× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক্সে ইইউর ১২ কোটি ইউরো জরিমানা: মাস্কের পাশে দাঁড়াল যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপ করা ১২ কোটি ইউরো জরিমানা বাতিলে প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্কের পাশে দাঁড়িয়েছে মার্কিন প্রশাসন। এই জরিমানা বাতিলে মাস্কের আইনি লড়াইয়ে আনুষ্ঠানিকভাবে পক্ষভুক্ত হতে আবেদন করেছে যুক্তরাষ্ট্র সরকার। 

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মাস্ক ও এক্সের করা মামলা খারিজের আবেদনকে সমর্থন জানিয়ে ইইউর জেনারেল কোর্টে একটি পিটিশন দাখিল করেছে মার্কিন বিচার বিভাগ (ডিওজে)। আদালতের সংবিধি উল্লেখ করে মার্কিন বিচার বিভাগ দাবি করেছে, কোনো আইনি বিরোধের ফলাফলের সঙ্গে স্বার্থ জড়িত থাকলে যেকোনো রাষ্ট্র এতে হস্তক্ষেপ বা পক্ষভুক্ত হতে পারে। আন্তর্জাতিক আইনে ভৌগোলিক এখতিয়ারের নীতি বজায় রাখা এবং মার্কিন অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা প্রযুক্তি সেবাগুলোর সুরক্ষা নিশ্চিত করতে ওয়াশিংটনের সুস্পষ্ট স্বার্থ রয়েছে।

যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রেট এ শুমেট বৃহস্পতিবার বলেন, ইউরোপীয় কমিশন অন্যায্যভাবে এমন কিছু আমেরিকান কোম্পানির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বা এখতিয়ার বিস্তারের চেষ্টা করেছে, যা তাদের আওতাভুক্ত নয়।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ইইউর অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনাবিষয়ক নীতিমালা ‘ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট’ (ডিএসএ)-এর আওতায় প্রথমবারের মতো নিয়ম লঙ্ঘনের অভিযোগে এক্সকে ১২ কোটি ইউরো (১০ কোটি ৫০ লাখ পাউন্ড) জরিমানা করে ইউরোপীয় কমিশন। কমিশনের অভিযোগ, অর্থের বিনিময়ে ব্লু ভেরিফায়েড চেকমার্ক দিলেও অ্যাকাউন্টের পেছনে থাকা প্রকৃত ব্যক্তির পরিচয় অর্থবহভাবে যাচাই করে না এক্স, যা ব্যবহারকারীদের সঙ্গে একধরনের প্রতারণা। এ ছাড়া বিজ্ঞাপনে স্বচ্ছতার ঘাটতি এবং গবেষকদের উন্মুক্ত ডেটা ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগও আনা হয় প্ল্যাটফর্মটির বিরুদ্ধে।

জরিমানা ঘোষণার সময় ইইউর প্রযুক্তি সার্বভৌমত্ববিষয়ক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হেনা ভিরকুনেন বলেছিলেন, ব্যবহারকারীদের অধিকার ক্ষুণ্ন করা এবং জবাবদিহি এড়ানোর কারণে এক্সকে দায়ী করা হয়েছে। বিভ্রান্তিকর ব্লু চেকমার্ক, বিজ্ঞাপনের তথ্য গোপন করা এবং গবেষকদের প্রবেশাধিকার বন্ধ রাখার মতো বিষয়ের কোনো স্থান ইইউতে নেই। তবে কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে পদক্ষেপ নেওয়ার অভিযোগ অস্বীকার করে ইইউ জানিয়েছে, নিজস্ব ডিজিটাল ও গণতান্ত্রিক মানদণ্ড রক্ষার্থেই তারা এ ব্যবস্থা নিয়েছে।

এদিকে ইইউর এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুবিও লেখেন, ‘ইউরোপীয় কমিশনের এই জরিমানা কেবল এক্সের ওপর নয়, বরং সব মার্কিন প্রযুক্তি প্ল্যাটফর্ম ও আমেরিকার জনগণের ওপর বিদেশি সরকারের আক্রমণ। আমেরিকানদের অনলাইনে সেন্সর বা নিয়ন্ত্রণ করার দিন শেষ।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য শেয়ার করে ইলন মাস্ক মন্তব্য করেন, ‘একদম ঠিক’।

ব্লু টিক বিতর্কের বাইরেও এক্সের বিরুদ্ধে আরও কয়েকটি তদন্ত চালিয়ে যাচ্ছে ইইউ। এর মধ্যে প্ল্যাটফর্মটির কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী ‘গ্রোক’-এর মাধ্যমে বাস্তব মানুষের আপত্তিকর ও যৌনতাপূর্ণ ছবি তৈরির অভিযোগের বিষয়টিও রয়েছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য ইউরোপীয় কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা