প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৫ পিএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪১ পিএম
ভারত নিজস্ব প্রযুক্তিতে ঘণ্টায় সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম বুলেট ট্রেন তৈরির দিকে এগোচ্ছে। ‘বি৩৫’ নামে এই উচ্চগতির ট্রেন প্রকল্পের মাধ্যমে দেশটি রেল প্রযুক্তিতে স্বনির্ভরতা বাড়ানোর পাশাপাশি বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে চায়।
ভারতীয় রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশীয় প্রযুক্তিতে বুলেট ট্রেন তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে এসব ট্রেন পরিচালনার জন্য প্রয়োজনীয় অবকাঠামোও গড়ে তোলা হবে।
এই উদ্যোগের মধ্যে মুম্বাই-আহমেদাবাদ হাইস্পিড রেল (এমএএইচএসআর) প্রকল্পও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রকল্পটির জন্য বাড়তি অর্থ বরাদ্দ অনুমোদন করেছে। ফলে প্রকল্পটির মোট ব্যয় ২ লাখ কোটি রুপি ছাড়িয়েছে, যা ২০১৫ সালের প্রাথমিক হিসাবের প্রায় দ্বিগুণ। এর মধ্যে প্রায় ১ লাখ কোটি রুপি কেন্দ্রীয় বাজেট থেকে দেওয়া হবে।
‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, জাপান ২০২৪ সালের ডিসেম্বরে বিদ্যমান ই৫ সিরিজের ট্রেনের উৎপাদন ধীরে ধীরে বন্ধ করার ঘোষণা দেওয়ার পর ভারত বি৩৫ বুলেট ট্রেন নিয়ে কাজ শুরু করে। জাপান জানিয়েছিল, তাদের নতুন ই১০ সিরিজের ট্রেনের উৎপাদন ২০৩০ সালের দিকে শুরু হতে পারে এবং ২০৩৪ সালের মধ্যে সেগুলো যাত্রীসেবায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ট্রেনগুলো বাজারে এলে ভারত সেগুলো ব্যবহারের বিষয়টিও বিবেচনা করতে পারে।
এর পাশাপাশি ভারত নিজস্ব ‘বি২৮’ উচ্চগতির ট্রেন তৈরির কাজও শুরু করেছে। দেশটি ‘ভারত ট্রেন কন্ট্রোল সিস্টেম’ (বিটিসিএস) নামে নিজস্ব ট্রেন নিয়ন্ত্রণ ও সিগন্যালিং ব্যবস্থা উন্নয়ন করছে। এই প্রযুক্তির মাধ্যমে ট্রেনের গতি নিয়ন্ত্রণ, ট্রেনগুলোর মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং রেল চলাচলের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্য রয়েছে। প্রযুক্তিটি চীনের ‘সিটিসিএস’ ব্যবস্থার অনুরূপ, যা সাধারণ ও উচ্চগতির—দুই ধরনের ট্রেনেই ব্যবহৃত হয়।
ভারতের রেল মন্ত্রণালয়ের আগের এক বিবৃতি অনুযায়ী, মুম্বাই-আহমেদাবাদ হাইস্পিড রেল প্রকল্পের দৈর্ঘ্য ৫০৮ কিলোমিটার। এর রুট ভারতের মহারাষ্ট্র, গুজরাট এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির মধ্য দিয়ে যাবে। প্রকল্পে মোট ১২টি স্টেশন রাখা হয়েছে। এগুলো হলো—মুম্বাই, থানে, ভিরার, বোইসার, ভাপি, বিলিমোরা, সুরাট, ভরুচ, ভাদোদরা, আনন্দ, আহমেদাবাদ ও সাবরমতি।
নতুন উচ্চগতির ট্রেনের নকশা ও উৎপাদনের দায়িত্বে রয়েছে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) এবং ভারত আর্থ মুভার্স লিমিটেড (বিইএমএল)। এসব ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ২৮০ কিলোমিটার গতিতে চলার উপযোগী করে তৈরি করা হচ্ছে।
ভারতের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় দেশীয় প্রযুক্তিতে আরও দ্রুতগতির ট্রেন তৈরির পাশাপাশি উচ্চগতির রেল অবকাঠামো ও নিজস্ব নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।