এনডিটিভি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৩ পিএম
সংবাদ সম্মেলনে সিইসি জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেন রাহুল গান্ধী। ছবি: এনডিটিভি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
তিনি অভিযোগ করেছেন, ভারতে ‘ভোট চুরি’ হচ্ছে এবং বর্তমান সংসদ সদস্যরা চুরি করা ভোটের ওপর ভিত্তি করে পার্লামেন্টে বসে আইন তৈরি করছেন, যা সম্পূর্ণ অবৈধ।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের এই শীর্ষ নেতা এ অভিযোগ তোলেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভারতে ‘গণতন্ত্র ধ্বংস’ হতে দেখেও কংগ্রেস চুপ করে বসে থাকবে না।
ভোটার তালিকার নিবিড় বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে অন্য নির্বাচন কমিশনারদের আপত্তি সিইসি অগ্রাহ্য করছেন—এমন খবরের প্রেক্ষাপটে ক্ষোভ উগরে দেন রাহুল। তিনি দাবি করেন, ২০২৪ সালের লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচনে শতভাগ কারচুপি হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য উল্লেখ করে রাহুল বলেন, তারা দাবি করেছিলেন বিজেপি ৩০ বছর ক্ষমতায় থাকবে এবং ২০২৪-এর নির্বাচনে এনডিএ ৪০০-এর বেশি আসন পাবে। কিন্তু কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় ‘সরকারবিরোধী মনোভাব’ (অ্যান্টি-ইনকাম্বেন্সি) এড়িয়ে এভাবে নিশ্চিত হওয়া সম্ভব নয়।
উদাহরণ টেনে তিনি বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের যুদ্ধে বিজয়ের পর জনপ্রিয়তার শীর্ষে থাকা ইন্দিরা গান্ধীকেও এক-দুই বছরের মধ্যে তীব্র সরকারবিরোধী ক্ষোভের মুখে পড়তে হয়েছিল। আঞ্চলিক দলগুলোর ক্ষেত্রেও এমনটি ঘটে। কিন্তু নরেন্দ্র মোদি ও অমিত শাহদের বেলায় হরিয়ানা, মহারাষ্ট্র কিংবা উত্তর প্রদেশের মতো রাজ্যে ক্ষমতার পালাবদলের স্বাভাবিক ধারা হঠাৎ উধাও হয়ে গেছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই কংগ্রেস নিশ্চিত হয়েছে যে নেপথ্যে ‘ভোট চুরি’ হচ্ছে।
রাহুল বলেন, সংবিধানে ক্ষমতার উৎস হলো জনগণের ভোট, যা রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু ভোট ধ্বংস হলে সংবিধান ক্ষমতা হারায় এবং তার মাধ্যমে তৈরি আইন ও প্রতিষ্ঠানগুলোও অর্থহীন হয়ে পড়ে। এভাবে ‘ভোট চুরি’ থেকে শুরু হয়ে এখন ‘আইন ও প্রতিষ্ঠান চুরি’ চলছে।
সিইসি জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদত্যাগ করে ‘অ্যাপ্রুভার’ (দোষ স্বীকারকারী সাক্ষী) হওয়ার পরামর্শ দিয়ে রাহুল বলেন, “আপনি যা করেছেন তা দেশের বিরুদ্ধে অপরাধ এবং সংবিধানের ওপর আক্রমণ। গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ীদের শাস্তি পেতেই হবে।”
রাহুল গান্ধীর এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি। রাহুলের সংবাদ সম্মেলনকে ‘ফাঁকা আওয়াজ’ আখ্যা দিয়ে দলটির মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেন, গণতান্ত্রিক উপায়ে জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়ে রাহুল গান্ধী একজন ‘হতাশ নেতায়’ পরিণত হয়েছেন।
কংগ্রেসকে ‘গণতন্ত্রের চোর’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, ভারতের জনগণ গণতান্ত্রিকভাবেই গান্ধী-ভদ্র পরিবারকে বিরোধী দলের আসনে বসিয়ে দিয়েছে বলেই তারা এখন ভিত্তিহীন বিষোদ্গার করছেন।