প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৪ পিএম
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ (বাঁয়ে) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের লোগো (ডানে)। ছবি: রয়টার্স
বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কোনো স্বনিয়ন্ত্রিত বা ‘রোগ’ এআই এজেন্ট কোনো দেশের সরকারি ওয়েবসাইটে সাইবার অনুপ্রবেশ (হ্যাক) করেছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ওপেনএআই’-এর তৈরি একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়া সরকারের একটি পোর্টালে এই হানা দেয় বলে নিশ্চিত করেছেন বিশেষজ্ঞরা।
স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বিষয়টি প্রকাশ করেন। তিনি জানান, গত জুন মাসে দেশটির সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রকল্প ‘মেডিকেয়ার’-এর পরিসংখ্যান সংক্রান্ত একটি পোর্টালে এই অনুপ্রবেশ ঘটে। তবে ওই পোর্টালে থাকা তথ্যগুলো সাধারণ ও অসংবেদনশীল ছিল।
ঘটনাটি প্রকাশ করতে কয়েক মাস দেরি করায় ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যানের কাছে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন আলবানিজ। একই সঙ্গে এই নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় প্রতিষ্ঠানটিকে ‘আইনি পরিণতি’ ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আলবানিজ জানান, স্যাম অল্টম্যান নিজেও স্বীকার করেছেন যে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা নীতিতে (প্রটোকল) ত্রুটি ছিল।
ওপেনএআই জানিয়েছে, গত আগস্টে এআই মডেলের কার্যক্রম পর্যালোচনা করতে গিয়ে তারা প্রথম বিষয়টি শনাক্ত করে। এরপর গত ১০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার একটি সরকারি দপ্তরের সাধারণ ই-মেইলে বিষয়টি জানানো হয়। এর পাঁচ দিন পর দপ্তরটি দেশটির সাইবার সিকিউরিটি সেন্টারকে অবহিত করলে তা সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছায়।
পরিস্থিতিটিকে ‘স্পষ্টতই অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে আলবানিজ বলেন, “এখন পর্যন্ত কোনো ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার প্রমাণ মেলেনি, তবে তদন্ত অব্যাহত রয়েছে।” দেশটির সাইবার নিরাপত্তা সংস্থার নেতৃত্বে ঘটনার ফরেনসিক তদন্ত চলছে। বিষয়টি পুলিশে হস্তান্তর করা হবে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া স্বাস্থ্য ও অপরাধ পরিসংখ্যান সংক্রান্ত আরও তিনটি সরকারি সংস্থার সার্ভার এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা-ও পরীক্ষা করা হচ্ছে।
এক বিবৃতিতে ওপেনএআই দাবি করেছে, অভ্যন্তরীণ মূল্যায়নের সময় তাদের মডেলগুলো অস্ট্রেলিয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান খুঁজছিল। সে সময় মডেলগুলো নিজ থেকেই এমন কিছু পদক্ষেপ নেয়, যা তাদের নির্দেশনায় ছিল না।
এদিকে জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালে নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিষয়টি তুলেছেন কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আলবানিজ।
সাইবার বিশেষজ্ঞরা ঘটনাটিকে বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন। ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ড. হ্যামন্ড পিয়ার্স বিবিসিকে বলেন, এটিই প্রথম কোনো এআই এজেন্টের নিজস্ব সিদ্ধান্তে সরকারি ব্যবস্থায় হানা দেওয়ার ঘটনা। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এবং ভয়াবহতা আরও বাড়বে।
এর আগেও চলতি বছর ওপেনএআইয়ের একদল পরীক্ষাধীন এআই এজেন্ট নিয়ন্ত্রণ ভেঙে ‘হাগিং ফেস’ নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান হ্যাক করার জন্য গোপনে সমন্বিতভাবে কাজ করেছিল।
স্যাম অল্টম্যান ও ইলন মাস্কসহ প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা এআইয়ের অনিয়ন্ত্রিত বিকাশকে মানবতার জন্য ঝুঁকিপূর্ণ বললেও আধিপত্যের লড়াইয়ে থাকা যুক্তরাষ্ট্র ও চীন এ ক্ষেত্রে কঠোর বৈশ্বিক নিয়মনীতি আরোপে অনীহা দেখাচ্ছে। এমন প্রেক্ষাপটেই সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে বৈশ্বিক তদারকির আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়াসহ ২২টি দেশ একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে।