প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪০ এএম
ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংকে স্বাগত জানান ডোনাল্ড ট্রাম্প। ছবি: ভিডিও থেকে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার চীনের প্রেসিডেন্ট সি চিনপিংকে ওয়াশিংটনে স্বাগত জানিয়েছেন। তিন দিনের এ সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে দুই পরাশক্তির সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই তাদের বৈঠক হচ্ছে।
প্রায় তিন বছর পর যুক্তরাষ্ট্রে সির এ সফর থেকে বড় ধরনের কোনো অগ্রগতি প্রত্যাশিত ছিল না। তবে দুই দেশের মধ্যে চলমান ১১ মাসের বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সমঝোতা হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে দুই দেশ একটি চুক্তিতে পৌঁছেছে। সি যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প নিজে তাকে স্বাগত জানান। এতে সফরটির গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। এ বিষয়ে ওয়াশিংটনে চীনা দূতাবাস তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।
সিএ-স্প্যানের তথ্য অনুযায়ী, ১১ বছর পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট জয়েন্ট বেস অ্যান্ড্রুজে কোনো বিদেশি নেতাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানালেন। এর আগে ২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা পোপ ফ্রান্সিসকে সেখানে স্বাগত জানিয়েছিলেন।
চীনা দূতাবাসের প্রকাশিত এক লিখিত বিবৃতিতে সি বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্রের অংশীদার হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বী নয়।’ তবে বিবৃতিতে বাণিজ্য চুক্তির বিষয়ে কোনো উল্লেখ ছিল না।
বাণিজ্যে ইতিবাচক ইঙ্গিত
সীমিত পরিসরের হলেও একটি বাণিজ্য চুক্তি হলে বিশ্ববাজারে স্বস্তি ফিরতে পারে। ২০২৫ সালের শুল্কযুদ্ধের কারণে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে তিন অঙ্কের শুল্ক আরোপ হয়েছিল, যা বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি করে।
ফক্স নিউজের ‘স্পেশাল রিপোর্ট’ অনুষ্ঠানে বেসেন্ট জানান, বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ আগামী ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হবে। এর আগে এর মেয়াদ ১০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।
তবে দুই দেশের মধ্যে বড় ধরনের মতপার্থক্য এখনো রয়েছে। বিরল খনিজ ও কম্পিউটার চিপ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ, ইরানের সঙ্গে চীনের সম্পর্ক এবং তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন—এসব ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের অবস্থান ভিন্ন।
ট্রাম্পের জন্যও এ বৈঠকটি কঠিন সময়ে হচ্ছে। ইরানের সঙ্গে তার যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রে জনঅসন্তোষ তৈরি হয়েছে। অন্যদিকে অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ থাকলেও চীনের বাণিজ্যিক কার্যক্রম শক্তিশালী অবস্থানে রয়েছে। রিপাবলিকান দলের অনেকেই চীনকে যুক্তরাষ্ট্রের জন্য অস্তিত্বগত হুমকি মনে করেন এবং চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ যোগাযোগ নিয়ে তারা সতর্ক।
পরিকল্পনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, সি তাইওয়ানের বিষয়ে বেইজিংয়ের দাবি তুলে ধরতে পারেন। তবে ওয়াশিংটন এ বিষয়টি এড়িয়ে যেতে চাইবে। অন্যদিকে ট্রাম্প চীনের আপত্তি সত্ত্বেও প্রযুক্তি ও অন্যান্য পণ্যের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর রাখার অবস্থান বজায় রাখতে পারেন। ইরান যুদ্ধের অচলাবস্থা কাটাতে চীন ট্রাম্পকে সহযোগিতা করবে কি না, সেটিও এখনো স্পষ্ট নয়।
তারপরও বৃহস্পতিবারের বৈঠক থেকে নির্দিষ্ট কিছু খাতে শুল্ক কমানো, মাদক পাচার মোকাবিলায় সহযোগিতা এবং দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ বাড়ানোর মতো চুক্তি হতে পারে। চীনে আটক কয়েকজন মার্কিন নাগরিকসহ অন্যদের মুক্তির বিষয়টিও ট্রাম্প আলোচনায় তুলতে পারেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও দুই দেশ আরও আলোচনায় বসতে পারে। এআই প্রযুক্তিতে দুই দেশ তীব্র প্রতিযোগিতায় থাকলেও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিশ্লেষকদের মতে, দুই দেশের নেতারই সমঝোতার প্রয়োজনীয়তা নিয়ে ভিন্ন ধারণা রয়েছে। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাবেক হোয়াইট হাউস কর্মকর্তা এডগার্ড কাগান বলেন, ট্রাম্প বিশ্বাস করেন সময়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরও শক্তিশালী হবে। অন্যদিকে সি মনে করেন, যুক্তরাষ্ট্র দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং সময় চীনের পক্ষেই রয়েছে।