগ্রিকভাবে ব্রেন্টের দাম ১ দশমিক ৫ শতাংশ বাড়লেও ডব্লিউটিআইয়ের দাম কমেছে ৭ দশমিক ৪ শতাংশ। তবে এর আগে গত বৃহস্পতিবার দুই ধরনের তেলের দামই প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়ে এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। বর্তমানে ব্রেন্ট ও ডব্লিউটিআই তেলের দামের ব্যবধান দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১২ দশমিক ৮৩ ডলারে, যা গত মে মাসের পর সর্বোচ্চ।

আলোচনা সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানায়, সংঘাত বন্ধে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকেরা পর্যায়ক্রমিক সমাধানের উপায় খুঁজছেন। প্রস্তাবিত চুক্তির আওতায় তেহরান হরমুজ প্রণালি উন্মুক্ত করবে এবং ওয়াশিংটন ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করবে।

বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, যুদ্ধ কখন শেষ হবে, তা বেছে নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের।

এসইবি রিসার্চের বিশ্লেষক এরিক মেয়ারসন এক নোটে উল্লেখ করেন, “এই মুহূর্তে সংঘাত আরও তীব্র বা অনিয়ন্ত্রিত করার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্র বা ইরান কারও নেই। আগামী কয়েক দিন ইরান যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সন্ধিক্ষণ হতে পারে।”

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সামরিক হামলা সত্ত্বেও কূটনৈতিক প্রত্যাশাই তেলের বাজারকে নিম্নমুখী রাখতে সহায়তা করছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর পর থেকে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাসের চালান ব্যাহত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞার আশঙ্কায় দেশটির স্থানীয় বাজারে অতিরিক্ত সরবরাহের সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত এ কারণেই দুই ধরনের তেলের মূল্যের ব্যবধান অনেকটা বেড়ে গেছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড সর্বোচ্চ প্রতি গ্যালন ৬ দশমিক ৫২৮ ডলারে পৌঁছানোয় দেশটির রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

অন্য দিকে, একটি যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবকে কীভাবে সহায়তা দেওয়া যায়, তা নিয়ে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানেরা বৈঠকে বসতে যাচ্ছেন। বিশ্বের বৃহত্তম জ্বালানি রপ্তানিকারক দেশ সৌদি আরবে হুতিদের অব্যাহত হামলা দেশটির তেল প্রবাহে বিঘ্ন ঘটিয়েছে।

শিপিং ও স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সৌদি আরব তাদের পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের দিকে অপরিশোধিত তেলের প্রবাহ বাড়াচ্ছে; যদিও সেখান থেকে ট্যাঙ্কারে এখনো তেল লোডিং শুরু হয়নি।

কেপলারের প্রাথমিক ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর শুরু হওয়া চলতি সপ্তাহে হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেলের প্রবাহ দাঁড়িয়েছে ৩ কোটি ৩৭ লাখ ব্যারেলে, যা আগের সপ্তাহের কাছাকাছি পর্যায়ে রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা